আগস্ট ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তোমরা অনেকেই হয়তবা প্রফেসর শঙ্কুর ভক্ত। কোন শঙ্কু বুঝতে পারলে না? সত্যজিৎ রায়ের শঙ্কু। যিনি নানা ধরনের উদ্ভট আবিষ্কার করে মানুষকে চমকে দিতেন। সেই শঙ্কু কিন্তু কাকের সঙ্গে যোগাযোগ করতে পারতেন। কাক যেমন তার কথা বুঝতো তেমনি নিজেও বুঝতে পারতেন কাকের কথা। গল্পের সেই প্রফেসরের কাহিনী এবার সত্যি হয়েছে। নেপালি এক তরুণ দাবি করছে সে কাকের ভাষা বুঝতে পারে।
থিমি শহরের মাখনপুরগাধি গ্রামের সেই তরুণের নাম গৌতম সাফকোতা। তার দাবি অনুযায়ি সে কাকের সঙ্গে কথা চালিয়ে যেতে পারে। কাককে সে যদি কাকের ভাষায় 'কাম' বলে তাহলে কাক সামনে এগিয়ে আসে আর 'গো' বললে চলে যায়।
শুধু তাই না , গিনেস বুক অফ রেকর্ডসে নাম উঠানোর জন্য সাফকোতা কাঠমান্ডু শহরে কাকদের সঙ্গে একটি মিটিং করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দরিদ্র কৃষক পরিবারের ছেলে সাফকোতা ছোটবেলা থেকেই পাখির প্রতি খুব অনুরক্ত ছিলো। সময় সুযোগ পেলেই সে চলে যেত বনে। সেখানে সে ঘন্টার পর ঘন্টা পাখি দেখে কাটাতো আর বোঝার চেষ্টা করতো কোন পাখি কীরকম আচরণ করে। তিন চার বছরের ভেতরই সে ১১৫ প্রজাতির পাখি আর ছয় প্রজাতির প্রাণীর ডাক নকল করে সবাইকে চমকে দিয়েছিলো।
তবে যতগুলো পাখির ডাক সে নকল করতে পারতো তার ভেতর কাকেরটা সবচেয়ে ভালো পারতো। শুধু তাই না, সেসব ডাকে কাকও সাড়া দিতো। এভাবেই সে আস্তে আস্তে তাদের ডাকের পার্থক্য করতে শেখে আর তাদের সঙ্গে কথোপকথন চালিয়ে যায়।
একবার সে কাকের ডাক নকল করে প্রায় ৫০০ কাককে এক জায়গায় জড়ো করে ফেলেছিলো। এবার তার ইচ্ছা কাঠমান্ডুর খোলা স্টেডিয়ামে এই তাজ্জব ব্যাপারখানা দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়া।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৮২২ ঘ.
bdnews24