মহেড়া জমিদার বাড়ি
বেশ কিছুদিন ধরেই বাবা-মা বলছিলেন ঢাকার আশেপাশের কোনো জায়গা থেকে বেড়িয়ে আসার কথা, ঠিক হলো সপ্তাহান্তের ছুটিতেই সেটা হবে। সভ্যতা আর ঐতিহ্য তো শুনেই চনমনে হয়ে উঠলো; বাবাকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি বাবা আমরা?
বাবা বললেন, ঢাকার খুব কাছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা এবং বিনোদন পার্ক আছে-বলিয়াটি জমিদার বাড়ি, মহেরা পুলিশ একাডেমী, নবাবগঞ্জ এবং বিরুলিয়া গ্রামের উপনিবেশিক কলোনি, তেওতা জমিদার বাড়ি, নন্দন পার্ক-সহ আরও অনেক কিছু, তোমরা কোথায় যেতে চাও বলো?
এত এত নামের মধ্য থেকে দু’ভাই বোন কোনটা বেছে নেবে কিছুতেই ঠিক করতে পারছিল না। তখন মা একটা সহজ সমাধান করে দিলেন, বললেন এসো আমরা ছোট ছোট কাগজের টুকরোয় সবগুলো জায়গার নাম লিখে ভাঁজ করে রাখি। এরপর সভ্যতা চোখ বন্ধ করে যে কোন একটা টুকরো তুলে নেবে, সেখানে যে নামটি থাকবে ওখানেই আমরা যাবো এবার।
ঐতিহ্য বলে উঠলো লটারি করে ঘুরতে যাওয়া; খুব মজা হবে! তবে শেষ অবধি যখন কাগজ খুলে মহেরা পুলিশ একাডেমীর নাম পাওয়া গেলো তখন দু’ ভাই-বোন কিছুটা নিরাশ! ঐতিহ্য বলল, পুলিশ একাডেমীতে কী দেখবো মা?
মা বললেন, ওটা শুধুই পুলিশ একাডেমী নয় ঐতিহ্য। পুরানো একটা জমিদার বাড়িকে মোটামুটি অপরিবর্তিত রেখে পুলিশ একাডেমী বানানো হয়েছে, তোমাদের খুব ভাল লাগবে দেখো।
সুতরাং এক ছুটির দিন সকালে ওরা বেড়িয়ে পড়লো মহেড়া পুলিশ একাডেমীর উদ্দেশ্য। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সেটা। ঢাকা-টাঙ্গাইল হাইওয়ে ধরে ওদের গাড়ি চলতে শুরু করলো, ঢাকার বাইরে বেরুলেই প্রকৃতি হুট করে যেন বদলে যায়- চারপাশটা সবুজে সবুজে কেমন শান্ত আর মায়াময় হয়ে ওঠে। রাস্তার দু’পাশের বিস্তীর্ণ ক্ষেতগুলো এখন বর্ষার পানিতে টইটুম্বুর, তাতে অগণিত শাপলা আর নীলচে এক ধরনে জলজ ফুল ফুটে রয়েছে।
টাংগাইল জেলা কিন্তু জমিদারদের জন্য বেশ বিখ্যাত, এই অঞ্চলের বড় জমিদারিগুলোর মধ্যে অন্তত তিনটি মোঘল আমলে প্রতিষ্ঠিত বলে ধারণা করা হয়-- করটিয়ার পন্নী, সন্তোষ (কাগমারী জমিদার) এবং ধনবাড়ি। এছাড়া এই অঞ্চলে বেশ কিছু ক্ষুদ্র জমিদার শ্রেণির বিকাশ হয়েছিল, যাদের কীর্তির সাক্ষ্য এখন বর্তমান। আমরা এখন যে জমিদার বাড়ি দেখতে যাচ্ছি, সেই মহেড়া জমিদারির পত্তন হয়েছিল ১৮৯০ সালে। বিন্দু সাহা, বুদ্দু সাহা, হরেন্দ্র সাহা ও কালীচরণ সাহা নামের চার ভাই এই জমিদারির অংশীদার ছিলেন। হিন্দুদের মধ্যে ‘সাহা’রা হলো ব্যবসায়ী শ্রেণি। ইতিহাস পর্যালোচনায় জানা যায়, মহেড়ার সাহারা ছিলেন কলকাতার ডালের ব্যবসায়ী । অষ্টাদশ শতকের শেষের দিকে এরা মহেড়া এসে বসবাস শুরু করেন এবং স্থানীয় গ্রামবাসীদের মধ্যে দাদন খাটিয়ে বিস্তর টাকা-পয়সা উপার্জন করেন। পরবর্তীতে ব্রিটিশ সরকার ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করলে এদের ছেলেরা করটিয়ার ২৪ পরগনার জমিদারদের কাছ থেকে জমিদারির একটি অংশ কিনে নেন। জমিদার বিন্দু সাহা, বুদ্দু সাহা, হরেন্দ্র সাহা এবং কালীচরণ সাহার পরবর্তী বংশধরগণ 'রায় চৌধুরী পদবী’ লাভ করেন। উনবিংশ শতকের চল্লিশের দশকে জমিদারি প্রথার বিলুপ্তি হয়। দেশ বিভাগের পরে এই জমিদার বংশের দু’জন সদস্য ছাড়া বাকি সবাই কলকাতার শোভা বাজার এবং সল্ট লেক এলাকায় পাড়ি জমান।
বিধ্বস্ত হয় জমিদার বাড়ি এবং এদের শেষ উত্তরসূরিরাও বাড়ি ছেড়ে পাড়ি জমায় কলকাতায়। বাংলাদেশ দেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মান্নান পরিত্যক্ত এই জমিদার বাড়িটিতে পুলিশ ট্রেনিং সেন্টার স্কুল স্থাপন করেন। ১৯৯০ সালে যা ‘পুলিশ ট্রেনিং সেন্টার’ হিসেবে আত্মপ্রকাশ করে।
গল্প শুনতে শুনতে কোথা থেকে যে প্রায় দু ঘণ্টা সময় পেরিয়ে গেলো ওরা টেরই পেলো না। আরও কিছুদূর চলার পরে নাটিয়াপাড়া বাস স্টান্ডের কাছে এসে ‘মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার’ লেখা একটা ফলক দেখা গেলো। সেই দিক নির্দেশনা অনুযায়ী ওদের গাড়ি মহাসড়ক ছেড়ে আরেকটি অপেক্ষাকৃত সরু রাস্তার ধরে এগিয়ে চললো। সেই রাস্তা কখনও মানুষের বাড়ির পাশ ঘেঁষে, কখনও পুকুরের ধার ধরে ওদের এক সময়ে মহেড়া পুলিশ একাডেমির সামনে নিয়ে এলো। বিশাল পুকুরের ওপর পাশে সারি দিয়ে দাঁড়ানো সুরম্য প্রাসাদগুলো দেখে ওরা মুগ্ধ না হয়ে পারলো না। সম্ভবত পুলিশ একাডেমী হবার কারণেই এত পুরনো প্রাসাদগুলো এখনও বেশ ভালো আছে। যত্ন যে নেওয়া হয় তা দূর থেকে দেখেই বোঝা যাচ্ছিলো।
বিশাল পুকুরটির পোশাকি নাম হলো বিশাখা সাগর, বর্তমানে এর একপাশে রয়েছে টিকেট কাউন্টার। টিকেট কেটে ওরা পা রাখলো মহেড়া জমিদার বাড়ির বিশাল আঙ্গিনায়। প্রায় ১১শ’ ৭৪ শতাংশ জমির উপর অবস্থিত মহেড়া জমিদার বাড়ির চার ভাগে রয়েছে চারটি মূল প্রসাদ, যাদের নাম মহারাজা লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরন লজ।
ওদিকে মহারাজা লজের ছাদের চূড়ায় রয়েছে ফুল,লতা-পাতায় অলংকৃত অপূর্ব সুন্দর একটা ত্রিকোনাকার পেডিমেন্ট। এছাড়া এই প্রাসাদের সামনের দিকে ছয়টি কোরান্থিয়ান ধাঁচের স্তম্ভ এবং প্রতিটি জানালার উপরে ত্রিফয়েল আর্চের ব্যবহার একটি চম ৎ কার ফিউশনের সৃষ্টি করেছে ।
দু’পাশের বারান্দার উপরে সম্ভবত প্যাঁচানো ধাঁচের লেগো দেখে বাবা বললেন, এটা মনে হয় মহেড়া জমিদারির সিল! মহারাজা লজের পেছনে বেশ খানিকটা ফাঁকা জায়গার পরে একতলা আরেকটি ভবন। ভবনটির সামনের দিকে অনুচ্চ স্তম্ভের উপরে নির্মিত ত্রিফয়েল আর্চ যুক্ত প্রবেশদ্বার আছে। এর পেছনের অংশে অলংকৃত কাঠের দরজা, যাকে আধুনিক কালের সংযোজন বলে মনে হয়েছে। মহারাজা লজ এবং এই ভবনের মাঝখানের জায়গাটায় পুলিশ প্রশাসন সিমেন্ট বালু দিয়ে তৈরি বাঘ, হরিণ, সারস, ঘোড়া, দোয়েল ইত্যাদি দিয়ে সাজানোর চেষ্টা করেছে। কিন্তু সমান আকারের ঘোড়া এবং দোয়েল, বিশাল হরিণ, বিড়ালের মতো বাঘ পুরো বিষয়টাকে কেমন যেন হাস্যকর করে তুলেছে।
এসব স্থাপনা ছাড়াও এই জমিদারি কমপ্লেক্সের পেছনের দিকে রানী মহল, কর্মচারীদের থাকার জন্য কিছু ভবন এবং দুটি পুকুর দেখলো ওরা । পুলিশ প্রশাসন বেশ রং-টং করে সব রঙ্গিন করে রেখেছেন। তবে বাবা বলছিলেন, এই যে প্রাসাদ এবং সিংহ দরজা গুলোর চড়া লাল, নীল, হলুদ, সবুজ রঙ ব্যবহার কথা হয়েছে সেটা কিন্তু এই সব ঐতিহাসিক স্থাপনার সাথে একেবারেই মানানসই নয়। সেই উপনিবেশিক আমলে মানুষ প্রাসাদে এই ধরনের রঙের ব্যবহার করতো না। সেই সঙ্গে মা যোগ করলেন, দেখো প্রাসাদ গুলোর সামনের বাগানে এত বড় বড় গাছ-পালা লাগিয়েছে যে আসল জিনিসটাই ভাল করে দেখা যায় না। এই বাগানে এমন গাছ লাগানো উচিত যারা প্রাসাদ গুলোকে ঢেকে ফেলবে না। এছাড়া চৌধুরী লজে’র সামনে যেখানে মহেড়া গণহত্যা সংঘটিত হয়েছিল সে সেখানটায় এই সম্পর্কিত কিছু তথ্য সম্বলিত বোর্ড বা এ ধরনের কিছুও দেয়া উচিত ছিল।
এসব কিছু স্বত্বেও নিরিবিলি এই জমিদারি স্থাপনা দেখে ওদের খুব ভাল লাগছিল। ঢাকার এত কাছে এমন সুন্দর একটা ঐতিহাসিক স্থাপনা ও সেই সঙ্গে সারাদিন কাটিয়ে দেবার মতো একটা বেড়ানো জায়গা রয়েছে-এই তথ্যটা মনে হয় অনেকেই জানে না।
তোমরা যদি সভ্যতা এবং ঐতিহ্যের মতো করে একদিন যেতে চাও মহেড়া জমিদার বাড়িতে তবে বাড়ির বড় কাউকে সঙ্গে করে একদিন বেড়িয়ে পরো, চলে যাও মহাখালি বাস টার্মিনালে। ওখান থেকে তোমাদের চড়তে হবে ঢাকা থেকে টাঙ্গাইলগামী যে কোনো বাসে, এরপর নাটিয়াপারা বাসস্ট্যান্ডে নেমে পরবে। সেখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে রয়েছে মহেড়া জমিদার বাড়িটি, এটুকু রাস্তা অটোরিকশা করেই যাওয়া যাবে।
