ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হ্যারি পটার এতই জনপ্রিয় যে সব দেশের পাঠকরাই তাকে মাতৃভাষায় পেতে চায়। ফলে ইংরেজি ছাড়াও হ্যারি পটার এ পযর্ন্ত প্রায় ৬৫টি ভাষায় অনূদিত হয়েছে। এর মধ্যে বাংলা ভাষার হ্যারি পটারও রয়েছে।
অঙ্কুর প্রকাশনী সর্বপ্রথম বাংলায় হ্যারি পটার প্রকাশ করে। বাংলায় প্রকাশিত হ্যারি পটারে সিরিজগুলি হচ্ছে, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস, হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান, হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার, হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স।
প্রথম বইটি অনুবাদ করেন কবি সোহরাব হাসান, দ্বিতীয় ও তৃতীয় পর্ব করেন সাংবাদিক মুনীরুজ্জমান, চতুর্থ ও পঞ্চমটি করেন অসীম চৌধুরী। বইটির মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি মোতাবেক মূল বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ অক্ষুন্ন রাখা হয়েছে।
বাংলায় হ্যারি পটারের প্রতিটি বইয়ের মূল্য চারশ টাকা।
অঙ্কুর প্রকাশনীর প্রকাশক এবং পরিচালক মেজবাহউদ্দিন আহমদ বলেন, "সারা বিশ্বের শিশু সাহিত্যে হ্যারি পটার অসম্ভব জনপ্রিয়। আমাদের দেশের পাঠকরা যেন এ থেকে বঞ্চিত না হয় এ পরিকল্পনা থেকেই আমরা হ্যারি পটার বাংলায় প্রকাশের সিদ্ধান্ত নেই।"
মেজবাহ বলেন, "এদেশে ইংরেজি ভাষার চেয়ে বাংলা মাধ্যমের হ্যারি পটারই বেশী জনপ্রিয়। "
আগামী জানুয়ারীতে হ্যারি পটার সিরিজের নতুন বাংলা সংস্করণ বাজারে আসবে বলে মেজবাহ জানান। সেটি হবে সিরিজের ষষ্ঠ বই 'হ্যারি পটার অ্যঅন্ড দি হাফ ব্লাড প্রিন্স'। আর সপ্তম অর্থাৎ শেষ পর্বের বাংলা সংস্করণের দেখা মিলবে ২০০৯ সালের জানুয়ারিতে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/২১০৩ ঘ
bdnews24