২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্যা গুড ডাইনোসর

আচ্ছা ডাইনোসর বলতে আমরা কী বুঝি? জুরাসিক পার্কের সেই ভয়ংকর ডাইনোসরদের তো? যারা তাদের বিশাল শরীর নিয়ে পুরো পৃথিবীকে গুঁড়িয়ে দিতে আসছে। উহু, আমাদের গুড ডাইনোসর মোটেই সেরকম কেউ না। বরং সত্যি সত্যি সে খুব মিষ্টি, সহজ সরল বাচ্চা ডাইনোসর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>আনোয়ারুল ইসলাম খান আনাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 04:25 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

গল্পের নায়ক হচ্ছে ছোট্ট আরলো। সে একটি এপ্টোসোরাস প্রজাতির ডাইনোসর। মজার কথা হচ্ছে, আরলো এবং তার পরিবার কিন্তু মোটেই বুনো ডাইনোসর নয়। তারা রীতিমতো গৃহী, চাষি ডাইনোসর। একদম মানুষদের মতো।

আরলোর পরিবারে আছে আরলোর মা, বাবা, খুবই চালাক একটা বোন আর বেশ শক্তিশালী ভাই। পরিবারের সবচে দুর্বল আর ভীতু ছেলে আরলো সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে সব কিছু নিয়ে। তার পরিবারের সবাই আকারে ভীষণ বড়। কিন্তু আরলো না তার ভাইয়ের মতো শক্তিশালী না তার বোনের মতো চালাক। আরলোর ভাই-বোন আরলোকে নিয়ে মজা করে, আরলোর মন খারাপ হয়, কিন্তু আরলোর বাবা ওকে খুব আগলে রাখেন।

আরলো খুব চেষ্টা করে বাড়িতে গুরুত্বপূর্ণ হতে। তাই সে সবদিকে খুব কড়া নজর রাখত। একদিন ভুট্টার গুদামের চোরকে তাড়া করতে গিয়ে ভীষণ ঝড়ের মধ্যে পরে আরলো। আরলোকে বাঁচাতে গিয়ে খরস্রোতা নদীতে চিরদিনের মতো হারিয়ে যায় আরলোর বাবা। আরলোও হারিয়ে ফেলল বাড়ির পথ। জঙ্গলের মধ্যে ভীতু, দুর্বল অরলোর সামনে এসে দাঁড়ায় নতুন একটা অনিশ্চিত জীবন। ঝড়ের মতোই আগ্রাসী যেই জীবন, অতল ঘূর্ণির মতোই সেই জীবনেও কোনো তল নেই।

শুরু হয় আরলোর ঘরে ফেরার দীর্ঘ যাত্রা। বন্ধুত্ব হয় এক প্রাগৈতিহাসিক মানব শিশু স্পট এর সঙ্গে। মজার কথা হল, স্পট মানুষ হলেও এই সিনেমায় স্পট কিন্তু একদম বুনো। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। পশু পাখির সঙ্গে মারামারি করে খাবার জোগাড় করে।

স্পট বোকা-সরল আরলোর দিকে হাত বাড়িয়ে দেয়। এই দুর্গম বনে বাঁচার অভিজ্ঞতা আছে স্পটের কিন্তু আরলোর নেই। ভাব হয় দুজনের।  দুজন মিলে বিভিন্ন বিপদ ঠেলে নতুন নতুন অভিজ্ঞতায় চলতে থাকে ঘরের পথে। বদলে যেতে থাকে চেনা পৃথিবী আর তার নিয়মকানুন। বদলে যেতে থাকে আরলো। ভয় কে জয় করার, নতুন কে স্বাগতম জানানোর মধ্যে দিয়ে চলতে থাকে আরলো ঘরের পথে।

আরলো কি পারবে ঘরে ফিরতে? তার মানুষ বন্ধুটি কি তার সঙ্গে থাকবে শেষ পর্যন্ত?

দ্যা গুড ডাইনোসর ডিজনি পিকসার স্টুডিও নির্মিত অন্যতম সুন্দরতম অ্যানিমেশন বলে মন্তব্য করেছেন ছবি বোদ্ধারা। ছবির দৃশ্য এত সুন্দর আর মনোরম দেখলেই মন ভালো হয়ে যায়। অসংখ্য চোখ ভেজানো মুহূর্ত আছে এ ছবিতে তেমনি আছে অনেক মজার আর সুন্দর ঘটনা যেটা মন কে ভীষণ নাড়া দেয় আর মন ভালো করে দেয়।

এই অ্যানিমেশনের সবচে সুন্দর দিকটা কি জানো? এই গল্পটা আমাদের মতো মানুষের কথা বলে। মানুষ মানেই তার কোনো না কোনো দুর্বলতা আছে। কেউই সব কাজে পারদর্শী না। আমরা সবাই কোথাও না কথাও কম বেশি দুর্বল।

পরিবারে সবচেয়ে কম কাজ পারা মানুষটা, সব কিছুতে ভয় পাওয়া মানুষটা, যখন তার প্রিয় মানুষটিকে হারানো মানুষটাকে বেঁচে থাকার প্রেরণা যোগায় আরলো। এ সিনেমায় আমরা দেখতে পাই কীভাবে বোকা, দুর্বল ডাইনোসরটা নতুন করে ফিরে আসে তার চেনা পৃথিবীতে নতুন মানুষ থুড়ি নতুন ডাইনোসর হয়ে। তাই এই সিনেমাটা ভীষণ অনুপ্রেরণা দায়ক।

এখান থেকে আমরা শিখতে পারি কিছুতেই হার মানার দরকার নেই, কিছুতেই আশা ছাড়াও দরকার নেই। আমাদের শুধু দরকার আছে বন্ধুর, দরকার কাছে প্রতিনিয়ত নিজের উপর বিশ্বাসের। দরকার আছে পরিবার আর কিছু অর্জন করার তীব্র ইচ্ছা।

এই সুন্দর সিনেমাটি পরিচালনা করেছে পিটার সোন। যদিও যুক্তরাষ্ট্রে এই ছবি ২০১৫ সালের নভেম্বরে মুক্তি পেয়েছে বাজারে ডিভিডি এসেছে কিন্তু এই বছরের ফেব্রুয়ারিতে।

আচ্ছা বলতো দেখি, আরলো কোন ধরনের ডাইনোসর? হুহু বাবা, প্রথম দিকেই লেখা ছিল কিন্তু!