২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোভা

চৌধুরী বাড়ির মস্ত বড় বাঁশ বাগানটা দক্ষিণ পুকুরের অনেক জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে। চলাচলের পথটা একেবারে সরু হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমার প্রীতীশ বল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 08:28 AM

Updated : 22 Jul 2022, 03:59 AM

সেই সরু পথ ধরে পা টিপে টিপে কিশোরী নোভা চলেছে কার্তিক খুড়োর বাড়ির দিকে। বাঁশ বাগানের শুকনো পাতাগুলো পথ জুড়ে শুয়ে আছে থরে থরে। নোভার পায়ের চাপে পাতারা সব সেই ভরদুপুরে কড়মড় করে বিরক্ত প্রকাশ করছে। কিছু একটা ডানা ঝাপটিয়ে উড়ে গেল। নোভা উপরের দিকে তাকায়। গাটা ছমছম করে উঠে। 

নোভা এক দৌড়ে সদর রাস্তায় উঠে গেল। রাস্তার পাশেই কার্তিক খুড়োর বাড়ি। কার্তিক খুড়ো দাওয়ায় বসে ঘুড়ি বানাচ্ছেন। তার চারপাশে অনেক ঘুড়ি- ময়ূরপঙ্খী ঘুড়ি, চিল ঘুড়ি, সাপ ঘুড়ি, মানুষ ঘুড়ি, ডাবল ঘুড়ি, ডলফিন ঘুড়ি, লেজ কাটা ঘুড়ি, লেজওয়ালা ঘুড়ি, জাহাজ ঘুড়ি, অক্টোপাস ঘুড়ি, বাজপাখি ঘুড়ি, আরও কত নামের, কত রঙের ঘুড়ি!

নোভা কার্তিক খুড়োর সামনে এসে হাঁপাতে থাকে। কার্তিক খুড়ো মুখ না তুলেই নোভাকে জিজ্ঞেস করেন, হাঁপাচ্ছিলে কেন দিদিঠাকুরাণ?

দৌড় দিয়েছিলাম। হাঁপাতে হাঁপাতে নোভা জবাব দেয়।

ভয় পেয়েছিলে বুঝি? এবার কার্তিক খুড়ো মাথা তুলে নোভার মুখের দিকে তাকায়।

নোভা জবাব না দিয়ে ফিক করে হেসে দিল।

কার্তিক খুড়ো পেছন ফিরে একটা ঘুড়ি নিয়ে নোভার হাতে তুলে দিলেন। এটা একটা ময়ূরপঙ্খী ঘুড়ি।

কার্তিক খুড়ো বললেন, ময়ূরপঙ্খী উড়িয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে চাঁদের দেশে বুড়ির কাছে চলে যাবে। তারপর বুড়ির পাশে বসে চড়কা কাটবে।

কার্তিক খুড়ো হো হো করে হেসে উঠলেন। নোভাও হাসল।  সে হাসি শব্দ ছাড়া।

নাটাই, সুতা আছে তো?

নোভা মাথা নেড়ে জবাব দেয়, আছে।

অ্যারারুট, সাবু, বার্লি, লতা-পাতার রস, কাচের গুঁড়া দিয়ে আঠার মতো করে মাখিয়ে রোদে শুকিয়ে নটু দাদা সুতায় মাঞ্জা মেরে দিয়েছে। কাগজ কেটে গরম ভাতের আঠা দিয়ে একটা ঘুড়ি তৈরি করে দিয়েছিল। ওটা নোভার পছন্দ হয়নি।

নোভা ময়ূরপঙ্খী ঘুড়ি নিয়ে আরেক দৌড়ে বাড়ি চলে আসে। নটু দাদা মাঞ্জা মারা সুতা আর নাটাই নিয়ে আগেই তৈরি ছিল। ময়ূরপঙ্খী ঘুড়ি সুতোয় বেঁধে নালক নটুদাকে সঙ্গে নিয়ে মাঠে চলে আসে। আকাশে তখন অনেক ঘুড়ি।  কাটাকাটি খেলাও চলছে। মাঞ্জা দেওয়া সুতো দিয়ে ঘুড়ি উড়িয়ে একজন আরেকজনের ঘুড়িকে টানছে। ঢিল দিতে ছাড়ছে। দোল দিচ্ছে। কাটার চেষ্টা করছে।

এর মধ্যে একটা-দুটো ঘুড়ি কাটা পড়েছে। কেটে যাওয়া ঘুড়ি বাতাসে দুলতে দুলতে মাটিতে পড়ছে। ওগুলো ধরার জন্য ছেলে-বুড়ো দৌড়াচ্ছে। যার ঘুড়ি কেটে গেল সে মুখ চুন করে খালি সুতো গুটাচ্ছে। বিজয়ীর ঘুড়ি আকাশে উড়ছে। এসব দেখে নোভা রোমাঞ্চ অনুভব করে। সেও আকাশে তার ময়ূরপঙ্খী ঘুড়িয়ে দেয়। অন্যরা দেখে চিনে ফেলে। ওটা কার্তিক খুড়োর ময়ূরপঙ্খী ঘুড়ি।

কার্তিক খুড়োর ঘুড়ির খুব নামডাক আছে। তার সব ঘুড়ি বিখ্যাত। এর মধ্যে ময়ূরপঙ্খী ঘুড়ি বেশি বিখ্যাত। সেই ঘুড়ি নিয়ে এসেছে নোভা। নোভাকে অনেকে কাটাকাটি খেলার জন্য ডাকছে। নোভার ওসবে মন নেই। ওর মাথার ভেতর ঘুরছে কার্তিক খুড়োর কথা কয়খানা। কার্তিক খুড়ো বলেছেন, ময়ূরপঙ্খী উড়িয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে চাঁদের দেশে বুড়ির কাছে যাবে। তারপর বুড়ির পাশে বসে চড়কা কাটবে।

হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। বৃষ্টির শব্দে নোভার ঘুম ভেঙে যায়। নোভা চিৎকার করে মাকে ডাকে, মা...মা টিনের চালায় কে নুড়িপাথর ছুড়ছে?

নুড়িপাথর নয়। পাথর কে ছুড়বে? ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। মা এসে বললেন।

বাবা? বাবা আসেনি এখনও? অসুস্থ নোভা বিছানায় শুয়ে শুয়ে চোখ মুছতে মুছতে জানতে চাইল।

মা মাথা নেড়ে জানালেন, আসেনি।

আজ বাবা নোভার জন্য একটা হুইলচেয়ার নিয়ে আসবেন। তারপর নোভা হুইলচেয়ারে বসে আকাশ দেখবে। রোদ্দুরে শরীর পোড়াবে। চাঁদের সঙ্গে মিতালি পাতবে। তারাদের সঙ্গে কথা বলবে। জ্যোৎস্নায় ভিজবে। জোনাকির সঙ্গে খেলা করবে। এতসব কতকাল ধরে সে ভেবে ভেবে রেখেছে। করতে পারেনি।

ও...হ্যাঁ, বাবা হুইলচেয়ারের সঙ্গে নোভার জন্য ঘুড়ি, নাটাইও আনার কথা।  নোভা ঘুড়ি দিয়ে ভো কাট্টা খেলবে।

কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!