২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ নিয়ে যত তথ্য

তুমি এই লেখাটি পড়ছো কী দিয়ে? ভাবছো এটা আবার কেমন প্রশ্ন হলো? চোখ দিয়ে দেখছি আর পড়ছি। আমাদের এই দুটো চোখ দিয়ে আমরা কত কিছুই না দেখি। চলো আজকে আমাদের এই চোখ দিয়ে, চোখ নিয়েই কিছু জানা-অজানা তথ্য পড়ে ফেলি--

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুশফিকুর রহমান আশিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 01:48 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

  • চোখের সামনে আলো থাকলেই চোখ সাড়া দেয় এবং আমাদের দেখতে সাহায্য করে।

  • আমাদের চোখে যে তথ্যটা আসে, সেটা আসলে প্রথমে আমাদের অপটিক স্নায়ু থেকে আমাদের মস্তিষ্কে পৌঁছায়, এরপর আমাদের মস্তিষ্ক ঐ তথ্যটাকে নিয়ে চিন্তা করে এবং সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করে। উদাহরণ হিসেবে বলা যায়, যখন খুব দ্রুত একটা পাখি তোমার দিকে উড়ে আসে, তখন তুমি কী করো? খুব তাড়াতাড়ি সরে যাও। এই তাড়াতাড়ি সরে যাওয়ার সিদ্ধান্তটা নিতেই তোমাকে তোমার মস্তিষ্ক সাহায্য করে।

  • পৃথিবীর প্রায় ৯৫% প্রাণীরই চোখ আছে। কিছু কিছু প্রাণীর চোখ খুব সাধারণ কাজ করে। যেমন, আলো আর অন্ধকারে সাড়া দেয়া। কিন্তু কিছু কিছু প্রাণীর চোখ শুধু আলো আর অন্ধকারই নির্ণয় করে না বরং রঙ, গভীরতা এগুলোও নির্ণয় করে।

  • কিছু কিছু প্রাণীর চোখের অবস্থান মানুষের মতোই, খুব কাছাকাছি দুটি চোখ অবস্থান করে যেন দৃষ্টির গভীরতাটা বেশি হয়। কিন্তু কিছু প্রাণীর চোখ বেশ দূরে অবস্থান করে এবং মাথার বিপরীত দুই পাশে থাকে। এভাবে তাদের দৃষ্টিসীমার আওতাধীন এলাকা অনেক বৃদ্ধি পায়। এতে তাদের শিকার বা শিকারিকে সহজেই খুঁজে বের করতে সহজ হয়। যেমন: ইঁদুর।

  • চোখের ভিতরের যে অংশটা আলোক সংবেদনশীল, সে অংশটির নাম রেটিনা। ক্যামেরাতেও এইরকম রেটিনা থাকে যা আলো পেলে প্রতিক্রিয়া দেখায়।

  • রেটিনার ভিতরে দুই ধরণের কোষ থাকে। এক ধরণের কোষ আলোর রং নির্ণয় করে, এদের নাম ‘কোন’ কোষ। আরেক ধরণের কোষ খুব কম আলোয় দেখতে সাহায্য করে, এদের নাম ‘রড’ কোষ।

  • চোখের যে অংশটা আমাদেরকে বিভিন্ন বস্তুকে ফোকাস করতে সাহায্য করে, সেটার নাম লেন্স। লেন্সের মাধ্যমেই আমরা দূরের ও কাছের বিভিন্ন বস্তুকে স্পষ্ট দেখতে পাই। লেন্স নির্দিষ্ট আকারে নিজেকে ছোট ও বড় করে আমাদেরকে লক্ষ্যবস্তু দেখতে সাহায্য করে।

  • চোখের মাঝে অবস্থিত গোল গাঢ় অংশটির নাম পিউপিল বা চোখের মণি। আলোর তীব্রতা অনুযায়ী এটি ছোট কিংবা বড় হয়।

  • পিউপিলের চারপাশে অবস্থিত রঙ্গিন অংশটির নাম আইরিশ। আইরিশ পিউপিলের ছোট বা বড় হওয়া আকারকে নিয়ন্ত্রণ করে। এর রং লাল, নীল, বাদামি বিভিন্ন রকম হতে পারে।
  • আইরিশ আর চোখের মণিকে যে স্বচ্ছ অংশটা ঢেকে রাখে, তার নাম কর্নিয়া। কর্নিয়া লেন্সের সঙ্গে সঙ্গে আলোকে প্রতিসরিত করে যাতে সেটা রেটিনায় ঠিকমতো গিয়ে ধরা পড়ে।

  •  প্রাণিজগতে ভিন্ন ভিন্ন সদস্যের ভিন্ন ভিন্ন রকমের চোখ আছে। যেমন মানুষের চোখ একটি মাছির চোখের চেয়ে আলাদা। মাছির চোখ দ্রুত চলাচল সহজে নির্ণয় করতে পারে, যেটা মানুষের চোখ পারে না।

  • মানুষের চোখের ভেতরে একটি ব্লাইন্ড স্পট নামক ছোট অংশ আছে, যেখান থেকে অপটিক স্নায়ু রেটিনার মধ্যে দিয়ে চলে গেছে। মানুষের একটি চোখ একটু কম দেখলে অন্য চোখ সেটুকু পূরণ করে দেয়, তাই একটি চোখের সীমাবদ্ধতা অতটা বোঝা যায় না।

  • দূরের বা কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে সমস্যা হলে কন্টাক্ট লেন্স বা চশমা ব্যবহার করা হয় যার ফলে দীর্ঘ দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি এর সমস্যা ঠিক হয়ে যায় এবং মানুষ স্পষ্ট দেখতে পায়।