বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষে তিন পাঠাগারের উৎসব
ঊনবিংশ শতকের শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ উদযাপন করেছে শিশু-কিশোরদের নিয়ে কাজ করা ঢাকার তিনটি পাঠাগার।
এগুলো হল- নাখালপাড়ার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার, কড়াইলের শহীদ রুমী স্মৃতি পাঠাগার ও আগারগাঁওয়ের শিশু-কিশোর মেলা পাঠাগার।
দিনটি উপলক্ষে শুক্রবার রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান তারা।
বক্তব্য দিচ্ছেন ফাহিমা কানিজ লাভা
খাদিজা আক্তার নিপার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের সংগঠক ফাহিমা কানিজ লাভা।
বক্তব্য দেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক সুশান্ত সিনহা, শহীদ রুমী স্মৃতি পাঠাগারের সংগঠক মালা, শিশু-কিশোর মেলা পাঠাগারের সংগঠক সায়েরা সরকার সুমি ও শহীদ বাকী স্মৃতি পাঠাগারের সংগঠক আনিসুল হোসেন তারেক।
বক্তারা বলেন, ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ, বাল্য ও বহু বিবাহসহ সামাজিক নানা অনাচারের বিরুদ্ধে লড়াই করে গেছেন আজীবন, কাজ করে গেছেন নারী শিক্ষার জন্য। এরপর বেগম রোকেয়াসহ আরও অনেকেই মানুষ হিসেবে নারীর অধিকার ও মর্যাদার জন্য আন্দোলন করে গেছেন। কিন্তু এখনও সমাজ থেকে বাল্যবিয়ে, বহুবিয়ে দূর হয়নি। বিধবা বিয়েতে এখনও মানুষের আগ্রহ সেভাবে তৈরি হয়নি।’
| কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
