২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়া নাকি ডিম পেড়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চিত্তরঞ্জন সাহা চিতু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2018, 04:19 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

আজব খবর শুনি

ওপাড়াতে আজব খবর

তোমরা কি কেউ জানো?

ঘোড়া নাকি ডিম পেড়েছে

কেউ কী বলো মানো?

কোকিল নাকি পাহারা দেয়

সারাটা রাত জেগে,

কথা শুনে সিংহ মামা

তাইতো ওঠে রেগে।

আসলো ঘোড়া দলে দলে

দেখবে এবার তারা,

এসব খবর পাড়ায় পাড়ায়

ছড়ায় বলো কারা?

চালাক শেয়াল ছড়িয়ে খবর

দিচ্ছে সবার ধুলো,

ঘোড়া তো নয় ডিম পেড়েছে

লাল মুরগি গুলো।

কথা শুনে বনের পশু

হা হা করে হাসে,

বাঘ ভাল্লুক হরিণ হাতি

সবাই ছুটে আসে।

শরৎ এলে

শরৎ এলে দোল খেয়ে যায়

সাদা কাশের বন,

তুলোর মতো মেঘগুলো সব

উদাস করে মন।

শরৎ এলে শিশির ভেজা

ঘাসের ডগাই হাসে,

মাঠে মাঠে পাগলা হাওয়ায়

সবুজ ফসল ভাসে।

শরৎ এলে শাপলা শালুক

নদীর জলে ফোটে,

দুষ্টু ছেলে সাঁতার কেটে

অমনি সেদিক ছোটে।

শরৎ এলে পাখির গানে

জুড়ায় সবার প্রাণ,

আকুল করে শিউলি টগর

জুঁই চামেলির ঘ্রাণ।

শরৎ এলে জোনাক মেয়ে

ছড়ায় শুধু আলো,

এই শরতে আনন্দ ঢেউ।

তাইতো লাগে ভালো।

হেমন্তর ছড়া

মিষ্টি শীতের নবান্নতে

হেমন্ত তাই এলো,

সবুজ মাঠে আনন্দতে

সুখটা ফিরে এলো।

তুলোর মতো সাদা সাদা

মেঘগুলো সব ভাসে,

গাছে গাছে পাগলা হাওয়ায়

শিউলি টগর হাসে।

ভোরের বেলায় ঘাসে ঘাসে

শিশির কণা ঝরে,

ধুম পড়ে যায় পিঠা পুলির

এই বাঙালির ঘরে।

খেজুর গাছে মাটির কলস

রস পড়ে টুপ টুপ,

হেমন্তের এই শীত আমেজ

সবাই থাকে চুপ।

মাঠে মাঠে সোনালি ধান

চাষীর মুখে হাসি,

হেমন্তকাল আলোর ঝলক

মুক্ত তারার রাশি।

বাঙালির কবি

রবীন্দ্রনাথ খাঁটি বাঙালি

সন্দেহ কারো আছে?

মায়ের টানে মাটির টানে

যারা থাকে কাছে।

আকাশ নিয়ে বাতাস নিয়ে

লিখেছে হাজারো কবি,

ফুলের কথা ফলের কথা

গাছের কথা সবই।

শিশুর কথা লিখেছে ছড়ায়

জল টুপ টুপ করে,

এঁকেছে কবি কত নানা ছবি

সব কিছু পড়ে মনে।

বিশ্বের সেরা বাঙালির কবি

নোবেল পেয়েছে তাও,

তার গান শুনে মন উড়ে যায়

তুমি যদি গান গাও।

বাইশে শ্রাবণ এই বড় কবির

হঠাৎ হলো প্রয়াণ,

বাঙালির মনে বিশ্ব জুড়ে

আজও কবি অম্লান।

কবি নজরুল

 বর্ধমানের কাজীর ঘরে

 দুষ্টু ছেলে দুখু,

 পাড়ায় পাড়ায় বেড়িয়ে শুধু

 হারায় সময় টুকু।

 ভূত পেত্নী দৈত্য দানব

 করতো না সে ভয়,

 অগ্নিবীণায় জাগলো এদেশ

 জাগলো জগৎময়।

 তাইনা দেখে স্বৈরাচারী

 পাঠিয়ে দিলো জেলে

 একটুও সে ভয় পায়নি

 দস্যিপনা ছেলে।

 শেকল পরা গানের সুরে

 মুক্তি দিলো তার

 মান করে সেই দুষ্টু ছেলে

 কয়নি কথা আর।

অভিমানি সেই ছেলেটা

হারিয়ে গেল দূরে

আকাশ বাতাস আজও দেখি

কাঁদছে করুণ সুরে।

ভূতের ছড়া

তেঁতুল গাছে রাত দুপুরে

ঝগড়া করে কারা?

লম্বা বেটে সাদা কালো

মামদো ভূত যারা।

ক্ষিধের জ্বালায় সবাই কাঁদে

নেইতো খাবার ঘরে,

গোল বেঁধেছে তাইতো তাদের

সারাটা রাত ধরে।

কাঁদতে থাকে হাসতে থাকে

নাচতে থাকে গাছে,

সবাই জানে তেঁতুল গাছে

হাজারো ভূত আছে।

তেঁতুল গাছের পথটা ধরে

হাঁটলে পরে কেউ,

ভূতরা তখন মহা সুখে

লাগায় পিছে ফেউ।

মানুষ তখন জ্ঞান হারিয়ে

মাটিতে যায় পড়ে,

রক্ত চুষে ভূতেরা খায়

কোলের উপর ধরে।

ভয়ে ভয়ে ঐ পথে আর

কেউ যায় না ভুলে,

ভূতগুলো সব পাজি

আগুন ধরায় চুলে।

তেঁতুল গাছে ভূতের বাড়ি

হাজার বছর ধরে,

গল্প শুনে সত্যি সবার

গা ছমছম করে।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!