২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি হও, 'জাঙ্গল বয়' মুগলি আসছে

মুগলির কথা খেয়াল আছে? ওই যে জঙ্গলের সেই ছেলেটি! বাঘ, ভাল্লুক, বানরসহ বনের অন্যান্য প্রাণী যার বন্ধু। রাডইয়ার্ড কিপলিং এর 'জাঙ্গল বুক' বইয়ে এভাবেই চিত্রায়িত হয়েছে মুগলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 04:22 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

আগস্ট ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মুগলির কথা খেয়াল আছে? ওই যে জঙ্গলের সেই ছেলেটি! বাঘ, ভাল্লুক, বানরসহ বনের অন্যান্য প্রাণী যার বন্ধু। রাডইয়ার্ড কিপলিং এর 'জাঙ্গল বুক' বইয়ে এভাবেই চিত্রায়িত হয়েছে মুগলি। মুগলি নিয়ে অ্যানিমেশন মুভি তৈরি হলেও এবার তোমরা মুগলিকে দেখতে পাবে লাইভ অ্যাকশন ফিল্মে। অর্থাৎ আমরা যেমন জীবন্ত মানুষের অভিনয় করা চলচ্চিত্র দেখি আরকি। আর এর শ্যুটিং হবে ভারতের রানথামবোর টাইগার রিজার্ভ বনে। মুভিটি তৈরির জন্য বাজেট ধরা হয়েছে পঞ্চাশ মিলিয়ন ডলার। রিচার্ড কুর্টি এবং বেভ ডয়েলের চিত্রনাট্যে পরিচালনা করবেন বিবিসির ইতিহাস ও পরিবেশ বিষয়ক চলচ্চিত্র নির্মাতা জন ডোনার। শ্যুটিং বিষয়ে ডোনার জানিয়েছেন, এই মুভিটিতে তিনি জঙ্গলের সেট তৈরি করে প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন প্রাণী ব্যবহার করবেন। তারপর সেগুলোকে আসল জঙ্গলের সঙ্গে মিলিয়ে দেবেন। শ্যুটিং শুরু হবে আসছে সেপ্টেম্বর মাসে। পুরো কাজ শেষ হতে দুই বছরের মতো সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, "মুভির পুরোটা জুড়েই থাকবে অ্যাডভেঞ্চার আর মজার মজার সব ঘটনা। এসবের ভেতর দিয়েই আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে এই প্রকৃতিই আমাদের লালন করছে এবং একে রক্ষা করাও আমাদের দায়িত্ব।" মুগলিকে নিয়ে ডিজনি প্রথম কার্টুন তৈরি করেছিলো ১৯৬৭ সালে। তখন থেকেই সেটা সবার মাঝে ব্যাপক জনপ্রিয়। এবার জীবন্ত এই চলচ্চিত্রটি দেখতে অপেক্ষা করতে হবে ২০০৯ সাল পর্যন্ত। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/ ঘ.