ভ্রমণ কাহিনি: চাঁদরাতে লন্ডনে
পুরো রাস্তাজুড়ে মেহেদি উৎসব চলছিল। বাঙালি, পাকিস্তানি আর অন্যান্য মুসলিম দেশের মেয়েরা দর্শনার্থী ও শিশুদের হাত সাজিয়ে দিচ্ছিল মেহেদি দিয়ে।
গত বছর কোরবানির ঈদ করার পরিকল্পনা করেছিলাম লন্ডনে। জার্মানিতে ঈদের দিনগুলো তেমন জমে না, তাই বন্ধুদের সঙ্গে একটু ঘোরাঘুরি এবং ঈদ উদযাপন করার জন্য লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
জার্মানির ড্রেসডেন এয়ারপোর্ট থেকে শুরু করি যাত্রা। আগেই লন্ডনের জন্য ভিজিট ভিসা করিয়ে নিয়েছিলাম, মোটামুটি ২০০ ইউরোর মতো খরচ হয়েছিল এবং দুই সপ্তাহের মধ্যেই ভিসা পেয়ে যাই। আসা যাওয়ার এয়ার টিকিট হয়ে গেল ৫০ ইউরোর মাঝেই।
ঈদের দুইদিন আগে লন্ডন পৌঁছাই, আমাকে রিসিভ করে আমার বন্ধু সাব্বির। ওর সঙ্গেই কাটাতে হবে পুরো ঈদের সময়। চাঁদরাতে, অর্থাৎ ঈদের আগের রাতে, সাব্বির, তার স্ত্রী জলি এবং তাদের বোন-ভগ্নীপতি সবাই মিলে গেলাম লন্ডনের বিখ্যাত গ্রিন স্ট্রিটে।
বাংলাদেশে শুনতাম লন্ডনে সিলেটিদের আধিপত্য, সেটা এবার নিজ চোখে দেখলাম। পুরো রাস্তাজুড়ে মেহেদি সাজানোর উৎসব চলছিল। বাঙালি, পাকিস্তানি আর অন্যান্য মুসলিম দেশের মেয়েরা দর্শনার্থী ও শিশুদের হাত সাজিয়ে দিচ্ছিল মেহেদি দিয়ে। কেউ কেউ প্রতি হাত সাজাতে ৫ পাউন্ড করে নিচ্ছিল, দৃশ্যটা বেশ আনন্দময় ছিল।
সেখানকার ফুড স্টল থেকে লোকাল খাবার চেখে দেখলাম এবং এক মুহূর্তের জন্যও মনে হয়নি আমি লন্ডনে আছি। আশ্চর্যজনকভাবে অনেক বিদেশিও সিলেটি বাংলায় কথা বলছিল এবং ঠিক বাংলাদেশের মতো খাবার ও সামগ্রী বিক্রি করছিল। এটা সত্যিই আনন্দদায়ক।
রাতে বেশ ঘোরাঘুরি করে পরদিন আমরা ঈদের নামাজ আদায় করি সম্পূর্ণ বাংলাদেশি আমেজে। নামাজ শেষে বাসায় ফিরে সাব্বিরের ভাই ও ভাবির হাতে রান্না করা সেমাই আর গরুর মাংস দিয়ে নাশতা করে বেরিয়ে পড়লাম লন্ডন শহর ঘুরতে। আশপাশে প্রচুর বাংলাদেশিদের সঙ্গে দেখা হলো।
লন্ডনে প্রথম গন্তব্য ছিল টাওয়ার ব্রিজ। বিশাল স্থাপনা, লন্ডনের দীর্ঘ ইতিহাসের সাক্ষী। তারপর টেমস নদীর তীরে হাঁটতে হাঁটতে ঘুরে দেখলাম বিগ বেন, হাউজ অফ পার্লামেন্ট, বাকিংহাম প্যালেস এবং ব্রিটিশ মিউজিয়াম। শহরটির ঐতিহাসিক স্থাপত্য আর রাজকীয় পরিবেশ বুঝিয়ে দেয় কেন লন্ডনকে ‘ইংল্যান্ডের ক্যাপিটাল’ বলা হয়।
ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেল লন্ডন শহরকে অনন্য করে তুলেছে। পরের দিন আমরা বার্মিংহামের উদ্দেশ্যে রওনা দিলাম, সেখানে সাব্বিরের কিছু আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা হলো। কয়েক ঘণ্টার সফরের পর বার্মিংহামে দুপুরের খাওয়া দাওয়া করে লিভারপুল চলে গেলাম।
লিভারপুলের সমুদ্র সৈকতের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। শহরটির পরিচিতি আরও বেড়েছে লিভারপুল ফুটবল ক্লাবের জন্য, কিন্তু আমি বেশি আকৃষ্ট হয়েছিলাম এর নৌবন্দর আর ঐতিহাসিক স্থাপত্যের জন্য। আলবার্ট ডকস ঘুরে দেখলাম, যেখানে পুরোনো দিনের নৌযান ও ভবনগুলোর স্থাপত্য ইতিহাসের গন্ধমাখা।
লিভারপুল থেকে ফিরে এসে জার্মানির উদ্দেশ্যে যাত্রা শুরু করার আগে লন্ডনে দেখা হয় বন্ধু তাফসির আহমেদ জাকার সঙ্গে, শেষ দিনটা লন্ডন আবারও ঘুরে দেখি। এক সপ্তাহের ছুটি শেষ করে, আবার ফিরে এলাম জার্মানিতে। কিন্তু মনটা পড়ে রইল লন্ডনের সেই চাঁদরাত আর লিভারপুলের সমুদ্রের কাছে। দীর্ঘদিন পর এমন একটি ঈদ কাটিয়ে নিজেকে যেন বাংলাদেশেই অনুভব করেছিলাম।
মো. ফয়সাল আহমেদ: শিক্ষার্থী, বিঙ্গেন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স, মাইনস, জার্মানি।
