২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটো পয়সার ধাঁধা

এক ছিলো লাল রঙের কাঠবিড়ালি। তার নাম নাটকিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাজহার সরকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 07:15 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

টুইঙ্কলবেরি হলো নাটকিনের একমাত্র ভাই। এছাড়া তার আছে অনেক মামাতো, ফুপাতো আর চাচাতো ভাই। তারা একটা ঝিলের পাড়ে এক বনে বাস করে।

ঝিলের মাঝে আছে একটা পানিঘেরা দ্বীপ। সে দ্বীপে রয়েছে অনেক গাছ আর বাদামের ঝোপ। এর মাঝে অনেক বড় একটা ওক গাছ দাঁড়িয়ে আছে। ওক গাছের কোটরে বাস করে এক বয়স্ক পেঁচা, নাম তার ওল্ড ব্রাউন।

এক শরতে দ্বীপের বাদামগুলো সব পেকে গেলো, ঝোপের পাতাগুলো রঙ পেলো সোনালি ও সবুজ।

নাটকিন ও টুইঙ্কলবেরিসহ অন্যান্য কাঠবিড়ালিরা ঝিলের পাশে এসে দাঁড়ালো, নেমে আসলো দ্বীপের ঝোপে।

তারা কাঁটাগাছের মাঝ দিয়ে রাস্তা বানালো। গাছের মোটা পাতাকে নৌকা বানিয়ে বৈঠা নাড়িয়ে নাড়িয়ে আসতে লাগলো দ্বীপের দিকে। তাদের অনেক খাদ্য চাই, চাই অনেক বাদাম।

প্রত্যেক কাঠবিড়ালির হাতে চটের বস্তা, যেন বেশি করে বাতাম পুরিয়ে আনা যায়। আর আছে বৈঠা। লেজ ফুলিয়ে পালের মতো করে হাওয়ায় হাওয়ায় তারা দলে দলে আসতে লাগলো দ্বীপের দিকে।

ওল্ড ব্রাউনের জন্য তারা তিনটা চর্বিওয়ালা ইঁদুর উপহার নিয়ে এসেছে। উপহার এনে রাখা হলো ওল্ড ব্রাউনের দরজার বাইরে।

তারপর টুইঙ্কলবেরি ও অন্যান্য কাঠবিড়ালি একসঙ্গে মাথা নিচু করে বিনয়ের সাথে ওল্ড ব্রাউন পেঁচাকে কুর্ণিশ জানালো। বললো, “জবাব ওল্ড ব্রাউন, আমরা আপনার বনে বাদাম কুঁড়োতে এসেছি। আপনি কি দয়া করে অনুমতি দেবেন?”

কিন্তু নাটকিনের আচরণ ছিলো আরও নিখুঁত। লাল টুকটুকে চেরি ফলের মতো সে সামনে পেছনে দুলে নমস্কার আর সালাম জানাচ্ছে।

এবার নাটকিন গানই শুরু করে দিলো-

ধাঁধার উত্তর দাও, ধাঁধার উত্তর দাও...

টুট-টুট-টুট

এক ছিলো পুঁচকে লোক, গায়ে লাল জামা...

টুট-টুট-টুট

হাতে আছে লাঠি, গলায় বাঁধা পাথর...

টুট-টুট-টুট

ধাঁধার উত্তর দাও, ধাঁধার উত্তর দাও...

টুট-টুট-টুট

নাটকিন বলতে লাগলো, যে ধাঁধার উত্তর দিতে পারবে তাকে উপহার দেওয়া হবে একটা ফুটো পয়সা।

কিন্তু এ ধাঁধাটা ছিলো বনের পাহাড়ের মতোই পুরনো। আর এর উত্তরও সবার জানা। জনাব ওল্ড ব্রাউন নাটকিনের দিকে একটুও মনোযোগ দিলেন না।

তিনি চোখ বন্ধ করে রাখলেন।

চোখ বন্ধ করে তিনি ঘুমিয়ে গেলেন।

অনুবাদকের কথা: বেটাট্রিক্স পটার (১৮৮৬-১৯৪৫) যুক্তরাজ্যের বিখ্যাত শিশুসাহিত্যিক। ১৯০৩ সালে লেখকের নিজের করা অলঙ্করণসহ ‘দ্যা টেইল অব অ্যা স্কুইরেল নাটকিন’ বইটি প্রকাশিত হয়। ‘দ্যা টেইল অব পিটার র‍্যাবিট’সহ তার ২২টি বই রয়েছে।