জুলাই ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বছর খানেক আগে জেকে রাউলিংয়ের দেওয়া ঘোষণাটাই কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েছিলো তাবৎ পটারভক্তদের। হ্যারি পটারের সিরিজই শুধু শেষ নয়, তিনি মারতে যাচ্ছেন কমপক্ষে দুটো চরিত্রকে। ক্ষমা পাবে একজন। এবার সেই ঘোষণার বাস্তবায়ন হতে যাচ্ছে। বেঁচে থাকবে তো হ্যারি পটার? কোটি ডলারের প্রশ্নটার উত্তর খুঁজছে কোটি কোটি পটারভক্ত।
সব উত্তর মিলবে শনিবার। শুক্রবার ঘড়ির কাঁটা মাঝরাত ছুঁলেই (গ্রিনিচ মান সময় ২৩০১ ঘন্টা) বিশ্বব্যাপী বইয়ের দোকানগুলোয় হামলে পড়বে পটার-ভক্তরা। সেদিনই বেরুবে 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হেলোজ'- সিরিজের সপ্তম এবং শেষ বই। জানা যাবে বাকি প্রশ্নগুলোর জবাবও।
ষষ্ঠ বই 'হ্যারি পটার অ্যান্ড দি হাফ ব্লাড প্রিন্স' জন্ম দিয়েছিল এসব প্রশ্নের। হরক্রাক্স কি এবং বাকিগুলো কোথায়? ডেথলি হ্যালোজ কি? রহস্যময় র্যাব কে? সেভেরাস স্নেপ আসলে কার অনুগত? কিংবা রন আর হারমেইন কি আবার একাট্টা হবে? পটার ভক্তরা এখন দুইভাগে বিভক্ত। অনলাইন জরিপ বলছে অর্ধেক বিশ্বাস করে যেভাবে হোক বেঁচে যাবে তাদের প্রিয় কিশোর জাদুকর।
আগ বাড়িয়ে যাতে কেউ বইটির কাহিনী জানতে না পারে সেজন্য সকল ব্যবস্থাই করেছিলো বইটির প্রকাশনা সংস্থা ব্লুমসবারি। কিন্তু বাংলায় যাকে বলে সাড়ে সর্ব্বোনাশ, তাই হয়েছে। প্রায়ান্ধকার ঘরে বই ছাপানো, কুকুর দিয়ে বইঘর পাহারা দেওয়া, স্যাটেলাইট ট্র্যাকিং এর মাধ্যমে বইবাহী লরির ওপর চোখ রাখা...২০ মিলিয়ন ডলারের নিরাপত্তা ব্যবস্থা--- সবই ভেস্তে গেছে। কে বা কারা হ্যারি পটার সিরিজের শেষ বই 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ' নির্দিষ্ট দিনের আগেই অনলাইনে ছেড়ে দিয়েছে। বুধবার বইটির মার্কিন প্রকাশক স্কলাস্টিক স্বীকার করেছে বিষয়টি।
এই ফাঁসের খবরটা প্রথম জানা যায় ক্যানাডিয়ান ওয়েস্ট নিউজ সার্ভিসের এক রিপোর্টে। সেখানে বলা হয়, ভাঙ্কুভার থেকে বায়রন নামের ৩৩ বছর বয়স্ক এক ভদ্রলোক জানিয়েছেন, তিনি "... ডেথলি হ্যালোজ" এর ষাট শতাংশ নেট থেকে ডাউনলোড করতে পেরেছেন। ওই ভদ্রলোক আবিষ্কার করেছেন যে এর আগে কেউ একজন ৭৯৪ পৃষ্ঠার বইটির ৪৯৫ পৃষ্ঠা নেটে ছেড়ে দিয়েছে।
ঘটনায় মর্মাহত লেখক জেকে রাউলিং ভক্তদের কাছে আবেদন জানিয়ে বলেছেন, "অনলাইনের এই তথ্যে বিভ্রান্ত হবেন না।"
রোলিং তার ওয়েবসাইট জেকে রাউলিংডটকমে িি(.িলশৎড়ষিরহম.পড়স) ভক্তদের উদ্দেশ্য করে বলেন, " যারা নিজেদের পটার ভক্ত বলে দাবি করো তাদের কাছে আমার অনুরোধ, যারা বইটি পড়তে প্রকাশের দিনটির জন্য উন্মুখ হয়ে আছে তাদের কাছে হ্যারি পটারের কাহিনীর গোপনীয়তা বজায় রেখো।... খুব অল্প সময়ের মধ্যেই তোমরা সব জানতে পারবে।"
শুধু তাই না, মঙ্গলবার নিউইয়র্ক টাইমস এবং বাল্টিমোর সান বইটির একটি রিভিউ ছেপেছে। সেটা দেখে পত্রিকা দুটির ওপরও মহা খাপ্পা হয়েছেন রাউলিং।
বাংলাদেশেও নির্দিষ্ট পাঠকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গুলশান বা ধানমন্ডির এটসেটরা ও ওয়ার্ডস অ্যান্ড পেইজেসে গেলেই টের পাবেন যে কেউ। বাংলাদেশে বইটি পরিবেশনের অধিকার পেয়েছে এই দুটি প্রতিষ্ঠান। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ২১ জুলাই সকাল ৯টার মধ্যেই পাঠকদের হাতে বইটি তুলে দেবে তারা।
এটসেটরা একটি অভিজাত বিপণীবিতান তথা আন্তর্জাতিক মানের লাইফস্টাইল স্টোর এবং ওয়ার্ডস অ্যান্ড পেইজেস অভিজাত বই বিক্রেতা প্রতিষ্ঠান।
বিশ্বের অন্যান্য দেশের মতো এটসেটরা বা ওয়ার্ডস এন্ড পেইজেস হ্যারি পটারের আগাম বুকিং এর ব্যবস্থা করেছে। বইয়ের দাম ধরা হয়েছে পনেরশ পয়তাল্লিশ টাকা। ব্রিটিশ মূদ্রায় খুচরা মূল্য ১৭ দশমিক ৯৯ পাউন্ড।
বই বিক্রেতারাও মোটামুটি উন্মাদ হয়ে গেছে বৃটেনের। অনেক সুপার স্টোরই ১৭.৯৯ পাউন্ডের বই আর্থিক ক্ষতি স্বীকার করে ৮.৮৭ পাউন্ডে বিক্রির বিজ্ঞাপন প্রচার করছে প্রতিদিন। পটার ভক্তরাও লাইনে দাড়িয়ে গেছে সেখানে।
বাংলাদেশে বইটির প্রকাশনা উপলক্ষে এটসেটরা এবং ওয়ার্ডস অ্যান্ড পেইজেস বিশেষ অনুষ্ঠানমালারও আয়োজন করেছে। এটসেটরার কিডস ক্লাবের আয়োজনে ২১ জুলাই, শনিবার রয়েছে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা। তাদের অনুষ্ঠান সূচীতে রয়েছে কাস্টমার কন্টেস্ট, মুভিশো, হ্যারি পটারের কুইজ, মিউজিক অ্যান্ড ড্যান্সিং গেম, ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। এসবই সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে অনুষ্ঠিত হবে ধানমন্ডির এটসেটরা ভবনে।
ওয়ার্ডস অ্যান্ড পেইজেসের গুলশানের নিজস্ব ভবনে শুক্রবার 'টেল ইওর স্টোরি অন হ্যারি পটার' এবং শেষের দিন অর্থাৎ ২১ জুলাই কুইজের র্যফেল ড্র সহ অনুষ্ঠিত হবে লঞ্চিং, গেমস, ফুড এবং ফান। এ উপলক্ষে তারা হ্যারি পটারের প্রতিকৃতি সম্বলিত টি-শার্ট তৈরি করেছে। যারা বইটি কিনছেন কেবল তারাই একটি করে টি শার্ট পাবেন উপহার হিসেবে।
হ্যারি পটার এতই জনপ্রিয় যে সব দেশের পাঠকরাই তাকে মাতৃভাষায় পেতে চায়। ফলে ইংরেজি ছাড়াও হ্যারি পটার এ পযর্ন্ত প্রায় ৬৫টি ভাষায় অনূদিত হয়েছে। এর মধ্যে বাংলা ভাষার হ্যারি পটারও রয়েছে।
অঙ্কুর প্রকাশনী সর্বপ্রথম বাংলায় হ্যারি পটার প্রকাশ করে। বাংলায় প্রকাশিত হ্যারি পটারে সিরিজগুলি হচ্ছে, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস, হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান, হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার, হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স। বাংলায় হ্যারি পটারের প্রতিটি বইয়ের মূল্য চারশ টাকা।
এইসব ডামাডোলে চাপা পড়ে যাচ্ছে আসল ঘটনা। বাঁচুক কিংবা মরুক- পটার আর আসছে না। দশ বছর আগে হগওয়ার্টের জাদু ইস্কুলের ছাত্র কিশোর পটারের ভেল্কিবাজীতে মোহগ্রস্থ হয়ে পড়েছিল একটি গোটা প্রজন্ম। কিশোর পটারের সঙ্গে অন্ধকারের জাদুকর লর্ড ভল্ডামার্টের লড়াই। এক 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন' (সরসারার্স স্টোন নামে প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রে) দিয়ে মাত করে দিয়েছিলেন রাউলিং। সময়ে তাতে বুঁদ হয়েছে বড়রাও। পিটার প্যানের পর আরেকটি ঘরের ছেলে, 'তোমার আমার মতোই' ধরণের নায়ক পেয়েছিল ছোটরা। পটার আর তার বন্ধুদের সঙ্গে জাদু দুনিয়ায় ঘুরে আসা, সে ঘোরে দীর্ঘ মোহাচ্ছন্নতা -- এই মজা আর মিলবে না।
১৯৯৫তে প্রকাশকদের দরজায় দরজায় ঘুরেছেন রাউলিং। কেউ আগ্রহ দেখায়নি। কয়েকটা কফি শপে বসে দিনরাত খেটে শেষ করেছিলেন পটারের প্রথম বই। দশ বছর বাদে এখন প্রাসাদে তার বাস। কল্পনার পটার তাকে দু'হাত ভরেই দিয়েছে। দশ বছর আগে হতাশায়-ক্ষোভে কেঁদেছিলেন রাউলিং। কদিন আগে যখন কাঁদলেন, সেটাও সুখের কান্না ছিল না। তার হাতে জন্ম, তার মাঝেই বসবাস। পটার আর বেরুবে না। নিজের সৃষ্টিকে মেরে ফেলে কিভাবে তৃপ্তিতে ভোগে স্রষ্টা!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআর/এমআইআর/এমডিএস/এসএন/এসি/১৪০৮ ঘ.
bdnews24