জুলাই ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)- লেখা লেখিই যাদের পেশা তাদের কাছে অবসর বলে কিছু নেই। সবসময়ই তারা কিছু না কিছু লিখছেন, না হয় নতুন কোন গল্পের প্লট খুজছেন। জনপ্রিয় লেখিকা জেকে রাউলিং তার পটার সিরিজের সর্বশেষ বই প্রকাশের পরদিন আবার ফিরে গেছেন তার লেখালেখির জগতে। খবর বিভিন্ন ওয়েবসাইটের।
ইউএসএ টুডে পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাউলিং বলেন, পটার সিরিজ শেষ হলেও তিনি তার লেখালেখি থামাচ্ছেন না। কোন একটি চরিত্র থেমে যেতে পারে কিন্তু কলম থামতে পারে না।
তিনি বলেন, "এই মুহূর্তে আমি দুটি বিষয় নিয়ে লিখছি। একটি বাচ্চাদের জন্য হলেও অন্যটি বড়দের জন্য।"
৪১ বছর বয়স্ক রাউলিং আশা করছেন একসাথে দুইটি বই লেখার ভাবনা নিয়ে এগুলেও সম্ভবত তিনি একটি বই নিয়েই এগুবেন। নব্বই এর দশকেও তিনি এরকম দুইটি ভাবনা নিয়ে কাজ শুরু করলেও শেষ পর্যন্ত পটার লেখার প্রতিই মনোযোগী হয়ে উঠেছিলেন। এটাই তার লেখার ধরন।
এখন দেখা যাক কবে তিনি তার নতুন বই প্রকাশের ঘোষণা দেন।
রাউলিং এর সর্বশেষ বই 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ' প্রকাশিত হওয়ার প্রথম দিনেই বিক্রি হয়েছে ১১ মিলিয়ন কপি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/ ১৪৫২ ঘ.
bdnews24