২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নানান আয়োজনে পালিত হলো 'মীনা দিবস ২০০৭'

মীনা আর মিঠুর কথা তো তোমাদের সবারই মনে আছে। আজ ছিলো মীনা নামের এই ছোট্ট মেয়েটির জন্মদিন। ১৯৯০ সাল থেকে 'মেয়ে শিশু দশক' হিসাবে সার্কভূক্ত সাতটি দেশ সম্মিলিত ঘোষণার পর ইউনিসেফের উদ্যোগে মীনা চরিত্রের জন্ম। আর মীনার জন্মদিন পালন করতে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয়েছিলো নানান মজার মজার অনুষ্ঠান। এবারের মীনা দিবসের প্রতিপাদ্য ছিলো 'হবে সুখ চিরন্তন/করলে শিশুর জন্ম-নিবন্ধন।'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মীনা আর মিঠুর কথা তো তোমাদের সবারই মনে আছে। আজ ছিলো মীনা নামের এই ছোট্ট মেয়েটির জন্মদিন। ১৯৯০ সাল থেকে 'মেয়ে শিশু দশক' হিসাবে সার্কভূক্ত সাতটি দেশ সম্মিলিত ঘোষণার পর ইউনিসেফের উদ্যোগে মীনা চরিত্রের জন্ম। আর মীনার জন্মদিন পালন করতে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয়েছিলো নানান মজার মজার অনুষ্ঠান। এবারের মীনা দিবসের প্রতিপাদ্য ছিলো 'হবে সুখ চিরন্তন/করলে শিশুর জন্ম-নিবন্ধন।' শাহবাগের পাবলিক লাইব্রেরিতে মীনা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান শুরু হয়েছিলো সেই সকাল থেকে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় শহরের কর্মজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্পের (২য় পর্যায়) উদ্যোগে আয়োজত এই অনুষ্ঠানে নানা জায়গা থেকে এসেছিলো প্রায় ৫০০জন কর্মজীবী শিশু কিশোর। প্রথম পর্বে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সুচনা হয়। প্রায় ৫০ জন শিশু কিশোর এতে অংশ নেয়। এরপর দ্বিতীয় পর্বে আগত অতিথিরা তাদের বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক জনাব মো: রফিকুজ্জামান। তৃতীয় পর্বে ছিলো মীনা কার্টুন প্রদর্শনী। সে প্রদর্শনী সবাই দেখেছে খুব মজা করে। এছাড়া শিশু কিশোরদের অংশগ্রহণে ইসলামী সংগীত, গল্পবলা, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি অনুষ্ঠানে জমজমাট হয়ে উঠেছিলো ছিলো অনুষ্ঠান প্রাঙ্গন। সবার স্বর্তস্ফুত অংশগ্রহণ বাড়িয়ে দিয়েছিলো অনুষ্ঠানের মাত্রা। প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানে আসা ভার্ডের শিক্ষক মো: ফজলুল হক জানান, "আমরা কর্মজীবী শিশুদের অধিকার আদায়ে তাদের সাহায্য করতে চাই। আমরা চাই তাদেরকে স্বাভাবিক পরিবেশ দিতে। এবং তাদের প্রতি বৈষম্যমুলক আচরণ বন্ধ করতে চাই। আর এ জন্য এ ধরনের অনুষ্ঠান খুবই দরকার। এতে এইসব কর্মজীবী শিশুরা খুব উৎসাহিত হয়।" অনুষ্ঠান প্রাঙ্গনে কথা হলো কর্মজীবী শিশু শিল্পী, মুজিবর, টুম্পা আক্তার এবং আরো অনেকের সঙ্গে। তারা সবাই জানালো এই অনুষ্ঠানে আসতে পেরে তাদের খুব ভালো লাগছে। তারা বারবার এই অনুষ্ঠানে আসতে চায়। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ১০ বছরের শিল্পী কাজ করে একটি কানের দুল তৈরির কারখানায়। সে জানালো, "আমি এখানে এসে অনেক কিছু শিখতে পারলাম। আমি আবারো এরকম অনুষ্ঠানে আসতে চাই।" তৃতীয় শ্রেনীর ছাত্র ১১ বছরের মুজিবর তার মামার দোকানে শার্টের কাজ শিখছে। সে জানালো, "আমি পড়ালেখা করতে চাই, না হলে সমাজে কেউ দাম দিতে চায় না। বড়ো হয়ে আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই।" সে আরো জানালো,"কাজের চেয়ে পড়ালেখা আমার বেশী ভালো লাগে। কিন্তু কাজকেও ভালোবাসা উচিত।" তৃতীয় শ্রেণীর ছাত্রী ১২ বছরের টুম্পা আক্তার শাড়ীতে ফুল তোলার কাজ করে। সে জানালো, "আমি এই প্রথম শাহবাগের জাদুঘরের পাশে এসেছি। আমার খুব আনন্দ লাগছে।" ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় মীনার কার্টুন প্রদর্শনী, নাচ, গান এবং নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে দিনটি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/১৯৪১ ঘ.