২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘরে

বসন্তের সুন্দর রৌদ্রজ্জ্বল সকাল, মোসলেহউদ্দিন সাহেব তার সাদা বাড়ির ছাদের ছোট্ট বাগানে ঘুরে ঘুরে গাছগুলো দেখছিলেন। গত দু’দিন হঠাৎ বেশ বৃষ্টি হয়ে গেছে, গাছপালার পাতা সব একদম ঝকঝক করছে। আজ সকাল থেকেই আকাশ বেশ পরিষ্কার। রাতে বাচ্চাদের নিয়ে ২৫ এ মার্চের রাত পালন আর গল্প বলাও হয়েছে, মোসলেহ উদ্দিন সাহেব ভাবছিলেন আজ একবার বিশেষ কিছু বইপত্রের খোঁজে কয়েকটি লাইব্রেরিতে ঢুঁ দিবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> শারমিন রেজওয়ানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2017, 10:47 AM

Updated : 11 Apr 2022, 11:16 PM

- দাদাই কী করছো বাগানে? আজকে কি তোমার কোনো কাজ আছে?

মোসলেহউদ্দিন সাহেব ঘুরে তাকিয়ে দেখেন সিঁড়ির মাথায় উঁকি দিচ্ছে টুনু, তার পেছনে আরও কয়েকজনের মাথা দেখা যাচ্ছে।

- কেন রে?

- আজ আমাদের স্কুল ছুটি, তাই ভাবছিলাম তোমার সঙ্গেযদি একটু কোথাও বেড়িয়ে আসা যেত। মোসলেহ উদ্দিন সাহেব মৃদু হেসে বললেন, ভেবেছিলাম কয়েকটা লাইব্রেরি যাব। তবে তোরা যেহেতু ঘুরতে চাইছিস, তাহলে একটা বিশেষ জায়গাতেই যাই যেখান তোদের ঘুরে দেখাও হবে, আমার বইও খোজা হবে।

বাচ্চারা খুশিতে হুড়মুড় করে ছাঁদে উঠে এলো।

-ও বাবা এ তো দেখছি বিরাট দল! তা তোরা বাড়িতে বলে এসেছিল তো নাকি?

- হ্যাঁ দাদাই, বিকেল পর্যন্ত থাকব বলে আসছি! এবার বলো আমরা যাচ্ছি কোথায়? নীলুর চোখ আগ্রহে চকচক করছে!

- আমরা যাবো সেগুনবাগিচায়, মুক্তিযুদ্ধ জাদুঘরে!

- জাদুঘর! তবে তুমি যে বললে লাইব্রেরিতেও যাবে, ওখানে লাইব্রেরি আছে নাকি? টুনু দাদাইয়ের পিছু নিয়ে জিজ্ঞেস করলো।

- আরে আছে মানে কিরে, এই জাদুঘরের তো নিজস্ব লাইব্রেরি রয়েছে। গেলে দেখবি সেখানে হাজার হাজার বই রয়েছে আর তার সবগুলো বই মুক্তিযুদ্ধ সম্পর্কিত। নে এবার বকবক করা বন্ধ করে নীচে চল, আমাকে তৈরি হয়ে নিতে হবে না?

কিছুক্ষণের মধ্যেই মোসলেহ উদ্দিন সাহেব তার পুরানো গাড়িটিতে করে বাচ্চাদের সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন সেগুনবাগিচার দিকে। যেতে যেতে বললেন, “জাদুঘর তো দেখবিই, তার আগে সেটা সম্পর্কে কিছু কথা জেনে রাখ। কোনো জায়গায় ভ্রমণের আগে যদি সেই জায়গাটি নিয়ে কিছু জেনে নিস তবে দেখবি দেখার আনন্দটা বেড়ে গিয়েছে।

- বলো দাদাই, আমরা শুনছি।

- মুক্তিযুদ্ধ জাদুঘরের সবচেয়ে বড় বিশেষত্ব হলো সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় একটি বোর্ড অফ ট্রাস্টি এই জাদুঘরটি পরিচালনা করছে। ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন- ড. সরওয়ার আলী, তারিক আলী, এইচ আক্কু চৌধুরী, মফিদুল হক, রাকিবুল হাসান, আসাদুজ্জামান নূর, আলী জাকের ও সারা জাকের।

ছুটির দিন সকাল বলে রাস্তায় ট্রাফিক কম ছিল বলে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলো ওরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনেই অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘরে। গেটের বাইরে থেকে দেখা যায় সাদা রঙের বেশ প্রাচীন একটা তিন তলা ভবন, দাদাই বললেন ওটাই জাদুঘর ভবন। আর বাড়িটার তৈরি হয়েছে সম্ভবত সেই উপনিবেশিক সময়ে!

- বাড়িটাই একটা দর্শনীয় বস্তু! কী সুন্দর নকশা করা ঝুল বারান্দা! মুগ্ধ কণ্ঠে বলল অবন্তী!

- তা বলতে পারিস! চল এবার ভেতরে ঢুকি! জনপ্রতি পাঁচ টাকা দিয়ে টিকেট কেটে ঢুকে পরল ওরা জাদুঘরের চত্বরে। শুরুতেই ওরা দেখতে পেলো চৌকোণা কালো মার্বেল পাথরে বেদির ঠিক মাঝখানে জ্বলছে ‘শিখা অনির্বাণ’। তার সামনে কালো রঙেই বোর্ডে লেখা-

‘সাক্ষী বাংলার রক্তেভেজা মাটি,

সাক্ষী আকাশের চন্দ্রতারা,

ভুলি নাই শহীদের কোনো স্মৃতি।

ভুলব না কিছুতেই আমরা।”

তার ঠিক পেছনেই ভয়ংকর একটা মানুষের মুখ আঁকা। নীলু বললো, এই ভয়ানক মানুষটা হলো পাকিস্তানী জেনারেল ইয়াহিয়া, তাই না দাদাই?

- হ্যাঁ, এই লোকটা ছবির চেহারার মতোই ভয়াবহ মানুষ ছিলেন। এই ছবিটা এঁকেছিলেন শিল্পী কামরুল হাসান! বহুল পরিচিত ব্যঙ্গচিত্রটি।

এরপর ওরা প্রবেশ করল মূল জাদুঘর ভবনের নিচতলার গ্যালারিতে। শুরুতেই প্রাচীন বাংলার গৌরবময় ঐতিহ্যের সাক্ষী হিসেবে রয়েছে ময়নামতি, পাহাড়পুর, ষাটগম্বুজ মসজিদ, কান্তজিউর মন্দিরের ছোট রেপ্লিকা! এছাড়া প্রাচীন ঐতিহাসিক অনেক স্থাপনা ও শিল্প নিদর্শনের কিছু ছবি, তালপাতার পুঁথি ইত্যাদি। দাদাই বললেন, একটা দেশকে জানতে হলে গোঁড়া থেকেই জানতে হয়। তাই মুক্তিযুদ্ধ জাদুঘর নাম হলেও এই দেশটা সম্পর্কে যাতে দর্শকরা মোটামুটি ধারণা পায় তাই এসব নিদর্শন রাখা হয়েছে। চল, পাশের গ্যালারীতে যাই, ওখানে দেখতে পাবে বাংলাদেশের ব্রিটিশ শাসনামলের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য। এখানে ওরা আগ্রহ নিয়ে দেখলো পলাশী যুদ্ধে উভয় পক্ষের সেনাদলের অবস্থানের নকশা। আরও আছে অসহযোগ ও স্বদেশী আন্দোলনের সময় চরকায় কাঁটা সুতি শাড়ি, ঢাকার বিখ্যাত মসলিন শাড়ি ইত্যাদি।

- দাদাই এই যে লিখেছে ‘স্বদেশী আন্দোলনের সময়ের চরকায় কাটা শাড়ি’ এটা আসলে কী? নীলু জানতে চাইলো

-স্বদেশী আন্দোলনের কথা তো তোরা পড়েছিস বইতে, এটা ছিল ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন। ব্রিটিশ পণ্য বর্জন, রাখি বন্ধন, অরন্ধন ইত্যাদি পদ্ধতিতে ছিল সেই আন্দোলনের অংশ। বিপ্লবীরা ঠিক করেছিল বিদেশী কাপড় তারা পরবে না, সেই জন্য চরকায় সুতা কেটে তা দিয়ে কাপড় তৈরি করা শাড়ি, ধুতি এসব বানানো হতো! চল পাশের ঘরটায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মাতৃভূমির স্বাধীনতার জন্য যেসব বীর বাঙ্গালী ফাঁসি কাষ্ঠে জীবন উৎসর্গ করেছেন, তাদের একটা তালিকা রয়েছে, সেটা দেখবি চল।

ওরা ক্ষুদিরাম বসুসহ মোট ২৯ জনের নাম দেখলো। প্রতি বছরই মুক্তিযুদ্ধ সম্পর্কিত নতুন প্রকাশিত বইগুলো এখানে সংগ্রহ করা হয়। এখানে একসঙ্গে৪-৫ জন লোক বসে বই পড়তে পারে। এরপরের ঘরে ওরা দেখলো সেই ১৯৪৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বাংলায় যাওয়া নানা আন্দোলন ও কর্মসূচির ছবি। এই কক্ষ থেকে পাশের কক্ষে যেতে হয় একটা বারান্দা দিয়ে। ওখানে একটা স্ক্রিন আছে, দাদাই বললেন এই যে দেখো মনিটরে কিছু নির্দেশনা দেয়া আছে। এগুলো অনুসারে যদি মনিটরে টাচ করিস তবে ঐতিহাসিক নানা ছবি আর ভিডিও দেখা যাবে!

- মজা তো, একটু দেখি এখানে দাদাই? টুনুর খুব দেখার ইচ্ছে কী হয়!

- দেখে পাশের ঘরটায় চলে আয়, আমি এগুচ্ছি বলে দাদাই চলে গেলেন। ওরা সেখানে কিছু সময় কাটিয়ে প্রবেশ করলো নীচ তলার পাঁচ নম্বর ঘরটিতে। ১৯৭১ সালের মুক্তিসংগ্রামের বিভিন্ন পর্যায়ের নানা ছবি তারা দেখলো এখানে। অসহযোগ আন্দোলন, ২৫ মার্চের ভয়াবহ গণহত্যার ছবি, ইয়াহিয়া, ভূট্টোর প্রতারণামূলক আলোচনা, সেক্টর কমান্ডারদের নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকার গঠনের ছবি ও লিখিত বর্ণনা, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র ও মুজিবনগর মন্ত্রীপরিষদের শপথ গ্রহণের ছবি ও লিখিত বর্ণনা, সব কিছু সময় নিয়ে দেখলো ওরা।

সেখানে আরও ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিছু যন্ত্রাংশ। এরপর দাদাইয়ের পিছু নিয়ে ওরা রওনা হলো দ্বিতীয় তলার দিকে। দ্বিতীয় তলার প্রথম কক্ষটিতে মুক্তি সংগ্রামে নিহত শহীদদের ব্যবহার করা ব্রিফকেস, চশমা, বই, কলম, হাত ঘড়ি, ডাইরি, মানিব্যাগ ইত্যাদি। এখান থেকে ছোট একটা বারান্দা পার হয়ে যেতে হয় পরের ঘরটায়।

সেই বারান্দায় রয়েছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের ১১টি সেক্টরের ম্যাপ এবং প্রবাসী বাঙ্গালীদের মুক্তিযুদ্ধে অবদানের নানা ছবি। এরপর অন্য ঘর দুটিতে ওরা দেখলো মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, নৌ কমান্ডারদের ছবি ও ব্যবহৃত জিনিসপত্র, বাংলাদেশ বেতারের দলিলপত্রসহ আরও অনেক কিছু। এছাড়া সেই সময়কার দৈনিক পত্রিকাগুলোর ছবিসহ সংবাদ ইত্যাদি টুকিটাকি রয়েছে। এই ঘরগুলো দেখা শেষ করে দাদাই বললেন, এবার যে কক্ষটি দেখবি সেটির জন্য মনটাকে একটু শক্ত করে নে।

- কেন দাদাই?

- এখানে তোরা ১৯৭১ এর গণহত্যার কিছু বাস্তব প্রমাণ দেখতে পাবি। জাদুঘর ভবনের দ্বিতীয় তলার সেই ঘরটিতে ওরা দুরুদুরু বুকে ঢুকলো। সেখানে ছিল সংরক্ষিত আছে, বধ্যভূমি থেকে উদ্ধারকৃত শহীদের ব্যবহৃত সামগ্রী, মিরপুরের মুসলিম বাজার ও জল্লাদখানা থেকে উদ্ধারকৃত খুলি, হাড় এবং নারী নির্যাতনের হৃদয়বিদারক সব ছবি। সব দেখে বাচ্চারা কেমন চুপ হয়ে গেলো। দাদাই বললেন, এগুলোই সব নয় রে, জায়গার অভাবে পুরো সংগ্রহ তারা প্রদর্শন করতে পারেনি, ওদের সংগ্রহের সংখ্যা প্রায় আঠার হাজার। আমি এখানে যতবার আসি, বুকের ভেতরটা কেমন করে ওঠে। চল বাইরে গিয়ে বসি।”

জাদুঘর ভবন থেকে বেড়িয়ে এসে ওরা বসলো ভবনের পিছনের ফুড কর্নারে! দাদাই বললেন, এই জাদুঘরটির বেশ কিছু কাজ করে, যা আমার খুব পছন্দ।

-কী কাজ দাদাই?

- এরা মধ্যে মধ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাদুঘরে নিয়ে আসে!

- হ্যাঁ হ্যাঁ আমাদের স্কুল থেকে একবার এখানে এসেছিল, আমরা তখন খুব ছোট ক্লাসে পড়ি বলে আমাদের আনেনি। শান্ত বলে উঠলো।

- হু! ওটা ছাড়াও এদের ভ্রাম্যমাণ জাদুঘর নামের একটা কার্যক্রম আছে, এর মাধ্যমে পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধের স্মারক প্রদর্শন করা। যাই হোক, কে কী খাবি দেখ, আমি কাউন্টারে বলে যাচ্ছি! তোরা একটু খাইদাই কর, সেই ফাঁকে আমি লাইব্রেরিটা একটু ঘুরে আসি।