২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক বড় কথা

ঠিক কোথায় পরে বলব, আগে বলি একটা শহর আছে কোথাও। যারা থাকে তাদের খুব, খুব প্রিয় একটা শহর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> ধ্রুব এষ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 05:14 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

তারা ভালোবাসে তাদের শহরকে। কিন্তু আজব ব্যাপার হল কী, এই শহরে বিল্ডিং মাত্র তেরটা।

উঁচু উঁচু সব বিল্ডিং।

আকাশ ছাড়িয়ে গেছে তার একটা।

ধুর! এ কখনও হয় নাকি?

হয় না। কিন্তু হয়েছে। কেউ কি আর বানিয়ে বলছে?

তেরটা বিল্ডিংয়ের একটা কমলা রংয়ের, দুইটা নীল রংয়ের, তিনটা হলুদ রংয়ের, আর চারটা সবুজ রংয়ের।

হলুদ রংয়ের একটা বিল্ডিংয়ের ছাদে কয়েকটা বাচ্চা ছেলেমেয়ে আছে। তারাও রঙিন পোশাক-আশাক পরেছে। লাল নীল হলুদ সবুজ কমলা।

আকাশে তিনটা হলুদ মেঘ আছে।

একটা মেঘ দেখতে বেড়ালের মতো। একটা মেঘ দেখতে কুকুরের মতো। আর একটা মেঘ দেখতে ব্যাঙের ছাতার মতো।

নীল একটা বিল্ডিংয়ের জানালায় একটা লাইট পার্পল, মানে হালকা বেগুনি রংয়ের ফুলের টব আছে। টবে ছোট ছোট লাল রংয়ের ফুল।

সবুজ একটা বিল্ডিংয়ের ছাদে একটা কমলা ডিশ এন্টেনা আছে।

আর তিনটা মানুষ আকাশে উড়ছে।

দুজন বড় মানুষ আর একজন ছোট মানুষ।

ছোট মানুষটা রূপাই। আর বড় দুজনের একজন রূপাইয়ের মা, আর একজন রূপাইয়ের বাবা। রূপাইয়ের বাবার দাড়ি আছে। রূপাইয়ের মায়ের নাকে নাকফুল।

কিন্তু এই দুজন ছাড়া আর কেউ নেই নাকি রূপাইয়ের?

তা আছে না?

ধ্রুবমামা আছে, সৌরমামা আছে, তিনা, বাবুই, রঙ, নীড়, আজাদুকাকু আর আনজুখালামণি আছে।

তারা কোথায়?

কেন, ধ্রুবমামা এই যে কমলা বিল্ডিংটায়!

তিনা বাবুই রঙ নীড় তো একটা হলুদ বিল্ডিংয়ে।

সৌরমামা আর আজাদুকাকু- দুজন নীল দুইটা বিল্ডিংয়ে।

আনজুখালামণি সবুজ একটা বিল্ডিংয়ে।

তাদের দেখা যাচ্ছে না কেন তাহলে?

দেখা যাবে কেন?

তারা তো আছে বিল্ডিংয়ের ভেতরে।

ধ্রুবমামা ছবি আঁকছে, সৌরমামা গান করছে, তিনা বাবুই রঙ নীড় টিলো-এক্সপ্রেস খেলছে, আজাদুকাকু গল্পের বই পড়ছে আর আনজুখালামণি ফোনে কথা বলছে।

তাই নাকি?

তাই।

তা এতসব কাণ্ড কোন শহরে ঘটছে?

এমন আজব শহরটা কোথায়?

এখন বলি, কোথায়? এই যে আঁকা একটা ছবিতে!

আরে তাই তো!

কী-ই-ই-ই সুন্দর। এই ছবিটা কে আঁকল রে, হ্যাঁ?

কার আঁকা ছবি এটা?

আর কার, রূপাইয়ের!

রূপাই! রূপাই! রূপাইটা কে রে?

রূপাইটা হলেন রূপকথা। মৃন্ময়ী রূপকথা। মৃন্ময়ী রূপকথার বয়স এখন পাঁচ বছর।

এই বয়সেই নিজের মতো করে নিজের একটা শহর এঁকে ফেলা, কম বড় কথা নাকি?

মোটেও না। মানে মোটেও কম বড় কথা না।

তাহলে?

তাহলে আর কি,

অনেক-অনেক-অনেক

অ নে ক

বড় কথা!

নয় তো কী?