আগস্ট ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তুমি প্রতিদিন যে খেলনাগুলো নিয়ে খেলো সেগুলো কি তোমার জন্য নিরাপদ? খেলনাগুলোর বিষাক্ত উপাদান তোমার ক্ষতি করছে কিনা সেটা নিয়ে কি কখনো ভেবেছ? না ভাবলে আজ থেকেই একটু সতর্ক হও।
খেলনা তৈরি হয় নানান উপাদান দিয়ে। কোনটা কাঠ দিয়ে কোনটা প্লাস্টিক দিয়ে আবার কোনটা বা ধাতব উপাদান দিয়ে। অন্য উপাদানে তেমন কোন ঝামেলা নেই, কিন্তু তোমার প্রিয় খেলনাটিতে যদি সীসার আস্তরন থাকে তাহলে সেটা কিন্তু ইতিমধ্যেই অনেক ক্ষতি করে ফেলেছে তোমার। আজই সেটাকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখো।
মানব শরীরের জন্য সীসা খুবই ক্ষতিকর একটি উপাদান। এটা তোমার শরীরের সংস্পর্শে এলে নানা ধরনের ক্ষতি করতে পারে তোমার। এবং সেটা প্রভাব ফেলবে তোমার ভবিষ্যত জীবনের উপর।
এইতো কয়েকদিন আগে চীনে তৈরি দেড় মিলিয়ন খেলনা গাড়িসহ প্রায় নয় মিলিয়ন খেলনা বাতিল করা হয়েছে। কারন ওই একটাই, সবগুলো খেলনাতেই পাওয়া গিয়েছিলো সীসার আস্তরন।
তোমরা যে খেলনা খেলো তার একটা বড় অংশই উৎপাদিত হয় চীনে। নিরাপত্তার জন্য যদি তুমি চীনের তৈরী খেলনা না কিনতে চাও সেটা কোন সঠিক সমাধান হবে না। বরং খেলনা বাছাইয়ে শুধু খেলনার সৌন্দর্যে মোহিত হলেই চলবে না, খেলনাটি কি দিয়ে তৈরি সেটার দিকেও খেয়াল রাখতে হবে।
কোন খেলনা কি দিয়ে তৈরি তা বুঝবে কীভাবে সেটাও একটা প্রশ্ন। সারা পৃথিবীর খেলনা তৈরির দিকে নজর রাখছে কনজ্যুমার প্রডাক্ট সেফটি কমিশন নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি কোনো খেলনা বাজারে আসার সঙ্গে সঙ্গেই নানান পরীক্ষা করে সেটি তোমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা তা বলে দেয়। তাদের ওয়েবসাইটে গিয়ে নাম নিবন্ধন করলে তারা তোমাকে ইমেইলের মাধ্যমে সতর্ক করে দেবে।
এতক্ষণ তো বললাম খেলনার উপাদান নিয়ে। খেলনার আকারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। বেশীরভাগ সময়ই একদম ছোট বাচ্চারা তাদের খেলনা মুখে পুরে ফেলে। তাই তিন বছর বয়সী কোনো বাচ্চার হাতেই ছোট এবং ভঙ্গুর খেলনা দেওয়া উচিত নয়।
আর কোন খেলনা দিয়ে খেলতে খেলতে যদি বুঝতে পারো (মানে তোমরা যারা একটু জ্ঞানী আর কি!) যে খেলনাটিতে সীসা আছে তাহলে সঙ্গে সঙ্গে বড়দের জানাও। খেনাটিকে কাপড় দিয়ে পেচিয়ে মাটিতে পুতে রাখ যাতে ভবিষ্যতে এটা আর কারো সংস্পর্শে না আসতে পারে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৮১১ ঘ.
bdnews24