বাঁধ
নদীতে এখন ভরা যৌবন। দুকূল ছাপিয়ে পানি যেন আছড়ে পড়তে চায় তীরে। পানি প্রবাহের নেই কোনো বিরতি। অনবরত ধেয়ে চলেছে সমুদ্রের পানে।
চারপাশে শরতের স্নিগ্ধ কাশফুল। আকাশে সাদা মেঘগুলো দলে দলে উড়ে যায়। কিচিরমিচির করে ডেকে উঠে নাম না জানা অসংখ্য পাখপাখালি। এমনই সুন্দর বিকেলগুলো হাবু কাটিয়ে দেয় নদীতে ছিপ ফেলে। যদিও কখনো কোনো মাছ তার টোপ গেলেনি। তবু সে মনের আনন্দে রোজ বিকেলে নদীতে ছিপ ফেলে বসে থাকে।
এ নিয়ে প্রতিদিনই বউয়ের বকা খেতে হয়। কিন্তু তাতে তার কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না। যে জীবনটাকে শুধু নদীর বুক ছিপ ফেলে বসে থাকার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে, তার এত কিছু নিয়ে ভাবার সময়টা কই!
প্রতিদিনের মতো আজও হাবু ছিপ নিয়ে এসেছে। অন্যদিনের চেয়ে আজ পরিবেশ কেমন জানি অন্যরকম। আকাশে যেখানে সাদা মেঘেরা খেলা করে আজ সেখানে পাতিলের তলার মতো কালো মেঘ। তীরে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পাতায় যেন বিদ্রোহের ছোঁয়া। না, কোনোভাবেই আজ নড়াচড়া করা যাবে না। পরিবেশের কোনো পরিবর্তন কখনোই হাবুকে ভাবাতে পারে না। কিন্তু আজ হাবুও স্থির থাকতে পারছে না। দরদরিয়ে নামা ঘাম তাকে ভিজিয়ে দিচ্ছে অনবরত। ভয়াবহ কোনো বিপর্যয়ের পূর্বাভাস।
হাবু আর বসে থাকতে পারল না। আসন ছেড়ে চলে এলো নদীর পানির কাছে। দু’হাতে পানি নিয়ে চোখে-মুখে ছিটিয়ে দিল। না, তবুও শরীর ঠান্ডা হতে চায় না। কি ভয়াবহ গরম! ভাদ্রের এমন গরমে তালও পেকে যায় আর সে তো মানুষ। খুবই অস্বস্তি লাগছে হাবুর। সে এসে আবারও তার চিরচেনা তালিপট্টি দেওয়া খেজুর পাতার পাটিতে বসে পড়ল।
দূরের নিকষ কালো মেঘগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে। হাবু বুঝতে পারল ভয়াবহ ঝড়-বৃষ্টি হতে চলেছে। সে আর এক মুহূর্ত দেরি করল না। ছিপ তুলে পাটি গুছিয়ে বাড়ির দিকে রওনা দিল। নদী থেকে তার বাড়ি বেশি দূরে নয়। কিন্তু ভাদ্রের ঝড় তাকে বাড়ি পর্যন্ত যেতে দিলো না। ঝুপ করে চারপাশ আঁধারে তলিয়ে গেল। ঝড়ো হাওয়ায় গাছপালা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। দানবীয় তাণ্ডব চলতে লাগল প্রকৃতির মাঝে।
নদীর পাশেই ছিল একটা প্রকাণ্ড বটগাছ। হাবু নিজেকে বাঁচাতে আশ্রয় নিলো গাছের নিচে। গ্রামের লোকেরা গাছটাকে ‘শতবছরা’ নামে ডাকত। হয়তো শতবছর ধরেই বটবৃক্ষটি নিজের অস্তিত্বের জানান দিচ্ছে, তাই এই নামকরণ। কিন্তু হাবুর সেসব বিষয় নিয়ে কোনো মাথাব্যথা নেই। গ্রামের কেউই ভূতের ভয়ে এই গাছটা মাড়ায় না, এটাই হাবুর ভয়ের সবচেয়ে বড় কারণ। একদিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি অন্যদিকে ভূত নামক অদৃশ্য শত্রুর ভয়, ভিতু হাবুর জীবন বের হয়ে যাওয়ার জন্য হয়তো এতটুকুই যথেষ্ট।
বটগাছটার বিশাল গুঁড়ির কারণেই বৃষ্টি হাবুকে স্পর্শ করতে পারছে না। কিন্তু এই ঝড়ো হাওয়ায় কতক্ষণ নিজেকে ধরে রাখবে হাবু? হঠাৎ করে হাবুর চোখ গেল নদীর দিকে। কি বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে! মনে হয় বাঁধ ভেঙে ফেলবে। খুব ভয় হতে লাগলো হাবুর। মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করল। এদিকে ঝড় থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবার হাবু দেখলো নদীর পানি তীর পার করে চলে আসছে। এমনিতেই পানিতে নদী টইটম্বুর। তারপর আবার পানি তীর উপচিয়ে চলে আসছে। সে খুব ঘাবড়ে গেল। তীর ভেঙে ফেলবে নাকি!
এভাবে আরও কিছু সময় অতিবাহিত হলো। কিন্তু প্রকৃতির রুদ্র রূপের কোনো উন্নতি হলো না। বরং নদীর তীর ভেঙে যাওয়ার উপক্রম হলো। নদীর তীর একবার ভেঙে গেলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। হাবু আর থাকতে পারল না। সে ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে বেড়িয়ে পড়ল মন্ডলবাড়ির উদ্দেশ্যে। গ্রামের মাতব্বর মন্ডল সাহেবের কাছে গিয়ে হাবু সব খুলে বলল। সব শুনে মন্ডল সাহেব ভীষণ চিন্তায় পড়ে গেলেন। কীভাবে এই বাঁধ রক্ষা করা যায়।
হাবু বলল, ‘মন্ডল সাব, গ্রামের সবাইরে ডাক দিয়া গাঙে লইয়া যাই। ছোট বড় সবাই এক লগে কাম কইরা, বালুর বস্তা ফেইলা আটকানোর চেষ্টা করি।’
হাবুর মতো বোকা আর ভীতু প্রকৃতির মানুষের কাছে এমন সুন্দর ও কার্যকরী চিন্তা মন্ডল সাহেব আশা করেননি। তিনি সাথে সাথে রাজি হয়ে গেলেন। এই বর্ষার মধ্যে মন্ডল সাহেব, তার দুই জোয়ান ছেলে আর হাবু একত্র হয়ে সব গ্রামবাসীকে ডেকে এক করল। সবাই নদীর ধারে এসে দেখে তীরে কিছুটা ভেঙে পানি ঢুকতে শুরু করেছে। হাবু না বললে আজ হয়তো সব শেষ হয়ে যেত।
সবাই হাতে হাত রেখে বাঁধ বাঁচানোর কাজে লেগে পড়লো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো তবুও বৃষ্টি থামলো না। এদিকে নদীর পানির ধাক্কায় বারবার বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। ঘুম নেই কারো চোখে। যুবকরা কাজ করছে বিরতিহীনভাবে আর বৃদ্ধরা দিক নিদর্শনা দিয়ে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এভাবেই কেটে গেল সারারাত। শেষ রাতের দিকে বৃষ্টি কমতে লাগলো। সকালের আগেই থেমে গেল বৃষ্টি।
ঝকঝকে রোদ উঠেছে পুব আকাশে। বৃষ্টিভেজা পাতায় সূর্যের সোনালী আলো পড়ে চকচক করছে। চারপাশের নীরব পরিবেশ দেখে কে বলবে গতরাতে এক প্রলয়ঙ্কারী ঝড় লণ্ডভণ্ড করে দিতে বসেছিল এই গ্রামকে। সবাই হাফ ছেড়ে বাঁচলো। আল্লাহর দয়ায় এ যাত্রায় গ্রামটা বেঁচে গেল। আর হ্যাঁ, হাবু নামের সেই বোকাসোকা মানুষটা কীভাবেই না সাহসী হয়ে উঠল। ওই গাছভাঙা ঝড়ের মধ্যে জীবনের মায়া না করে সবাইকে এক করল। সত্যিই সময় কখনো কখনো ভীতু মানুষকেও সাহসী করে তোলে। আজ হাবুকে না দেখলে সেটা কেউ কখনো বিশ্বাস করত কি না সন্দেহ!
মো. জুনায়েদ ইসলাম: শিক্ষার্থী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
| কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
