ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হ্যারি পটারের 'ডেথলি হ্যালোজের' রহস্যের ঢাকনা খুলে গেছে ইতিমধ্যেই। বাংলাদেশের পটার ভক্ত যারা বইটি পেয়েছে তাদের এখন পোয়াবারো। আর যারা বইটি যোগাড় করতে পারেননি তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। হ্যারি পটার সিরিজের সপ্তম এবং শেষ পর্বের বইয়ের জন্য আবারো অগ্রিম বুকিং নেয়া হচ্ছে। যারা বইটি যোগাড় করতে পারেননি তাদের এ সুখবর শুনিয়েছে বাংলাদেশে হ্যারি পটারের বইয়ের পরিবেশক ওয়ার্ডস এন্ড পেইজেস এবং এটসেটরা।
বই বুকিং দেয়ার ক্ষেত্রে আগের নিয়মই অনুসরণ করা হয়েছে। এটসেটরায় ছয়শত টাকা এবং ওয়ার্ডস এন্ড পেইজেসে পাঁচশ টাকা অগ্রীম দিয়ে বুকিং দিতে হবে।
গুলশানের ওয়ার্ডস এন্ড পেইজেসের হেড অব অপারেসন্স জিয়াউল হক খালেদ জানান, "পটার ভক্তদের কথা মাথায় রেখে আমরা আবার বই বুকিং নেয়ার ব্যবস্থা করেছি। আমাদের পটার ভক্তরা যাতে বইটি রসাস্বাদন থেকে বঞ্চিত না হন। ইতিমধ্যে দ্বিতীয় পর্যায়ে শতকরা ষাটভাগ বই বুকিং হয়ে গেছে। বুকিং দেয়ার একদিন পরেই বই পাওয়া যাবে।"
ধানমণ্ডির এটসেটরা সুত্রে জানা যায়, জুলাই ২২ তারিখ রোববার বেলা ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত বুকিং চলবে। সোমবারে বুকিং করা বই বিতরন করা হবে। বুকিং ছাড়াও স্টক থাকা সাপেক্ষে এই দুটি প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করা যাবে।
বইয়ের দাম আগের মতোই ১৫৪৫ টাকা ধরা হয়েছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/১৮৪০ ঘ.
bdnews24