২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ব

ওর নাম টুপুর। জন্ম লন্ডনে। সবে তিন বছর পেরিয়ে চারে পড়েছে। বাবা-মায়ের সঙ্গে থাকে লন্ডনে। ভাঙা ভাঙা বাংলায় সুন্দর কথা বলে। জন্মের পর এই প্রথম বাংলাদেশে মামাবাড়ি বেড়াতে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> বিমল গুহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 06:40 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

বাড়ি জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। যেন ব্রিটেনের রানি এসেছে বাংলাদেশে। ঘরদোর আগেই পরিষ্কার করা হয়েছে। ঘরে নতুন অতিথির জন্য এয়ারকুলার লাগানো হয়েছে। বাড়ির সাজসাজ ভাব যে কারও চোখে পড়বে।

বাড়িতে তার আগমনের অপেক্ষায় বেশি কৌত‚হলী ছিল মুমু। মুমু সবাইকে বলেছে, “ব্রিটেনের রানি আসবে। ঘরদোর শুধু পরিষ্কারই নয়, বাগানের টবে নতুন করে ফুলও ফোটানো হয়েছে।”

এই খবর গোপন থাকেনি আর। পৌঁছে গেছে যে যেখানে আছে সর্বত্র। মানে দেশে-বিদেশে সব জায়গায়। নানা প্রান্ত থেকে ফোন আসে-- টুপুর দেখতে কেমন হয়েছে, ইংরেজি ভাষায় কথা বললে কেমন শোনায়-- এসব নানা প্রশ্ন।

টুপুর বাংলায় কথা বলে শুনে অনেকে হতাশও হয়েছে।

এতে অবশ্য খুশি তার দাদা আর দিদা। টুপুর তো বাঙালি। আমাদের টুপুর আমাদেরই আছে, হারিয়ে যায়নি। নামটাও ভারি মিষ্টি। শুনলেই যেন বৃষ্টির আবেশে সারা শরীর ঠাণ্ডা হয়ে ওঠে। কানে বাজে বৃষ্টির শব্দ। কবির কথা মনে পড়ে যায়-- ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান’।

নদীতে বান না ডাকলেও সবার মনের নদীতে বান ডেকেছে কদিন থেকেই।

বাড়ির সবাই অপেক্ষ করে আছে টুপুরের কাছে বিলাতের গল্প শুনবে। টুপুর এখনও ছোট। গল্প বলার বয়স এখনও হয়নি, গল্প শোনার সময় এখন তার। তাকে চট্টগ্রাম থেকে দেখতে এসেছে অমি, অন্নি, কাব্য। ঢাকার উত্তরা থেকে এসেছে টুকুন আর বাবাই। সবার সঙ্গে আধো বাংলায় কথা বলতে বলতে খেলা জুড়ে দিয়েছে সে এরই মধ্যে। সে যে এত দূরে এসেছে, তার মনে এই বোধ নেই। তাই মাঝে মাঝে জন ও মেরির কথা বলে ওঠে। জন ও মেরি টুপুরের কেবল স্কুলের বন্ধুই না, থাকেও পাশের বাড়িতে।

টুপুরকে ঘিরে ঢাকার নতুন বন্ধুদের সময় ভালোই কাটছে। বন্ধুরা গোল হয়ে বসেছে ওর মুখে ইংরেজি শোনার জন্য। তাকে ঘিরে বসে টুকুন বলল, “হোয়াটস্ ইউর নেম?”

আধো বাংলায় টুপুর বলল, “আমার নাম টুপুর।”

“হাউ আর ইউ টুপুর?”

“ভানো।” টুপুর ভালো বলতে পারে না। বলে, ভানো।

“তুমি ইংরেজি জান না?”

“দানি। ইত্কুলে পড়ি।”

টুপুরের মায়ের ভাষা-- বাংলা। বাসায় সবাই বাংলায় কথা বলে। তাই বাংলা টুপুরের মাতৃভাষা।

টুপুরের জন্য আমরা গর্ববোধ করতে পারি, এ কথা বলে সবাই হাততালি দেয়। টুপুরও হাততালি দেয়, সবার সঙ্গে নিজেকে যুক্ত করে। এর মধ্যে ঘোর কেটে গেছে সবার; টুপুর ইংরেজিতে কথা বলে না, বাংলায় কথা বলে।

গল্প জমে উঠেছে তাদের। আসরে এসে যোগ দিয়েছে টুপুরের দাদাভাই। কাব্য জিজ্ঞাসা করে, “টুপুর, তোমার স্কুলের নাম কী?”

“পিরাটারি স্কুল।” সেন্ট পিটার প্রিপারেটরি স্কুলকে টুপুর এভাবেই বলে।

“স্কুলের দিদিমণির নাম কী?”

“নো দিমানি।”

“ও আচ্ছা। তোমার টিচারের নাম কী?”

“এনিজাবা।”

এলিজাবেথকে ও বলে এনিজাবা। সবাই হো হো করে হেসে ওঠে। বাবাই বলে, “তোমার কজন বন্ধু আছে?”

“চার-পাঁচজন।” ডান হাতের আঙুল গুণে গুণে দেখায় ও।

“কী নাম তাদের?”

“সালি, রুথ, ড্যান, জন, মেরি।”

তখন তার বন্ধুদের কথা মনে পড়ে যায়। মন খারাপ হয়ে যায়। এর মধ্যে টুপুর দাদুর কোলে উঠে বসে। বলে, “দাদু, গল্প বলো!”

“কী গল্প শুনবে?”

“ডোরা, টম এন্ড জেরি, পেপা পিগ!”

“তা তো তুমি জানো।”

“আমাদের গল্প বলি। আমাদের অনেক গল্প আছে-- একুশের গল্প, মুক্তিযুদ্ধের গল্প। আজকে  মুক্তিযুদ্ধের গল্প বলি।”

“মুত্তিতুদ্দ কী?”

“

এই দেশ হল মা, মায়ের মতন। যারা মাকে ভালোবাসে, তারা দেশকেও ভালোবাসে। এ দেশের স্বাধীনতার জন্য যে লড়াই, যে যুদ্ধ হয়েছে-- সেটা মুক্তিযুদ্ধ। যাঁরা লড়াই করেছে, তারা মুক্তিযোদ্ধা। তাঁরা আমাদের গর্ব। আর যাঁরা দেশের জন্য লড়াই করে জীবন দিয়েছে, তারা আমাদের বীর সন্তান, তারা শহিদ। আমরা তাঁদের সম্মান করি।”

“কী করে লড়াই হল?”

“আমাদের দেশের নাম ছিল পাকিস্তান। দুই ভাগ করা একটি দেশ। একদিকে পূর্ব পাকিস্তান, অন্যদিকে পশ্চিম পাকিস্তান। দেশ চালাত সেনাবাহিনী। পূর্ব পাকিস্তানে থাকতাম আমরা। আমাদের কিছু দিতে চাইত না পশ্চিম পাকিস্তানিরা।”

“তারপর!”

“আমাদের একজন বড় নেতা ছিলেন। আমরা তাঁকে আদর করে ডাকতাম বঙ্গবন্ধু। পুরো নাম-- শেখ মুজিবুর রহমান। তিনি জন্মেছিলেন সেই সময়ের ফরিদপুর জেলার গোপালগঞ্জে। গোপালগঞ্জ এখন জেলা হয়েছে। সেখানকার সন্তান তিনি। ছোটবেলা থেকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছেন। তিনি পশ্চিম পাকিস্তানিদের অন্যায় আচরণের বিপক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন। বাঙালিরা তাঁকে সমর্থন করল। তিনি হয়ে উঠলেন বাঙালির নেতা, প্রাণপ্রিয় নেতা।”

“তারপর!”

“

তিনি পশ্চিম পাকিস্তানিদের অন্যায়ের প্রতিবাদ করে ১৯৭১ সালের ছাব্বিশে মার্চ দেশের স্বাধীনতার ডাক দিলেন। বাঙালিরা তাঁর ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে এল। বঙ্গবন্ধুকে বন্দি করে পশ্চিম পাকিস্তানে নিয়ে গেল। সেখানে বঙ্গবন্ধুকে অনেক অত্যাচার করল। কিন্তু তিনি মাথা নত করলেন না।”

“তারপর!”

“বাঙালিদের কোনো আধুনিক অস্ত্র ছিল না। ছিল বুকভরা সাহস। এই সাহস নিয়ে লড়াই হল নয়মাস। এ দেশের সব মানুষ লড়াইয়ে অংশ নিলেন। ১৯৭১ সালের ষোলই ডিসেম্বর বাঙালিদের সাহসের কাছে পরাজিত হল পাকিস্তানি সৈন্যরা। কবি লিখেছেন--

“পৃথিবী অবাক, তাকিয়ে দেখেছে শুধু

আধুনিক যান যুদ্ধ-অস্ত্র নয়;

মরণজয়ের সাহসের কাছে যেন

পাকহানাদার বাহিনীর পরাজয়!”

“তারপর!”

“এভাবে পরাজিত হয়ে পাকিস্তানিরা এ দেশ ছেড়ে চলে গেল। আমরা পেলাম স্বাধীনতা। আর পূর্ব পাকিস্তানের নাম বদলে রাখা হল আমাদের প্রাণের নাম-- বাংলাদেশ।”

“আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। পৃথিবীর বুকে বীরের জাতি হিসাবে পরিচিত বাঙালি জাতি। পৃথিবীর চাপে বঙ্গবন্ধুও মুক্ত হয়ে দেশে ফিরলেন। আমরা বলি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যুদ্ধের গল্প তো সারাদিন, সারারাত বললেও শেষ হবে না, টুপুর! অনেক গল্প। কাল আবার শোনাব।”

“তুমি কি মুত্তিতুদ্দ করেছ?”

“হ্যাঁ, করেছি। সকল বাঙালি মুক্তিযুদ্ধ করেছে। যে যার অবস্থানে থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।”

গল্পে গল্পে সন্ধ্যা হয়ে এল। গল্প আর ফুরোয় না। শেষে দাদু বলল, “আজ তোমরা ঘরে যাও। কাল আবার শোনাব।”

যে যার ঘরে ফিরে গেল। টুপুরও ফিরে এল মায়ের কাছে। এক দৌড়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, “মা মা, উনেক গল্প থুনেচি, দাদুর কাছে।”

মা তাকে বুকে জড়িয়ে নেয়, আদর করে।

লেখক: কবি ও শিশুসাহিত্যিক