লম্বা নাকের বানর
সারা বিশ্ব জুড়ে বানরদের রয়েছে অসংখ্য প্রজাতি। আজ আমরা এক অদ্ভুত দর্শন বানর সম্পর্কে জানব।
হয়ত ভাবতে পারো, বানর তো সব দেখতে একই রকম। আলাদা কীভাবে করবে? মজার ব্যাপারটা এখানেই। প্রোবোসিস বানর নামের এই প্রজাতির এমন এক অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা তাকে খুব সহজেই অন্য যে কোনো প্রজাতি থেকে আলাদা করে রাখে। তাদের অস্বাভাবিক লম্বা নাক একবার দেখলে ভুলে থাকা সম্ভব নয়! ইন্দোনেশিয়াতে এদের ডাকা হয় ‘বেকানতান’ নামে।
প্রোবোসিস বানরেরা কোলোবাইন (Colobinae) উপপরিবারের সদস্য। এদের রয়েছে দুটি উপজাতি-
১। এন আই লার্ভাটাস (N. l. larvatus )
২। এন আই অরিয়েন্টালিস(N. l. orientalis)
অবশ্য এই দুটি উপজাতির মধ্যে তেমন একটা পার্থক্য নেই।
এ প্রজাতির বানর সবচেয়ে বেশি পাওয়া যায় বর্নিও দ্বীপে। তিনটি দেশ এ দ্বীপকে ভাগ করেছে- ব্রুনেই, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। সামুদ্রিক এলাকা এবং নদীর আশেপাশের এলাকায় এদের সবচেয়ে বেশি দেখা যায়। ম্যানগ্রোভ বন এদের অন্যত প্রিয় এলাকা। এরা সাধারণত পানির এক কিলোমিটারের মধ্যে বাস করে। এরা খুব ভালো সাঁতারু, পানির নিচে এক দমে ২০ মিটারের মতো সাঁতরে যেতে পারে। গাছের ডাল থেকে মাঝেমাঝেই ঝাঁপ দিয়ে পানিতে পড়ে এরা।
প্রোবোসিস বানর এশিয়ার অন্যতম বড় বানর প্রজাতি। পুরুষ বানরেরা দৈর্ঘ্যে ৬৬ থেকে ৭৬.২ সেন্টিমিটার পর্যন্ত হয়। এদের ওজন হয় ১৬ থেকে ২২.৫ কেজি পর্যন্ত। তবে কিছু কিছু অতিকায় বানরের ওজন এমনকি ৩০ কেজি পর্যন্ত হয়। মেয়ে বানরেরা দৈর্ঘ্যে ৫৩.৩ থেকে ৬২ সেন্টিমিটার পর্যন্ত হয়। এদের ওজন হয় ৭ থেকে ১২ কেজি পর্যন্ত। সর্বোচ্চ ১৫ কেজি পর্যন্ত হতে দেখা যায় এদের। পুরুষ বানরের নাক লম্বায় ১০.২ সেন্টিমিটারেরও বেশি হতে পারে। সেক্ষেত্রে মুখের নিচে হাস্যকর ভাবে ঝুলে থাকে সেটা। এদের পিঠের লোম উজ্জ্বল কমলা, লালচে বাদামী, হলদে বাদামী কিংবা ইটের মতো লাল হতে পারে। মুখের রঙ হয় কমলা-গোলাপি।
প্রোবোসিস বানর মুখের বিভিন্ন ধ্বনির সাহায্যে যোগাযোগ করে থাকে। দলের সদস্যদের মধ্যে যোগাযোগের জন্য তারা একধরনের আওয়াজ করে থাকে, আবার বাচ্চাদের শান্ত করতে অন্য ধরনের আওয়াজ ব্যবহার করে। বিপদ সংকেতের জন্যেও আলাদা ধ্বনি রয়েছে। মেয়ে বানরেরা রেগে গেলে এক ধরনের আলাদা শব্দ করে। মুখের শব্দ ছাড়াও, মুখ খোলা রেখে দাঁত দেখিয়ে বিভিন্ন ভঙ্গি করা, গাছের ডাল আঁচড়ানো- ইত্যাদির মাধ্যমেও তারা ভাব প্রকাশ করে থাকে।
প্রোবোসিস বানর IUCN (International Union for Conservation of Nature) রেড লিস্টে বিপজ্জনক অবস্থায় রয়েছে। গত ৩৬-৪০ বছরে (২০০৮ সাল পর্যন্ত) এদের সংখ্যা অর্ধেকেরও বেশি কমে গিয়েছে। বর্তমান জনসংখ্যাও ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের বাঁচিয়ে রাখতে তাই প্রয়োজন সর্বোচ্চ সচেতনতা। নাহলে লম্বা নাকের এই অদ্ভুত বানরকে হয়ত আমরা আর দেখতেই পাবো না কোথাও।
