আগস্ট ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রতিদিন যদি একই খাবার খেতে দেওয়া হয় তাহলে কেমন লাগবে তোমার? কয়েকদিন পরেই তো সে খাবারটার প্রতি অরুচি চলে আসার কথা, তাই না? কিন্তু না, সাসেক্সের এক বৃদ্ধ দম্পতি গত ১৭ বছর ধরে একই খাবার খেয়ে আসছেন।
লি এবং ম্যারি হামফ্রে নামের এই দুজনেরই বয়স ৮৪। ডেইলি মিরর পত্রিকা জানিয়েছে, প্রতিদিন ঘড়ি ধরে সকাল ১১টায় তারা ম্যাগডোনাল্ডে যায় এবং একই টেবিলে বসে একই খাবার অর্ডার দেয়।
এমনকি প্রতিদিন খেতে আসতে যাতে অসুবিধা না হয় সেজন্য তারা তাদের বাড়ি বদলিয়ে ম্যাগডোনাল্ডের পাশে আবাস গেড়েছে। এতে তারা হেঁটেই সেখানে আসতে পারে।
ম্যারি জানায়, "এখানকার সব কর্মচারী আমাদের চেনে। তাদের কিছু বলতে হয় না, আমরা আসার আগেই তারা আমাদের জন্য খাবার তৈরি করে রাখে। আমরা প্রতিদিন চিপসযুক্ত একটি ডাবল হ্যামবার্গার অর্ডার দেই। সঙ্গে লি এক কাপ কফি নেয় এবং আমি তাকে আমার বার্গার থেকে অর্ধেক ধার দেই।"
তবে অন্য খাবার যে তারা খাওয়ার চেষ্টা করেননি তা নয়। মাঝখানে একদিন স্যান্ডউইচ অর্ডার দিয়ে আর খেতে পারেননি।
বর্তমান মুদ্রামান অনুযায়ী তারা এ পর্যন্ত বিশ হাজার পাউন্ডের বার্গার খেয়েছেন।
ম্যাগডোনাল্ডের ওই শাখার ম্যানেজার সারাহ রাইট জানান, "ম্যারি এবং লি আমাদের সবচেয়ে ভালো খদ্দের। কোন একদিন যদি তারা একটু দেরী করে তাহলে আমরা চিন্তিত হয়ে যাই।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/২০৫৫ ঘ.
bdnews24