২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদয়ে রঙধনু

পাঁচ বছরের ছোট্ট অমৃতা মার কোল ঘেঁষে বসে প্রশ্ন করে বসল, “তুমি কী করে আমার আম্মু হলে? কী করে আমি তোমায় পছন্দ করলাম?”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

এনজে বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 07:24 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

বই : হৃদয়ে রঙধনু

লেখক : শারমিন আহমেদ

ধরন : ফ্যান্টাসি

ভাষা : বাংলা, ইংরেজি

প্রথম প্রকাশ : ডিসেম্বর ২০১৩

প্রকাশক : প্রতিভাস

পৃষ্ঠা : ৫৯

মূল্য : ২৫০.০০

তখন মা অমৃতাকে গল্পটি শোনালেন। গল্পটির শুরু অবশ্য আমাদের পৃথিবীতে নয়। অগনিত গ্রহ-নক্ষত্রশোভিত অসীম মহাশূন্যে ঘূর্ণায়মান একটি গ্রহে এই গল্পের শুরু। গ্রহের নাম আনন্দ। এই গ্রহে যারা বাস করে তারা সবাই অফুরন্ত আনন্দে দিন কাটায়। তারা মিথ্যা কথা বলে না, মিথ্যা পথে চলে না। আর তাই এই আনন্দ কখনও ফুরিয়ে যায় না; দুচোখ বেয়ে তাদের দুঃখের অশ্রু ঝরে না।

এই আনন্দ গ্রহ এবং বাকি সব গ্রহ-নক্ষত্রের একজন অধিপতি আছেন। কেউ তাকে ডাকে দয়াময়, কেউ ডাকে মঙ্গলময়, কেউ বা ডাকে বিশুদ্ধ জ্ঞানী। আর কেউ কেউ তাকে ডাকে অনন্ত জ্যোতি বলে। অনন্ত জ্যোতিকে দুচোখে দেখা যায় না। তাঁকে দেখতে হয় ভালোবাসায় গড়া হৃদয় দিয়ে। আর তার নির্দেশে কখনও কখনও আনন্দ গ্রহের অধিবাসীদের যেতে হয় পৃথিবীতে।

পৃথিবীতে তারা জন্ম নেয় দেহধারী প্রাণী হিসেবে। কেউ জন্মায় সুরেলা দোয়েল পাখি হয়ে, কেউ হয় ডোরাকাটা ভয়ংকর বাঘ, কেউ হয় লাজুক হরিণ, কেউ বা কাঠবেড়ালি, উদ্ধত বিষধর সাপ, উজ্জ্বল সোনালি মাছ, রাজকীয় সাদা রাজহাঁস, খেলুড়ে শুশুক অথবা দুপেয়ে মানুষ। অমৃতাও ছিল আনন্দ গ্রহে। অনন্ত জ্যোতির নির্দেশে অমৃতাকে পৃথিবীতে যেতে হবে, সময় আসন্ন। সে হবে দুপেয়ে মানুষ। এই আর কিছুকাল পরেই সূর্য যখন কন্যাতে প্রবেশ করবে, সবুজ শ্যামল গাছে লাল ও কমলা রংয়ের পরশ লাগবে, অমৃতা তখনই মাতৃগর্ভে প্রবেশ করবে।

তবে পৃথিবীতে যাওয়ার আগে অমৃতা পৃথিবী সম্পর্কে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করল। অনন্ত জ্যোতিকে জানাল, সে এমন একজন মা চায়, যে ভালো শিক্ষক হতে পারবে। সুতরাং সে নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে এল, ভালো শিক্ষক হতে পারবে এমন মা খুঁজে বের করতে।

অমৃতা প্রথমে মিষ্টি বাতাস হয়ে গেল মরুভ‚মির দেশে। পৌঁছে গেল এক অপরূপা সুন্দরীর শোবার ঘরে। মেয়েটির সমস্ত শরীর রুপোলি চাঁদের আলোতে গড়া। চোখ দুটি কালো মুক্তার মতো উজ্জ্বল। ঠোঁট দুটি যেন কমলালেবুর কোয়া। চুলগুলো ঘন মেঘের মতো বালিশে লুটোপুটি খাচ্ছে। ভাবল, এই মেয়ে তার মা হলে বড় ভালো হয়। মেয়েটিকে মা ভাবার সঙ্গে সঙ্গেই সে মনের সমস্ত শক্তিকে জড়ো করে ভবিষ্যৎকে কাছে টেনে আনল। ভবিষ্যত টেনে দেখল, মেয়েটি ভীষণ অহংকারী; তার রূপের অহংকার আর রূপের প্রতি ভালোবাসা-- দুই-ই অনেক বেশি। এমন মা তো ভালো শিক্ষক হতে পারে না।

অমৃতা এবার শক্সখচিল হয়ে সাগর পারের এক শহরে গেল। ঘোড়ার লেজের মতো করে বাঁধা বাদামি চুলের এক মা দেখল। দেখল, এই মায়ের ভালোবাসা বাঁধহীন, ধৈর্য্য নেই একটুকু। এরপর সে গেল সাত পাহাড়ের দেশ ভ‚মধ্যসাগরের তীরে। সেখানে পাঁচ বোন মিলে বড় করছে এক ভাইকে। এই বোনদের ভালোবাসাও বাঁধহীন, শাসনহীন। ফলে তাদের পক্ষেও ভালো শিক্ষক হওয়া সম্ভব নয়।

এবার অমৃতা বেড়াল বেশে আমবাগানের ধারে কামিনি গাছের ছায়ায় ছোট সুন্দর এক বাড়িতে গেল। সে বাড়ির মায়ের শরীর যেন বাদামি মাটিতে গড়া। চোখ দুটি রাতের বেলায় জ্বলা জোনাকির মতো উজ্জ্বল। কিন্তু এই মা খুব ভয়ের গল্প শোনায়। ভয়ের গল্প শুনিয়ে তার বছর তিনেকের দুরন্ত সন্তানটিকে দিনদিন ভীতু বানিয়ে দিচ্ছে।

এরপর অমৃতা গেল বাস, ট্রেন, মনোরেল ও গাড়ি চলা এক ব্যস্ত শহরে। সে শহরের এক বাসার সাত তলায় বাস করে এক মা। সে মা ভীষণ টিভি দেখে। বাচ্চাটির প্রতি তার কোনো খেয়ালই নেই। বাচ্চার প্রতি এত উদাসীন হলে মা ভালো শিক্ষক হবে কী করে?

এবার অমৃতা লাল ঝুঁটিওয়ালা বুলবুলির বেশে উড়ে গেল ঘন অরণ্যের দেশে। সেই দেশে এক বটগাছের পাশে লম্বা টানা এক বাড়িতে একহারা গড়নের এক তরুণী মা থাকে। সঙ্গে তার আট বছরের ছেলে। এই মায়ের ভালোবাসাও শাসনহীন। স্নেহের বশে ছেলের চুরির অভ্যাসও সে বন্ধ করতে পারে না।

পৃথিবীর সব মা যদি এমন হয়, তাহলে চলবে কী করে? অমৃতা তার ভালো-শিক্ষক-মা কী করে খুঁজে পাবে? ওর পৃথিবীতে যাওয়ার সময়ও যে হয়ে এল। সে সাত-পাঁচ ভাবতে ভাবতে অসীম মহাশূন্য পথে ফিরে যেতে থাকে আনন্দ গ্রহে।

শেষ পর্যন্ত কী অমৃতা ভালো-শিক্ষক-মাকে পাবে?

তার মা কি ভালো শিক্ষক হতে পারবে?

তা জানতে হলে, পড়তে হবে পাতায় পাতায় রঙিন ইলাস্ট্রেশন করা ‘হৃদয়ে রঙধনু’ বইটি।