২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলুন ফুলালো কে?

ইদানীং স্কুল শেষে অলস দুপুরে করার মতো কিছু পাচ্ছো না? বাইরে হয় প্রচণ্ড গরম, নয়তো ঝুম বৃষ্টি। কেউ খেলতেও যেতে রাজি হয় না। তবে চলো ঘরে বসেই মজার কিছু করা যাক। আজকে এসো ছোট্ট কিন্তু মজার একটি কাজ করি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>মিনহাজ-উস-সালেকীন ফাহমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 06:12 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

বেলুন তো আমাদের সবারই খুব ভালো লাগে। বুক ভরে বাতাস নিয়ে ফুঁ দিয়ে বেলুন ফুলাতে বেশ কষ্ট হলেও বেলুন নিয়ে খেলতে খুবই মজা! সব সময় তো কষ্ট করে বেলুন ফুলালাম, আজ চলো একটু অন্যভাবে কাজটা করার চেষ্টা করি, আজ ফুঁ না দিয়েই বেলুন ফুলিয়ে ফেলি।  

যা যা লাগবে:
১। বাতাস ছাড়া বেলুন

২। ভিনেগার (পাতলা এবং কম পরিমাণে)

৩। একটি খালি বোতল (অবশ্যই প্লাস্টিকের হতে হবে)

৪। ২ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা

৫। দুটি ফানেল 

পরীক্ষা পদ্ধতি:
প্রথমেই একটি ফানেল নিয়ে বোতলের মুখে বসিয়ে দাও। এবার সাবধানে ফানেলের ভিতর দিয়ে বোতলের ভিতর ভিনেগার প্রবেশ করাও। ভিনেগার দিয়ে বোতলের অর্ধেক পরিমাণ ভর্তি করো। এবার বেলুনটি নিয়ে ভালো করে টেনে নাও, যেন বেশি ফুলাতে পারো। তারপর অন্য ফানেলটি নিয়ে বেলুনের ভিতরে প্রবেশ করাও। ২ চামচ বেকিং সোডা এই ফানেলের মাধ্যমে বেলুনের ভিতরে প্রবেশ করাও। এবার বেলুনের মুখটি বোতলের মুখের সঙ্গে আটকে দাও। কিন্তু কাজটি সাবধানে করবে যেন এসময় কোনো বেকিং সোডা বোতলের ভিতরে ঢুকে না যায়। এবার তৈরি হও সবচেয়ে আকর্ষণীয় অংশটির জন্য! বেলুনটি উঁচু করে ধরো যাতে বেকিং সোডা বোতলের ভিতরে পড়ে যায়।

কী দেখলে? পুরোটা বেকিং সোডা পড়ার আগেই হুট করে তোমার বেলুন ফোলা শুরু করে দিয়েছে! কয়েক মুহূর্তের মধ্যে দেখবে বিশাল আকারের হয়ে গিয়েছে তোমার বেলুন!

কেন এমন হলো?
আচ্ছা এবার চলো চিন্তা করে দেখি কী ঘটলো এখানে। বেলুনের ভিতরে আগে কোনো বাতাস ছিলো না, এজন্য সেটি চুপসানো অবস্থায় ছিলো। যখনই বেলুনের বেকিং সোডা বোতলের ভিনেগারের সংস্পর্শে আসলো, রাসায়নিক বিক্রিয়াটি ঘটলো। এ রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হলো কার্বন-ডাই-অক্সাইড গ্যাস। যেহেতু বেলুন আর বোতলের মুখ বন্ধ তাই সেটি যাওয়ার আর কোনো জায়গা পেল না। সোজা গেল চলে গেল বেলুনের ভিতরে। ফলাফল, তোমার বেলুন ফুলে উঠল নিমিষেই!

এভাবেই তোমার নিজের কোনো শক্তি ক্ষয় ব্যয় না করেই তুমি বেলুনটি ফোলাতে পারলে!

বিজ্ঞানের এই খেলাটা খুবই মজার। কিন্তু এটি সবসময় মনে রাখবে বিজ্ঞান কিন্তু একটি নির্দিষ্ট নিয়মে চলে, সেই নিয়মকে তুমি কিছুতেই হেলা-ফেলা করবে না। তুমি যদি নিয়মগুলো মাথায় না রাখো তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে । যেমন আমাদের এই বেলুনের খেলায় আমরা যদি ভিনেগার ও সোডার বোতলটি শক্ত কিছু দিয়ে আটকাতাম বোতল ফেটে বড় বিস্ফোরণ হতে পারতো যেহেতু বিক্রিয়া খুবই দ্রুত হয় এবং তুমি সড়ে যাবার সময়ও পাবে না। তাই এই পরীক্ষায় তুমি যে সাবধানতাগুলি অবলম্বন করতে হবে তা হলো--

১। বোতলটি অবশ্যই প্লাস্টিকের হবে।

২। বেলুন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে মুখ বন্ধ করা যাবে না।

৩। চোখে প্লাস্টিকের গগলস পরে নিতে হবে।

৪। বড় কারও সাহায্য ছাড়া এটি একা একা করতে যাবে না।

তাহলে এখন ফুঁ না দিয়েই ফুলিয়ে ফেলো তোমার বেলুন।