জুলাই ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মাঝখানে আর মাত্র কয়েক ঘন্টা। পটার প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বব্যাপী একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে সিরিজের সপ্তম ও শেষ বইটি। আর তাই বুকস্টলগুলোতেও লাইন দিয়ে দাঁড়ানোর জোর প্রস্তুতি চলছে সবখানে। কিন্তু জেরুজালেমের পটার ভক্তরা এখনো নিশ্চিত না ঠিক সময়ে তারা বইটি পাবেন কিনা। সেখানে বইটি প্রকাশিত হবে ২১ জুলাই শনিবার স্থানীয় সময় রাত ২টা ১ মিনিটে।
ঘটনা আর কিছুই না। যে সময় এবং দিনে বইটি প্রকাশ পেতে যাচ্ছে সেদিন জেরুজালেমে পালিত হবে ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব 'জ্যুইস সাবাথ'। ইজরাইলের আইন অনুযায়ী এই দিনটিতে দেশের সব দোকান পাট বন্ধ থাকবে। কেউ যদি নিয়ম ভঙ্গ করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে তবে তার জন্য মাসুল গুনতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী ইলি ইশাই।
ইজরায়েলের এক ধর্মগুরু আব্রাহাম রাবিৎজ হ্যারি পটারের বইয়ের েেমেসজের সমালোচনা করে বলেন, " অন্য দেশের সংস্কৃতির দেখাদেখি বানরের মতো লাফালাফি করা আমাদের উচিত হবে না। সাবাথ দিবসের পবিত্রতা নষ্ট করা হবে অমার্জনীয় অপরাধ"।
কিন্তু বই বিক্রির প্রতিষ্ঠানগুলো বেশ আগে থেকেই এ দিনটির জন্য অপেক্ষা করে আছে। ইজরাইলের রাজধানী তেল আবিবের সবচেয়ে বড় বইয়ের দোকান স্টেইমাৎজকি শুক্রবার দিবাগত রাতে একটি বিশাল উৎসবের আয়োজন করেছে বইটির প্রকাশনা উপলক্ষে। দোকানটির মুখপাত্র অ্যালোনা জামির জানিয়েছেন, সাবাথ উপলক্ষে দোকান বন্ধ রাখার কোন পরিকল্পনা তাদের নেই।
তিনি আরো বলেন, "বইটির প্রকাশকদের সঙ্গে চুক্তি অনুযায়ী আমরা বইটির প্রকাশনার সময় পরিবর্তন করতে পারি না। এটি সারা পৃথিবীতে একযোগে প্রকাশিত হচ্ছে।"
স্টেইমাৎজকি ইতিমধ্যেই বইটির দশ হাজার কপির অর্ডার পেয়েছে। বইটির হিব্র" সংস্করণ এ বছরেরই শেষ নাগাদ আনতে পারবে বলে তারা জানায়।
দোকান মালিক এবং সরকার পক্ষ কীভাবে বিষয়টির সমাধান করেন, বইটি হ্যারি ভক্তরা নির্ধারিত সময়েই পান কী না সেটাই এখন দেখার বিষয়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/এমআইআর/ ১৯৩৮ ঘ.
bdnews24