২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর

সকালের নাস্তার টেবিলে বসে সভ্যতা, ঐতিহ্য এবং ওদের নানাভাই নাস্তা করছিল। এক টুকরো রুটি ছিঁড়ে মুখে পুরতে পুরতে নানাভাই বললেন, আজ ১৫ আগস্ট। এই দিনটা যে বাংলাদেশের জন্য বিশেষ একটা দিন সেটা কি তোমরা জানো?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>শারমিন রেজওয়ানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 07:23 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

হ্যাঁ, জানি নানাভাই; আজ আমাদের জাতীয় শোক দিবস- সভ্যতা বলে উঠলো।

১৯৭৫ সালের এই দিনে রাতের অন্ধকারে একদল বিশ্বাসঘাতক খুনিদের হাতে ধানমন্ডির ৩২ নম্বরে নিজের বাড়িতে সপরিবারে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তাঁদের পরিবারের সবাইকে খুনিরা নির্মমভাবে হত্যা করেছিল সেদিন, শুধু মাত্র আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছিলেন’- ঐতিহ্য যোগ করলো।  
নানাভাই বললেন- তোমরা নিশ্চয়ই জানো বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ধানমন্ডির সেই ৩২ নম্বর বাড়িটির ছায়াতলে বাংলাদেশের বহু সংগ্রাম, আন্দোলন এগিয়েছে। সেই সঙ্গে এই বাড়িটি বাংলাদেশের জন্য লজ্জাজনক, কলংকিত এবং করুণ এক ইতিহাসেরও সাক্ষী।

বঙ্গবন্ধুকে হত্যা করার অনেক বছর পরে ১৯৮১ সালে ধানমন্ডির ৩২ নম্বরের সেই বাড়িটি হস্তান্তর করা হয় শেখ হাসিনার কাছে। এরপর বঙ্গবন্ধু কন্যারা ১৯৯৩ সালে বাড়িটি বঙ্গবন্ধু ট্রাস্টের কাছে তুলে দেন। তারপর থেকেই শুরু হয় একে ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে’ রূপান্তরিত করার কর্মযজ্ঞ। ১৯৯৪ সালের ১৪ আগস্ট জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

চলো আজকে তোমাদের আমি এই জাদুঘরটি দেখতে নিয়ে যাবো। বললেন নানাভাই। এরপর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে ওরা বেড়িয়ে পরলো ধানমন্ডি ৩২ নম্বরের উদ্দেশ্যে। ছায়া সুনিবিড়, সবুজ গাছে ঘেরা সাদা রঙের তিনতলা মূল বাড়ি এবং এর পাশের সম্প্রসারিত আরেকটি ভবন নিয়েই জাদুঘর। বাড়িটির সামনে ধানমন্ডি লেক। জাদুঘরের গেইট দিয়ে ঢুকে নিয়মানুযায়ী অভ্যর্থনা কক্ষে ব্যাগ, মোবাইল এবং ক্যামেরা রেখে ওরা ঢুকে পরলো জাদুঘরে।
বঙ্গবন্ধু জাদুঘরের মূল বাড়ির প্রথম তলার শুরুতেই রয়েছে শেখ মুজিবর রহমান বিশাল একটি ছবি। নানাভাই তাঁর নাতি-নাতনীকে নিয়ে কিছুক্ষণের জন্য সেই ছবির সামনে দাঁড়ালেন।
বেশ কিছুক্ষণ নীরবতার পর এক সময়ে বললেন, শেখ মুজিরব রহমান জন্মগ্রহণ করেছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তাঁর ডাকনাম ছিল খোকা, ছেলেবেলায় বাবা-মা তাঁকে এই আদর করে নামেই ডাকতেন। পিতার ইচ্ছে ছিল খোকাকে তিনি বিলেতে পাঠাবেন ব্যারিস্টারি পড়তে। কিন্তু দেশ সেবার মন্ত্র রয়েছে যার ভেতরে সে কি আর দেশকে ছেড়ে ভিনদেশে যেতে পারে? বঙ্গবন্ধু বিলেতে পড়তে গেলেন না, তার বদলে জড়িয়ে পরলেন রাজনীতিতে। তাঁর পুরো জীবনটা ছিল ঘটনাবহুল, ঘাত-প্রতিঘাতে ভরা। পাকিস্তান আমলের ২৫ বছরের মধ্যে ১১ বছরই তিনি জেলের চার দেয়ালের মধ্যে কাটিয়েছেন। তাতে কিন্তু তিনি দমে যাননি, পিছিয়ে পড়েননি। তাঁর আদর্শেই অনুপ্রাণিত হয়ে একসময়ে বাংলার মানুষ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পরে হানাদার বাহিনীর বিরুদ্ধে-ছিনিয়ে নিয়ে আশে বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতার।

কথা বলতে বলতে তারা ভিতরের দিকে এগুলো- প্রথম তলার রয়েছে ১৯৭৫ সালে ১৫ আগস্টে নিহত সবার ছবি এবং কিছু আসবাবপত্র। এই ঘরটি আগে ছিল ড্রইং রুম, এখানে বসে মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধু দেশ-বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেছেন। এই ঘরের  পাশের ঘরটি ছিল শেখ মুজিবুর রহমানের পড়ার ঘর, এখানে তিনি লেখালেখির কাজও করতেন। ১৯৭১ সালে এই ঘর থেকেই তিনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠিয়েছিলেন। এরপর দোতালায় উঠার সিঁড়ি, সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় এখনো চোখে পড়বে সেই রাতের তাণ্ডবলীলার নিদর্শন, দেয়ালের গায়ে গুলির চিহ্ন। সেখানে শিল্পীর তুলিতে আঁকা বঙ্গবন্ধুর গুলিবিদ্ধ অবস্থার একটি প্রতিকৃতি দেখলো ওরা।

দোতলায় গিয়ে প্রথমেই যে ঘরটি দেখল ওরা সেটি ছিল বঙ্গবন্ধুর বাসকক্ষ। এরপরের প্রথমে কক্ষটি ছিল বঙ্গবন্ধুর শোওয়ার ঘর, তার পরেরটি শেখ রেহানার শোওয়ার ঘর। বঙ্গবন্ধুর শোবার ঘরের দেয়ালে এখনও গুলির চিহ্নগুলো অবিকৃত অবস্থাতেই রাখা হয়েছে, সাক্ষী দিচ্ছে জাতির কলঙ্কজনক এক অধ্যায়ের। তৃতীয় তলাটার এক পাশে পড়ার ঘর। এই ঘরটা নাকি থাকত পরিবারের যে সদস্যের পরীক্ষা থাকবে নিরিবিলিতে পড়াশুনার করতে তার জন্য বরাদ্দ থাকতো। এর আরেকপাশে বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল আর সুলতানা কামালে ঘর। এই ঘরের দেয়ালেও রয়েছে গুলির চিহ্ন, এছাড়া পিয়ানো, সেতার ইত্যাদি আগের মতো করেই সাজানো আছে। ১৯৭৫ সালের পনের আগস্টের হত্যাযজ্ঞ, লুটপাটের পর যা কিছু ছিল সব দিয়ে আগের মতো করেই সাজানোর চেষ্টা করা হয়েছে পুরো বাড়িটাকেই। ওরা ঘুরে ঘুরে একের পর এক ঘর গুলো দেখছিল, আর শিহরিত হচ্ছিল সেই রাতের নারকীয় তাণ্ডবের কথা ভেবে।

এরপর ওরা গেল পাশের সম্প্রসারিত জাদুঘর ভবনে। চারতলা বিশিষ্ট জাদুঘরটির  প্রতি দেয়ালে দেয়ালে ছড়িয়ে আছে বাংলাদেশের ভূমিষ্ঠ হবার সংগ্রামী ইতিহাসের ছবি। সেই সঙ্গে এই দেশটার জন্য বঙ্গবন্ধু আর তার পরিবারের আত্মত্যাগের কাহিনী। এখানে ওরা দেখতে পেলো বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ে নানা আলোকচিত্র, মহাত্মা গান্ধী,  হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানীর পাশে দাঁড়িয়ে থাকা তরুণ মুজিবের ছবি, ভাষা আন্দোলনের ছবি। এখানে থাকা বিভিন্ন প্রদর্শন সামগ্রীর মধ্যে আরও রয়েছে ছোট্ট শেখ রাসেলের খেলার জিনিস যেমন- বল, হিকষ্টিক, ব্যাট, হেলমেট, সুলতানা কামালের সঙ্গে তার ছবি ইত্যাদি। এছাড়া বঙ্গবন্ধু ব্যবহৃত পাইপ, চশমাসহ বিভিন্ন জিনিসপত্র তো রয়েছেই। সঙ্গে আসা গাইড জানানো  আরও নিদর্শন প্রদর্শনীর জন্য আনার কথা রয়েছে।

এভাবে ঘুরে দেখতে দেখতে এক সময়ে ওরা টের পেলো কখন যেন পুরো জাদুঘরটাই ঘুরে দেখা হয়ে গেছে। ওরা জাদুঘর ভবন থেকে বের হয়ে এসে রাস্তার উল্টো দিকে লেকের পাশে গিয়ে দাঁড়ালো। এখানেও বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি রয়েছে। সব কিছু দেখে কেমন যেন মন খারাপ হয়ে যায় ওদের। ঐতিহ্য বললো, যে লোকটা এই দেশের জন্য এত কিছু করলো, তার প্রতিদান এভাবে পেলো! মানুষ এত বড় অন্যায় কেন করে নানাভাই?’

নানাভাই বললেন, কিছু মানুষ পথভ্রষ্ট হয়, তাদের বিচার তারা পাবে। কিন্তু তোমরা, এই নতুন প্রজন্ম, তোমাদের দেশের সঠিক ইতিহাস জানবে, অন্যদের জানাবে। দেশকে ভালবাসবে, দেশের ভালর জন্য চিন্তা করবে, ভাববে- এভাবেই তোমরা জাতির জনকের প্রতি সম্মান জানাতে পারবে।

তোমরা যারা এখনও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাওনি, একদিন অবশ্যই সময় করে ঘুরে আসবে। স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিকের উচিত সুযোগ থাকলে একবার এই বাড়িতে পা রাখা, কারণ এখানে শুধু একটি পরিবারের স্মৃতিচিহ্ন নয়, রয়েছে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের ছবি।

এই জাদুঘরে সাপ্তাহিক ছুটি বুধবার, এই দিন ছাড়া যে কোন দিন সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত খোলা থাকে। টিকিটের মূল্য মাত্র পাঁচ টাকা, তবে তিন বছরের নিচের বাচ্চাদের জন্য কোন টিকিট কাটতে হয় না। আর যাদের বয়স ১২ বছরের কম, তোমরা কিন্তু শুক্রবারে বিনামূল্যে জাদুঘর ঘুরে দেখে আসতে পারো।