টুপুর যখন
বাগিয়ে ঘোড়া টুপুর যখন মেঘমুলুকে থামে আকাশ ভেঙে মুষলধারে হঠাৎ বিষ্টি নামে।
বাগিয়ে ঘোড়া টুপুর যখন মেঘমুলুকে থামে
আকাশ ভেঙে মুষলধারে হঠাৎ বিষ্টি নামে।
জলের তোড়ে ভাসিয়ে নিল খেলনাপাতি সব
চতুর্দিকে কানাকানি উঠল কলরব!
ফিরবে টুপুর মায়ের কাছে-- উঠল ঘোড়ার পিঠে
ধরল লাগাম শক্ত হাতে, তেলতেলে কালচিটে!
ঘোড়াটি তার ভীষণ তেজী যদিও একচোখা
টগবগাবগ যখন ছোটে, যায় না তারে রোখা!
কালো মেঘের মা তখুনি সামনে দাঁড়ায় রুখে,
টুপুর তুমি কোথায় যাবে আঁধার রাতের বুকে?
শুনবে না সে কোনো কথা, রাতেই মায়ের কোলে
ফিরতে হবে, তাই সে এখন ঘোড়ার পিঠে দোলে।
টুপুর সোনা আসছে ফিরে, বুঝল না মা কিছু;
ভাবল শুধু, টুপুর কেন ঘোড়ার পিছু পিছু!
মা তো ভয়ে কাঁপতে থাকে ঘোড়া যখন ছোটে,
ফিরলে ঘরে মায়ের দুচোখ উজল হয়ে ওঠে।
