জুলাই ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বছর খানেক আগেই এসেছে ঘোষণাটা। দিয়েছেন লেখিকা জেকে রাওলিং স্বয়ং। হ্যারি পটারের সিরিজই শুধু শেষ নয়, তিনি মারতে যাচ্ছেন কমপক্ষে দুটো চরিত্রকে। ক্ষমা পাবে একজন। জল্পনার শুরুও তখন থেকেই। বেঁচে থাকবে তো হ্যারি পটার? কোটি ডলারের প্রশ্নটার উত্তর খুঁজছে কোটি কোটি পটার ভক্ত। আর তা ব্যাপ্তি পেয়েছে বাজিকরদের উঠোনেও। ব্রিটেন-আমেরিকার বড় বড় বাজিঘরগুলোতে টানটান উত্তেজনা। লাখ লাখ ডলারের বাজি ধরা-ধরি। পটার মরছে কি না!
সব উত্তর মিলবে শনিবার। শুক্রবার ঘড়ির কাঁটা মাঝরাত ছুঁলেই বিশ্ব ব্যাপী বইয়ের দোকানগুলোয় হামলে পড়বে পটার-ভক্তরা। সেদিনই বেরুবে "হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হেলোজ"- সিরিজের সপ্তম এবং শেষ বই। জানা যাবে বাকি প্রশ্নগুলোর জবাবও। ষষ্ঠ বই "হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স" জন্ম দিয়েছিল এসব প্রশ্নের। হরক্রাক্স কি এবং বাকিগুলো কোথায়? ডেথলি হ্যালোজ কি? রহস্যময় র্যাব কে? সেভেরাস স্নেপ আসলে কার অনুগত? কিংবা রন আর হারমেইন কি আবার একাট্টা হবে?
বাজিখানায় ২০-১ দরে অবশ্য পটার এগিয়ে। ভক্তরা এমনিতে দুইভাগে সমান বিভক্ত। অনলাইন জরিপ বলছে অর্ধেক বিশ্বাস করে যেভাবে হোক বেঁচে যাবে তাদের প্রিয় কিশোর জাদুকর।
আগ বাড়িয়ে জানার কোনো সুযোগই রাখেনি বইটির প্রকাশনা সংস্থা ব্লুমসবারি। স্রেফ নিরাপত্তা খাতেই তারা খরচ করেছে ১০ মিলিয়ন পাউন্ড। বইয়ের একটি লাইন, একটি শব্দও যেন বাজারে আসার আগে ফাঁস না হয়- নিশ্চিত করতেই বিশাল অঙ্কের এই বাজেট। সেজন্য যানবাহনে স্যাটেলাইট ট্র্যাকিং পর্যন্ত বসিয়েছে তারা। কোনো বিক্রেতা যেন সময়ের আগেই বই না ছাড়ে সেজন্য রীতিমতো আইনী মুচলেকাও দিতে হয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, "এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ দিন-রাত কাজ করছেন আমাদের হয়ে। আমরা নিশ্চিত করতে চাই যাতে কোনো ফাঁক ফোকড় না থাকে।"
অতীতে এমন অনেকবার হয়েছে বলেই এই সতর্কতা। গতমাসেই ব্লুমসবারির ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছিল এক ভক্ত। সে ইন্টারনেটে বইটির গল্পের গুরুত্বপূর্ণ কিছু সারমর্ম তুলে ধরেছে বলে জানিয়েছিল। "হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব ফিনিক্স" বেরুনোর আগেই তার তিনটি অধ্যায় ট্যাবলয়েডে ফাঁস করার টোপ গিলে শাস্তি পেয়েছিল ব্রিটেনের এক প্রকাশনা শ্রমিক। দু'বছর আগে "হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স" কয়েক কপি নির্ধারিত সময়ের আগেই বাজারে এসে যায়। রীতিমতো আদালতের আদেশ নিয়ে গল্প ফাঁস হওয়া ঠেকিয়েছিল সেখানকার প্রকাশকরা।
এতো সতর্কতা সত্ত্বেও অনলাইনে চলে গেছে বই। তা নিয়ে মামলার প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রে।
বাংলাদেশেও নির্দিষ্ট পাঠকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গুলশান বা ধানমন্ডির এটসেটরা ও ওয়ার্ডস অ্যান্ড পেইজেসে গেলেই টের পাবেন যে কেউ। বাংলাদেশে বইটি পরিবেশনের অধিকার পেয়েছে এই দুটি প্রতিষ্ঠান। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ২১ জুলাই সকাল ৯টার মধ্যেই পাঠকদের হাতে বইটি তুলে দেবে তারা।
এটসেটরা একটি অভিজাত বিপণীবিতান তথা আন্তর্জাতিক মানের লাইফস্টাইল স্টোর এবং ওয়ার্ডস অ্যান্ড পেইজেস অভিজাত বই বিক্রেতা প্রতিষ্ঠান।
বিশ্বের অন্যান্য দেশের মতো এটসেটরা বা ওয়ার্ডস এন্ড পেইজেস হ্যারি পটারের আগাম বুকিং এর ব্যবস্থা করেছে। বইয়ের দাম ধরা হয়েছে পনেরশ পয়তাল্লিশ টাকা। ব্রিটিশ মূদ্রায় ১৭ দশমিক ৯৯ পাউন্ড। বুকিং এর জন্য শতকরা পঞ্চাাশ ভাগ অগ্রিম নেয়া হচ্ছে।
এর মধ্যে এটসেট্রার বুকিং নেয়া শেষ, ওয়ার্ডস অ্যান্ড পেইজেস এখনো বুকিং চলছে।
বইটির প্রকাশনা উপলক্ষে এটসেটরা এবং ওয়ার্ডস অ্যান্ড পেইজেস বিশেষ অনুষ্ঠানমালারও আয়োজন করেছে। এটসেটরার কিডস ক্লাবের আয়োজনে জুলাই ২১ তারিখে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তাদের অনুষ্ঠান সূচীতে রয়েছে কাস্টমার কন্টেস্ট, মুভিশো, হ্যারি পটারের কুইজ, মিউজিক অ্যান্ড ড্যান্সিং গেম, ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। এসবই সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে অনুষ্ঠিত হবে ধানমন্ডির এটসেটরা ভবনে।
ওয়ার্ডস অ্যান্ড পেইজেসের গুলশানের নিজস্ব ভবনে জুলাই ১৯ তারিখ মিউজিক শো হওয়ার কথা। তাদের কর্মসূচীতে ২০ তারিখ 'টেল ইওর স্টোরি অন হ্যারি পটার' এবং শেষের দিন অর্থাৎ ২১ তারিখ কুইজের র্যফেল ড্র সহ অনুষ্ঠিত হবে লঞ্চিং, গেমস, ফুড এবং ফান। এ উপলক্ষে তারা হ্যারি পটারের প্রতিকৃতি সম্বলিত টি-শার্ট তৈরি করেছে। যারা বইটি কিনছেন কেবল তারাই একটি করে টি শার্ট পাবেন উপহার হিসেবে।
এইসব ডামাডোলে চাপা পড়ে যাচ্ছে আসল ঘটনা। বাঁচুক কিংবা মরুক- পটার আর আসছে না। দশ বছর আগে হগওয়ার্টের জাদু ইস্কুলের ছাত্র কিশোর পটারের ভেল্কিবাজীতে মোহগ্রস্থ হয়ে পড়েছিল একটি গোটা প্রজন্ম। কিশোর পটারের সঙ্গে অন্ধকারের জাদুকর লর্ড ভোলডেমর্টের লড়াই। এক "হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন" (সরসারার্স স্টোন নামে প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রে) দিয়ে মাত করে দিয়েছিলেন রাওলিং। সময়ে তাতে বুঁদ হয়েছে বড়রাও। পিটার প্যানের পর আরেকটি ঘরের ছেলে, 'তোমার আমার মতোই' ধরণের নায়ক পেয়েছিল ছোটরা। পটার আর তার বন্ধুদের সঙ্গে জাদু দুনিয়ায় ঘুরে আসা, সে ঘোরে দীর্ঘ মোহাচ্ছন্নতা -- এই মজা আর মিলবে না।
১৯৯৭তে প্রকাশকদের দরজায় দরজায় ঘুরেছেন রাওলিং। কেউ আগ্রহ দেখায়নি। এক কফি শপে বসে দিনরাত খেটে শেষ করেছিলেন পটারের প্রথম বই। দশ বছর বাদে এখন প্রাসাদে তার বাস। কল্পনার পটার তাকে দু'হাত ভরেই দিয়েছে। দশ বছর আগে হতাশায়-ক্ষোভে কেঁদেছিলেন রাওলিং। কদিন আগে যখন কাঁদলেন, সেটাও সুখের কান্না ছিল না। তার হাতে জন্ম, তার মাঝেই বসবাস। পটার আর বেরুবে না। নিজের সৃষ্টিকে মেরে ফেলে কিভাবে তৃপ্তিতে ভোগে স্রষ্টা!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআর/এমআইআর/১৪৩৮ ঘ
bdnews24