২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতুল ভূত

রবিনের মনটা বেশ খারাপ। আজ প্রথম সাময়িক পরীক্ষার ফল বেরিয়েছে। ওর খারাপ হয়নি তেমন। তবে গণিতের ফলাফল হয়েছে যাচ্ছেতাই। মোটে পঞ্চাশ পেয়েছে। অথচ ও ভেবেছিলো আশি’র ওপরে পাবেই। এমনটা কেন হলো ভেবেই পাচ্ছে না ও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রানা জামান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 03:48 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

বাড়িতে গিয়ে গণিতের নম্বর বলার সঙ্গে সঙ্গে মা রেগে কাঁই হয়ে যাবেন। ভাবতেই ওর গা শিউরে উঠছে। ও বুঝতে পারছে, এবার বাবাও ওকে বাঁচাতে পারবেন না। কী করা যায় এখন? বাড়ি থেকে পালিয়ে যাবে নাকি? পালিয়ে কোথায় যাবে? বাড়িতে মা-বাবার শাসন থাকলেও, এমন আদর-যত্ন সুখ-সোহাগ অন্য কোথায় পাওয়া যাবে? বুঝতে পারে না রবিন। তবে এখুনি বাসায় যাওয়া যাবে না। এসব ভাবতে ভাবতে, কী মনে করে, ও এক পোড়োবাড়িতে ঢুকে পড়লো।

রবিন আসায় মনে হয়, নীরব নিথর পোড়োবাড়িটায় নিশ্চিন্তে বাস করা পাখিগুলোর শান্তি নষ্ট হলো। কিচির মিচির করে কয়েকটা পাখি পাখা ঝাপটে কোথায় যেন উড়ে গেলো। হঠাৎ পাখির পাখা ঝাপটানোর শব্দ শুনে, রবিন তো প্রথমে ভয়েই আঁতকে উঠলো। হৃদস্পন্দন গেলো বেড়ে। সে দ্রুত বাড়িটা থেকে বের হয়ে যেতে চাইলো। কিন্তু কী যে হলো, নিজের অজান্তেই ও পোড়োবাড়ির ভেতরের দিকে যেতে থাকলো।

ভাঙ্গাচোরা বারান্দায় বসে থেকে একটা বেড়াল জ্বলজ্বলে চোখে ওর দিকে তাকিয়ে আছে। একটা অদ্ভূত শীতল বাতাস গায়ে লাগতেই, কেন জানি ওর ভয় বাড়ার বদলে উল্টো কেটে যেতে থাকলো। ও বারান্দায় উঠে পায়ে পায়ে বেড়ালটার কাছে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ খুব আগ্রহ নিয়ে বেড়ালটাকে দেখলো। তারপর এগিয়ে গেল প্রথম ঘরটার দিকে।

ঘরটায় ঢুকে এদিক ওদিক তাকালো রবিন। ধূলোবালির স্তর আর দেয়ালজোড়া ঝুল ছাড়া কিছুই নেই। না না ভুল হলো, দেয়ালগুলোয় বড়ো বড়ো টিকটিকিও আছে।

রবিন সিঁড়ি বেয়ে দোতলায় এমনভাবে উঠে এলো, যেন এই বাড়ি ওর বহুদিনের চেনা। সে সরাসরি মাঝের ঘরটিতে ঢুকে পরলো। এই ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন; মনে হয় এইমাত্র কেউ ঝাড়ু দিয়ে গেছে। বিছানাটাও বেশ পরিষ্কার। রবিন সরাসরি বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। বিছানায় একটা পুতুল  শোয়ানো। একেবারে আনকোড়া। সে বিছানার পাশে বসলো, সামনের দিকে ঝুঁকে তাকালো পুতুলটির দিকে। আর ওমনি, পুতুলটা ওর দিকে তাকিয়ে একবার চোখ টিপলো!

রবিনের ভীষণ ভয় পেয়ে যাওয়ার কথা। কিন্তু আজকে সবকিছুই কেমন জানি অন্যরকম হচ্ছে। ও ভয় তো পেলই না, উল্টো পুতুলটাকে দুই হাতে তুলে ধরে জিজ্ঞেস করলো, কেমন আছো তুমি?
আর পুতুলটাও কথা বলে উঠলো, আমি ভালো আছি। তবে মনে হচ্ছে তুমি ভালো নেই, তাই না?
আমার ভালো থাকা নিয়ে তোমার কি কোনো চিন্তা আছে, যে আমি ভালো থাকবো! এমনভাবে বললো রবিন, যেন পুতুলটা ওর সুখ-দুঃখের বন্ধু!
বুঝতে পেরেছি আজ তোমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তেমন ভালো করোনি, না?
ঠিক তাই। ভেবেছিলাম আশি পাবো। অথচ পেলাম পঞ্চাশ।

সে তো খুব খারাপ কথা! তুমি যদি পঞ্চাশই পাও, তাহলে কীভাবে ভাবলে আশি পাবে? তোমার পরীক্ষা কি আসলেই ভালো হয়েছিল?
তা নাহলে আর বলছি কী!
তাহলে কেমন করে এটা হলো?
তা তো আমিও বুঝতে পারছি না! পরীক্ষা ভালো হলো, ভাবলাম ফলাফলও ভালো হবে। হলো উল্টো। গণিতে পেলাম মাত্র পঞ্চাশ। একথা আম্মু শুনলে যে বকুনি দিবে না!
তাহলে তোমার তো সাহায্য দরকার।
তুমি আমাকে সাহায্য করতে পারবে?

তা তো পারবো। কিন্তু তোমাকে কেন সাহায্য করবো, বলো তো?
তাও তো ঠিক। তুমি আমাকে কেন সাহায্য করবে?
আমি আবার সবাইকে সাহায্য করি না। তবে তোমাকে সাহায্য করা যায়। কারণ, তুমি ছেলেটা আসলে ভালো। ভালো ছেলেকে সাহায্য করতে আমার কোনো আপত্তি নেই। তবে একটা শর্ত আছে। এই অনুরোধ আমাকে আর করতে পারবে না, কেমন?
ছি, এমন কি প্রতিবার হবে নাকি!
ঠিক আছে। তুমি বাসায় চলে যাও। তোমার আম্মু তোমার জন্য অনেক চিন্তা করছে।
কিন্তু, পরীক্ষার ফল শুনলেই তো অনেক রাগ করবে।
করবে না। তুমি বরং তাড়াতাড়ি বাসায় যাও।

কী আর করা। রবিন পুতুলের কাছ থেকে বিদায় নিল। ও বাসায় যাবে। আম্মুর বকাও খাবে। আসলেও তো, আর তো কিছু করার নেই। বাসায় তো ওকে যেতেই হবে। চাইলেই কি আর আব্বু-আম্মুকে ছেড়ে থাকা যায়!

না, শেষ পর্যন্ত রবিন বাসায় যেতে পারলো না। দোতলার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ও হুমড়ি খেয়ে পড়ে গেল। তারপর... রবিনের আর কিছু মনে নেই; ও জ্ঞান হারিয়ে ফেললো।

হঠাৎ রবিনের খুব ঠাণ্ডা লাগলো। চোখ খুলে রবিন দেখলো, ওর আব্বু ওর মুখের সামনে ঝুঁকে রয়েছে। ওর চাচা ওর মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। ওকে চোখ খুলতে দেখেই, ওর আব্বু যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। আর ওর চাচা কপট রাগের ভঙ্গিতে বললেন, পরীক্ষার রেজাল্ট একটু ভালো হয়েছে, অমনি ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে বেড়িয়ে গেছেন! তাও আবার এই পোড়োবাড়িতে। যদি খুঁজে বের করতে না পারতাম!

রবিনের তো আক্কেল গুড়ুম! গণিতে পেল মাত্র পঞ্চাশ, আর বলছে কিনা ফলাফল ভালো হয়েছে!
চোখ কচলে জিজ্ঞেস করলো, আমার রেজাল্ট ভালো হয়েছে?
দেখো দেখো, তোমার ছেলে চোখ খুলেই আদিখ্যেতা শুরু করেছে।
ও তো কিছুই বুঝলো না। পরে পুতুলের কথা মনে পড়লো। খুশি মনে ও আব্বুর কাঁধে ভর দিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে বাসায় ফিরে গেল।

ব্যথাটা অবশ্য পরদিন সকালেই সেরে গেল। ভেবেছিল, তবু স্কুল কামাই করবে। কিন্তু তখুনি পুতুলের কথা মনে পড়লো। স্কুল তো কামাই করা যাবে না! ঠিক ঠিক স্কুলে গেল। আর স্কুলে গিয়ে শুনলো, আসলে ওর গণিতের নাম্বার লিখতেই ভুল হয়েছিল। রেজাল্ট কার্ডে নাম্বার তোলার সময়, আটের জায়গায় লিখে ফেলেছিল পাঁচ; গণিতে ওর আশি নাম্বার হয়ে গিয়েছিল পঞ্চাশ!