২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘের মাসি, দুয়ার খোলো একটু আসি

দেবাশীষ দেব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 05:07 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

বাঘের মাসি

ভেতরে কে, শুনছ আমায়?

একটুখানি আসি?

দুয়ার খোলো আমি হলাম

রয়েল বাঘের মাসি।

বাঘের নামে ঘরের ভেতর

কেউ করে না রা

সেখানে তো বসে আছে

মেছো বাঘের ছা।

অনেক বলে অনেক কয়ে

পায় না সাড়া, তাই

সত্যি এবার বিগড়ে গেলো

বিড়াল মেজাজটাই।

দেখো, সাইজে ছোট হলেও

অনেক কিছু পারি

তেলাপোকা, ইদুঁরছানা

হরহামেশা মারি।

তবুও দুয়ার খুলবে না তো

মাইন্ড করিনি তাও

আমি অনেক বিখ্যাত 

সেই পরিচয় নাও।

জানো আমার অনেক সুনাম

এই বনে ওই বনে

বুদ্ধি আমার মাথায় আছে

টনটনে টনটনে।

রয়েল বাঘের মাসি আমি

অনেক সাহস বুকে

নামটি তোমার মাথার ভেতর

এক্ষুনি নাও টুকে।

বাঘ-সিংহ আছে দেখা

ভয় পাব আর কাকে!

বনের পশু আমার ভয়ে

অনেক দূরে থাকে।

এমন সময় মেছো বাঘের

ডাক শোনা যায় বনে

‘এই সেরেছে’, বাঘের মাসি

বলল মনে মনে।

আচ্ছা তবে আজ চলি ভাই

আসব আবার পরে

সেদিন কিন্তু দুয়ার খুলে

বসতে দিও ঘরে।

বলতে বলতে বাঘের মাসি

ছুটল দিয়ে লাফ

মাইলটা খানেক দৌড়ে এসে

ধরেই গেল হাঁফ।

এবারটাতে বেঁচে গেলো

মেছো বাঘের থেকে

আগামীতে চলতে হবে

আশপাশ সব দেখে।

বন্ধু বিড়াল

বিড়াল ছানা বন্ধু হলো

খোকন বলে বেড়ায়

রোজই তাদের আড্ডা জমে

বিড়ালছানার ডেরায়।

ব্যাগে নিয়ে বিড়ালছানা

স্কুলে যায় খোকা

টিচার দেখে বকুনি দেন

কী করেছিস বোকা?

মা শুনে কন শোনরে খোকন

বিড়াল কী নেয় ব্যাগে?

সবার শাসন-শাসানিতে

উঠল খোকন রেগে।

আন্টির ভূতপুর যাত্রা

ভূতপুর গিয়েছিল ছোটনের আন্টি

শতভূত লাখো ভূত ভয়ে যায় প্রাণটি;

কেউ নাচে কেউ গায় কেউ কাটে ভেংচি

কেউ আন্টিরে দেয় চিমটি কি লেংচি;

দেয় ছুট পড়িমড়ি ভূতপুর আর নয়

এত ভয় পেয়ে গেলে আর কি সে মজা হয়?

পা পিছলে পড়ে যায় মাথা ঠোকে শানেতে

উঠে ফের দৌড়ে পানি নেই প্রাণেতে।

ঘুম ভাঙে ছোটনের চারদিকে চায়

ভোঁস ভোঁস নাক ডাকে আন্টি ঘুমায়

ঘুমে তার আন্টির ভূতপুর যাত্রা

ছোটনের ভাবনায় এ নতুন মাত্রা।

খুকুর হাসি

খুকু বাজায় ঝুনঝুনি

পাতার ফাঁকে টুনটুনি

তাদের দেখে সুয্যিমামা খলখলিয়ে হাসে

সেই হাসিতে এই পৃথিবী আলোয় আলোয় ভাসে।

খুকু এখন বড়ো

খুকু এখন অনেক বড়ো

জাউ খাবে না আর

ভাত-মাংস-পোলাও

এখন নিত্য লাগে তার।

মাকে বলে- বলছি শোনো

আমি এখন বড়ো

বড়োর খাবার দাও না; শুধু

বলছ পড়ো পড়ো।

মা শুনে কন- আমার খোকন

ছোট্ট নেইকো আর

বিপদ শুধু রোজ রাত্রে

কাপড় ভেজে তার!

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!