জুলাই ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)- সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সারা পৃথিবীতে এক যোগে প্রকাশিত হলো পটার সিরিজের সপ্তম এবং সর্বশেষ বই 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ'। পটার ভক্তদের সবাই এখন ব্যস্ত জাদুকর বালকের ভাগ্যে কি ঘটলো তা জানতে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, টোকিও, তাইওয়ান, অস্ট্রেলিয়াসহ সব জায়গায় শুক্রবার রাত গ্রিনিচ মান সময় ২৩০১ ঘন্টায় খুচরা বিক্রেতারা বই তুলে দিতে শুরু করে পটার ভক্তদের হাতে। বই কেনার জন্য যে লাইনের শুরু হয়েছিলো কয়েকদিন আগে থেকেই তা এখন কমে না গিয়ে বাড়ছেতো বাড়ছেই। বই হাতে পেয়েও হাসি নেই পটার ভক্তদের মুখে। তাদের প্রিয় জাদুকরের কি হলো সেটা না জেনে কি আর হাসি আসে মুখে।
শুধু যে কিশোর ভক্তরাই লাইন দিয়েছেন তাই না। নিউইয়র্কের বইয়ের দোকানগুলোর সামনে বড়দেরও লম্বা লাইন। সবারই এক টেনশন, বেঁচে আছে তো পটার? লাইনের পেছনে দাড়ানো ২৬ বছরের সমাজ কর্মী জুলিয়ার একটাই চাওয়া, শয়তান জাদুকর ভল্ডেমর্ট যেন বেঁচে না থাকে। খারাপ লোকদের বেঁচে থাকার কোন অধিকার নেই।
বইয়ের দোকানগুলোর সামনে পটার ভক্তরা মেতে উঠেছে নানান আলোচনায়। কেউবা জানাচ্ছে বইটা না পড়া পর্যন্ত সে ঘুমাতে যাবে না, কেউবা তার বন্ধুর সঙ্গে বাজি ধরছে এই বলে, ' ১০ ডলারের বাজি, পটার মরতেই পারে না।'
বাঁচুক কিংবা মরুক- পটার আর আসছে না। দশ বছর আগে হগওয়ার্টের জাদু ইস্কুলের ছাত্র কিশোর পটারের ভেল্কিবাজীতে মোহগ্রস্থ হয়ে পড়েছিল একটি গোটা প্রজন্ম। কিশোর পটারের সঙ্গে অন্ধকারের জাদুকর লর্ড ভল্ডামার্টের লড়াই। এক 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন' (সরসারার্স স্টোন নামে প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রে) দিয়ে মাত করে দিয়েছিলেন রাউলিং। সময়ে তাতে বুঁদ হয়েছে বড়রাও। পিটার প্যানের পর আরেকটি ঘরের ছেলে, 'তোমার আমার মতোই' ধরণের নায়ক পেয়েছিল ছোটরা। পটার আর তার বন্ধুদের সঙ্গে জাদু দুনিয়ায় ঘুরে আসা, সে ঘোরে দীর্ঘ মোহাচ্ছন্নতা -- এই মজা আর মিলবে না।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/ ১২১০ ঘ.
bdnews24