২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারন্যাশনাল ডে অফ চারিটি

পৃথিবীতে নানান রকমের মানুষ বাস করে। তাদের দেশ, ভাষা, গায়ের রঙ যেমন আলাদা তেমনি আলাদা তাদের চিন্তাধারা। তবে এই পার্থক্যের সঙ্গে একটা দুঃখজনক বিষয়ও আছে সেটি হচ্ছে পৃথিবীর সকল মানুষ এক রকমের সুযোগ সুবিধা ভোগ করে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাকসুদা আজীজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2015, 05:49 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

কেউ কেউ বেশ সৌভাগ্যবান হয়। তাদের জীবন মোটামুটি সুখে এবং সাছন্দ্যে কেটে যায়। কিছু কিছু মানুষের জীবন কাটে অনেক সংঘর্ষ এবং কষ্টের মধ্যে দিয়ে। সহজ করে তুমি যদি ভাবো দেখো তুমি এবং তোমার বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে স্কুলে যাও আর ঠিক তোমাদের বয়সী কিছু ছেলে মেয়েই বের হতে হয় পত্রিকা বিক্রি করতে বা ফুল বিক্রি করতে।

এই সকল বৈষম্য পৃথিবীতে শুরু থেকেই ছিলো। দুঃখের ঘটনা হচ্ছে এই বৈষম্য তৈরির পিছনেও রয়েছে মানুষ সৃষ্ট কিছু নিয়ম। মধ্যযুগের সময়ে এই বৈষম্য অনেক বেড়ে যায়। সবাই যে যার যার মতো করে সম্পদ নিজের আয়ত্ত্বে আনার চেষ্টা করে। এর ফলে যারা দুর্বল তারা ধীরে ধীরে সম্পদহীন হতে থাকে। এক সময় মানুষে মানুষে এই বৈষম্য চরমে গিয়ে পৌছায়। সে সময় মানুষ অন্যের বিষয়ে অনেক কম অনুভূতিসম্পন্ন ছিলো। কারও কষ্ট, ব্যথা, জরা অন্য কাউকে আহত করতো না।

মধ্যযুগের শেষের দিকে কিছু মানুষ পৃথিবীতে আসেন যারা এই ধারণাগুলো থেকে পৃথিবীকে বের করে আনেন। বলা যায় তাদের কারণেই মধ্য যুগের ইতি ঘটে। তারা অন্যের বিষয়ে ভেবেছিলেন, সবাইকেও তাদের মতো করে ভাবতে উৎসাহী করেন। বলা হয়, চ্যারিটি বা দানশীলতাঁর শুরু সেই সময়ে। আস্তে আস্তে যখন পৃথিবীর যুদ্ধগুলো মানুষকে বুঝাতে শিখায়, ধ্বংসের মধ্যে নয়, পৃথিবীকে বাঁচাতে হবে ভালোবাসা দিয়ে, একে অপরকে সাহায্যের মধ্যে দিয়ে।

ঠিক সেই সময়ে ১৯১০ সালে মেসিডোনিয়াতে একটি আলবেনিয়ো পরিবারে অ্যানজেয গন বোজ্যাগসিই (Anjezë Gonxhe Bojaxhiu) নামে একটি মেয়ে জন্ম নেয়। মেয়েটির নামটি বেশ কঠিন হলেও এর অর্থ খুব সুন্দর। আলবেনিয়ো ভাষায় Gonxhe অর্থ ছোট ফুল বা গোলাপের কুঁড়ি। মেয়েটি যত বড় হতে থাকে তাঁর ভালোবাসার সৌরভ পৃথিবীব্যাপি তত ছড়াতে থাকে। সেদিনের সেই ছোট্ট মেয়েটিকে আজ তোমরা মাদার টেরেসা নামে চিনো। আজ ৫ সেপ্টেম্বর মাদার টেরেসার মৃত্যুবার্ষিকী। ১৯৯৭ সালের আজকের এই দিনে তিনি দেহ ত্যাগ করেন। তবে একজন মানুষ মরে গেলেও তাঁর কর্ম তাকে বাঁচিয়ে রাখে হাজার বছর ধরে। মাদার টেরেসা সেরকম একজন মানুষ। তাঁর মৃত্যুর পরে জাতিসংঘ তাঁর মানবতাবাদী কাজকে সম্মান করার জন্য ৫ সেপ্টেম্বরকে ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি ঘোষণা করে। এই বিশেষ দিনে চলো আমরা মাদার টেরেসা সম্পর্কে--

মাদার টেরেসার মা একজন মানবতাবাদী মানুষ ছিলেন। মায়ের এই চরিত্র ছোট্ট মাদার টেরেসার মনে খুব ছাপ ফেলে। তিনি খুব অল্প বয়সেই মানুষের সেবায় জীবন নিয়োগ করবেন এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ১২ বছর বয়সেই তিনি সেই দীক্ষা গ্রহণ করেন। ১৮ বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে আয়ারল্যান্ডের ‘সিস্টারস অফ লোরেটো’ নামক প্রতিষ্ঠানে যোগদান করেন। সেইদিনের পরে তিনি ৮৭ বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন কিন্তু তিনি আর কোনোদিন তাঁর মা এবং বোনের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। সিস্টারস অফ লোরেটোতে ইংরেজি শিক্ষা গ্রহণ শেষে তিনি ভারতের দার্জিলিং-এ আসেন। আলবেনিয় অ্যানজেয ইংরেজিতে অ্যাগনেস উচ্চারিত হতো। তখন উনাকে সবাই অ্যাগনেস নামেই চিনতো।

১৯৩১ সালে অ্যাগনেস একজন সন্যাসিনী বা নান হিসেবে শপথ নেন। থেরেসা অফ লিসিয়াস এবং টেরেসা অফ অলিভিয়া নামের আরও দুইজন প্রাচীন সাধুর নামের প্রতি সম্মান রেখে অ্যাগনেসের নতুন নাম করা হয় টেরেসা। মানুষের কল্যাণে এই প্রাচীন সাধুরা তাদের জীবন নিয়োগ করেছিলেন। সন্যাসিনী এরপরে টেরেসা কলকাতা চলে আসেন। সেখানে তিনি একটি  স্কুলে ইতিহাস ও ভূগোল পড়াতেন। এই স্কুলটি ছিলো অভিজাত পরিবারের মেয়েদের জন্য। যদিও টেরেসা এই স্কুলের কাজ অনেক উপভোগ করতেন কিন্তু এই অভিজাত পরিবেশের বাইরের দরিদ্র এবং অসহায় মানুষের কষ্ট তাকে ছুঁয়ে যেতো।

টেরেসা প্রায় ১৫ বছর এই স্কুলে চাকরি করেন। ১৯৪৬ সালে তিনি আবার দার্জিলিং ফিরে যান। তিনি এই দার্জিলিং যাত্রাকে তিনি প্রভুর ডাক হিসেবে অভিহিত করেন। সেই যাত্রায় গিয়ে উনি দরিদ্রের মধ্যে সর্বাধিক দরিদ্রদের সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন। সেখান থেকে ফিরে ২ বছর তিনি নার্সিং-এর শিক্ষা নেন। এই শিক্ষার পরে তিনি আর্চ বিশপের অনুমতিক্রমে সিস্টারস অফ লোরেট ত্যাগ করে দরিদ্রদের মধ্যে বাস করা শুরু করেন। কিন্তু তখন কলকাতার বস্তিবাসীরা এতটাই অবেহেলিত ছিলো যে তারা কেদারদস্তু কোনো ব্যাক্তির কাছ থেকে সেবা নেওয়া তো দূরে থাক, তাদের কাছেও যেতে কুন্ঠাবোধ করতো। তাই মাদার টেরেসা এবং তাঁর সঙ্গে অন্য নানদের পোষাকে কিছু পরিবর্তন আনেন। নানরা তাদের প্রচলিত পোষাক ত্যাগ করে সাধারণ নীল চিকন পাড়ের সাদা শাড়ি এবং চটি স্যান্ডেল পরে বস্তিতে বাসা ভাড়া করে বাস করা শুরু করে। মানুষের প্রতি ভালোবাসা এবং এই আন্তরিক ব্যাবহারই সিস্টার টেরেসাকে তাদের খুব কাছে নিয়ে আসে। এই পোষাক পরে টেরেসা তাঁর বাকি জীবন পার করেন।

বস্তিতে টেরেসা এবং তাঁর সঙ্গী নানদের জীবন খুব কঠিণ ছিলো। বস্তির শিশুদের টেরেসা লেখাপড়া শিখানোর চেষ্টা করেন কিন্তু তাঁর কাছে প্রয়োজনীয় কোনো উপকরণ ছিলো না। টেরেসা মাটিতে কাঠি দিয়ে লিখে লেখাপড়া শিখানো শুরু করেন। পাশাপাশি বাচ্চারা পরিস্কার-পরিচ্ছন্ন থাকার শিক্ষাও পায়। তিনি বাচ্চাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সমস্যাও দূর করার চেষ্টা করেন। এছাড়াও তিনি কুষ্ঠ আক্রান্ত রোগি, এতিম, গৃহহীন এবং বেকারদের জন্য ঘর করে দেন।

সিস্টার টেরেসার এইসব ভালো কাজের কথা চারিদিকে ছড়িয়ে যায়, অন্য যারা মানুষকে সাহায্য করতে ইচ্ছুক তারাও টেরেসার সঙ্গে জুটে যান। সবার সহযোগিতায় ১৯৫০ সালে সিস্টার টেরেসা ‘মিশনারিজ অফ চ্যারিটিজ’ গঠণ করে ফেলেন।  এভাবে মানুষের সাহায্য করতে করতে সিস্টার টেরেসা এক সময় মাদার টেরেসা খেতাব পান। মাদার টেরেসা তাঁর জীবনে অনেক রকমের সম্মানে ভূষিত হয়েছেন। সে সব সম্মানের মধ্যে উল্লেখযোগ্য ছিলো ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরষ্কার। এত সব পুরষ্কার পাওয়ার পরেও তিনি সেগুলো কখনও নিজের সুখের জন্য উপভোগ করেননি। বরং নোবেল কমেটির পুরষ্কার প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত ভোজসভা তিনি প্রতাখ্যান করেন। উপরন্তু তিনি অনুরোধ করেন এই ভোজের অর্থ যেন ভারতের দরিদ্র লোকেদের কল্যাণে ব্যয় করা হয়। মহৎ এই মানুষটির কাজ এবং আদর্শকে সম্মান করতে আজকের দিনকে ইন্টারন্যাশনাল ডে অফ চারিটি হিসেবে পালন করা হয়। আমরাও এই দিনে মহান মানুষ মাদার টেরেসাকে জানাই অনেক সম্মান।