আমরা ছিলাম ছোট্ট তখন
আমরা ছিলাম ছোট্ট তখন
খুঁজতে যেতাম পাখির বাসা
তার জন্য কত ঝোপ আর
ঝাড়-জঙ্গল পেরিয়ে আসা।
দেখতে পেলে গাছে উঠে
একটু শুধু দিতাম উঁকি
কয়টি ডিম আর কয়টি ছানা
কয়টা চোখা কয়টা কানা
কোন ছানাটা দেখতে ভালোই
কোনটা আবার তিতামুখি।
পাখির ছানা বাসায় রেখেই
আমরা যখন ফিরে আসি
মনে মনে সবকটাকে
বলতাম, ‘খুব ভালোবাসি!’
আমরা ছিলাম ছোট্ট তখন
মাছ ধরতাম বর্ষাকালে
কাইলানি বিল পেরিয়ে কখন
ঢুকে যেতাম কোনো খালে।
কেউ ধরতাম ওছা ঠেলে
কেউ কেউ বা গামছা পেতে
বাড়ির কেউ তা জানতো না তো
ভাবতো আমরা হারিয়ে গেছি
কেউ বুঝালে সান্ত্বনা তো মানতো না!
বিশেষ করে মায়ের মন তো শান্ত না!
নানা জায়গায় লোক পাঠাতো
কী যে কাণ্ড হতো এতে!
ফিরে এলে কাদা-মাখা
কোনটা কে তা চেনাই দায়
কার মা করে কাকে শাসন
কোন মা যে দেয় কাকে ভাষণ
কে যে কাকে গোসল করায়
সে সাবানের ফেনাই দায়।
তারপর তো পাতে আসন
এগিয়ে দেয় ভাতের বাসন।
গরম ভাতের সঙ্গে থাকে
ধরা সে মাছ, কেনাই দায়!
মাথা নিচু করে খেতাম
রাগ হতো খুব মনে মনে
হঠাৎ যদি চোখ তুলতাম
দেখতাম মা সঙ্গোপনে
তাকিয়ে আছে বিভোর চোখে
এ দৃষ্টি দেখে না লোকে
একটু যেন জলের আভাস
ফুটে উঠছে চোখের কোণে।
কী ভাবে মা, পাই না ভেবে!
আর কেবা তার জবাব দেবে!
মনে মনে খুব একেলা
মা ভাবে তার ছেলেবেলা!
গাছের মাছের ঘোলা জলের
গন্ধ-মাখা ছেলেবেলা!
