আগস্ট ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ছাগলে কিনা খায় এই প্রবাদকে সত্য প্রমান করলো জার্মানের এক ছাগল। সুযোগ পেয়েই সে তার মালিকের দশ হাজার ইউরো চিবিয়ে খেয়ে ফেলছে।
অবশ্য ছাগল মালিকও ছাড়ার পাত্র নয়। ছাগলের চেয়ে তার টাকার মায়াই বেশী। সঙ্গে সঙ্গেই এক পশু চিকিৎসকের কাছে নিয়ে যায় সে তার ছাগলটাকে। অপারেশন করে উদ্ধার করে টাকা।
৩৪ বছর বয়স্ক মার্টিন র্যাডলবার্জার দীর্ঘদিন থেকেই পরিকল্পনা করছিলেন কৃষিকাজের জন্য একটি ট্রাক্টর কিনবেন। জোগাড়ও করলেন সেই পরিমান অর্থ। সেটা রেখে তিনি যেই একটু পাশের ঘরে গেছেন অমনি এসে দেখেন সেখানে আর ইউরোগুলো নেই। ছাগলটা মহা আনন্দে ইউরো খাচ্ছে।
র্যাডলবার্জার বলেন, "আমি বুঝতে পেরেছিলাম যে ইউরোগুলো সেখানে রাখা ঠিক হচ্ছে না। কিন্তু আমি খালি পাঁচ মিনিটের জন্য পাশের ঘরে গিয়েছিলাম একটা ফোন কল রিসিভ করতে। ফোন শেষ করে এসে দেখি ইউরোর শেষ নোটটি ছাগলের মুখে।"
সঙ্গে সঙ্গেই তিনি একজন পশু চিকিৎসককে ডেকে নিয়ে আসেন এবং অপারেশনের ব্যবস্থা করেন।
তিনি আরো বলেন ,"আমি এখন আমার সকল অর্থ ফেরত পেয়েছি। সেই সঙ্গে আমার ছাগলটারও একটা উপযুক্ত শিক্ষা হয়েছে। যদিও অপারেশন বাবদ পশু চিকিৎসককে কড়কড়ে তিনটি ১০০ ইউরোর নোট দিতে হয়েছে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৭৪৫ ঘ.
bdnews24