জাকসু: প্রাণ-প্রকৃতি নিয়ে কাজ ফারিয়ার, দিচ্ছেন নারীদের নিরাপত্তার প্রতিশ্রুতি
জাকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সৈয়দা অনন্যা ফারিয়া।
“নারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে শুধু পড়াশোনা নয়, স্বাধীনভাবে স্বপ্ন দেখার অধিকারও রয়েছে। সাইবার বুলিং, মানসিক চাপ তাদের অনেককে সময় পিছিয়ে দেয়। আমি চাই, জাকসুর মাধ্যমে সেই বাধাগুলো ভাঙতে।”
কথাগুলো বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া।
আইন ও বিচার বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ফারিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত মুখ। তিনি পরিবেশভিত্তিক সংগঠন ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনসারভেশন ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক এবং ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’ সংগঠনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ক্যাম্পাসে তার সক্রিয়তার শুরু পরিবেশ আন্দোলন থেকে। জলাতঙ্কের ভ্যাকসিনেশন কর্মসূচির আয়োজন, গাছকাটা বিরোধী আন্দোলন কিংবা লেক সংস্কার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। শুধু ক্যাম্পাস নয়, সাপ সংরক্ষণেও কাজ করছেন তিনি। কখনো হল থেকে, কখনো গ্রাম থেকে সাপ উদ্ধার করে মানুষের ভীতি দূর করেছেন। দেশের নানা প্রান্তে গিয়ে মানুষকে সচেতনও করেছেন বলে দাবি করেন ফারিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের প্রথম ব্রেস্ট ফিডিং কর্নার আমি করেছি। শিক্ষার্থীদের নিরাপত্তায় হল ও বিভিন্ন ভবন থেকে সাপ রেসকিউ করার পাশাপাশি সচেতনতায় কাজ করেছি। অ্যাডমিশনের সময় ও পরে শ্রুতিলেখক ও স্বেচ্ছাসেবী হিসাবে ক্যাম্পাসের দৃষ্টি প্রতিবন্ধী ভাইবোনদের সহায়তা করেছি।”
হল ক্যান্টিন, ক্যাফেটেরিয়া ও ওয়াশরুমের মান নিশ্চিত করতে স্টাফ মনিটরিং সেল চালু, মেডিকেল সেন্টারের র্যাবিশ ভ্যাকসিন ও অ্যান্টিভেনম সরবরাহ ও ব্রেস্ট ফিডিং কর্নার চালু করতে চান তিনি।
ফারিয়া আরো বলেন, “জাহাঙ্গীরনগরের মতো উন্মুক্ত ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে ওঠা জরুরি। এজন্য সাইবার বুলিং প্রতিরোধ, নিরাপদ আবাসন ও মানসিক স্বাস্থ্য সহায়তার বিষয়ে জাকসু ভূমিকা রাখতে পারে। জাকসু যদি সফল না হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের জন্য এটি হবে এক অশনি সংকেত।”
জাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে কোনো নারী প্রার্থী না থাকলেও জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন নারী শিক্ষার্থী। জিএস পদে অপর নারী হলেন- ১৩ নম্বর হল ছাত্রদলের সভাপতি তানজিলা হোসাইন বৈশাখী।
