ঢাকা, ২০ জুলাই (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম ) -- "২০০১ সালের ঘটনা। জার্মানির ফ্রাঙ্কফুট বইমেলা প্রাঙ্গনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম আমরা এশিয়ার কয়েকজন প্রকাশক। আড্ডার ফাঁকে থাইল্যান্ডের এক প্রকাশক জানালেন, থাই ভাষায় অনুবাদ করা হ্যারি পটার হট কেকের মতো বিকাচ্ছে। কথাটা শোনার পর থেকেই মাথায় ঘুরপাক খেতে থাকে কিভাবে বাংলা ভাষায় হ্যারি পটার প্রকাশ করা যায়।" জানালেন মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি অঙ্কুর প্রকাশনীর কর্ণধার।
এরপর মেসবাহ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হ্যারি পটারের লেখক জেকে রাউলিং এর 'লিটারেরী' এজেন্টের সঙ্গে যোগাযোগ করে বাংলা ভাষায় পটার সিরিজের গ্রন্থসত্ত্ব কিনে নেন। সে সময়ই প্রচ্ছদের ব্যাপারে চুক্তি হয় ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে। এজেন্টের সঙ্গে তার প্রাথমিক চুক্তিটি হয় তিন হাজার পাউন্ডের।
অঙ্কুর প্রকাশনীই দক্ষিন এশিয়ায় প্রথম বাংলায় হ্যারি পটার অনুবাদের জন্য স্বত্ব নিয়ে আসে। এরপর পাকিস্তানে উর্দু এবং ভারতে হিন্দি ভাষা অনুবাদ স্বত্ব পায়।
অঙ্কুর প্রকাশনী বাংলা ভাষায় এ পর্যন্ত হ্যারি পটার সিরিজের বই বের করেছে ৫টি। প্রতিটি বইয়ের দাম চারশত টাকা। সিরিজের ষষ্ঠ বই হ্যারি পটার অ্যান্ড দি হাফ ব্লাড প্রিন্স আসবে জানুয়ারি মাস নাগাদ। আর সপ্তম বই ডেথলি হ্যালোজ আসবে তারও পরের বছরের জানুয়ারি মাসে।
মেসবাহ অভিযোগ করে বলেন, "অনুবাদ হয়ে বই বাজারে আসার সঙ্গে সঙ্গেই নকল বইয়ে বাজার ছেয়ে যায়। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে এসব কার্যক্রম পরিচালনা করে। এ জন্য আমরা আর্থিকভাবে খুব একটা লাভবান হইনি। অথচ থাইল্যান্ড বা ভারতের প্রকাশকরা আর্থিকভাবে যথেষ্ঠ লাভবান হযেছে।"
বাংলায় হ্যারি পটার প্রকাশে অনিয়মের ব্যাপারে তিনি আরও বলেন, "একবার কলকাতার নন্দিতা পাবলিশার্স ও সাহিত্য তীর্থ নামে দুটি প্রকাশনী সংস্থা বিনা অনুমতিতে হ্যারি পটার বাংলা ভাষায় প্রকাশের জন্য আদালতে দোষী সাব্যস্ত হন। পরে তার জন্য ক্ষমা প্রার্থনা, মজুদ বইয়ের কপি নষ্ট, মুদ্রণের প্লেট ও ফিল্ম জেকে রাউলিং এর আইনজীবির কাছে হস্তান্তর করে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্ষমা প্রার্থনা করেন। অথচ আমরা বাংলাদেশে এ ধরণের আইনি সহায়তা পাচ্ছি না।"
ইংরেজী ছাড়া অন্য ভাষায় যারা হ্যারি পটার সিরিজের প্রকাশ করেন তাদের একটি আন্তর্জাতিক সংগঠন রয়েছে। রাউলিং এর এজেন্ট তাদের যে কোন ধরণের আইনি সহায়তা দিয়ে থাকেন।
অঙ্কুর প্রকাশনী বাংলাদেশের পটার ভক্তদের নিয়ে 'হ্যারি পটার পাঠক ফোরাম' নামে একটি ফোরাম গঠন করেছে। সেটার সদস্য সংখ্যাও নেহায়েত কম না, প্রায় দুইশত জন। এদের নিয়ে প্রায়ই আয়োজন করা হয় হ্যারি পটার কুইজ, বই পড়া প্রতিযোগিতা ও পটার বিষয়ে নানান অনুষ্ঠান।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/২২৩০ ঘ.
bdnews24