২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় রাস্তা থেকে সরল ট্রাক, কাদা-আবর্জনায় রইল ভোগান্তি

রোজায় যানজট নিরসনে ঢাকার তেজগাঁও ট্রাক টার্মিনাল সংলগ্ন রাস্তা থেকে সব ধরনের যানবাহন সরিয়ে ফেললেও মেরামতের অভাবে কাদা আর আবর্জনায় ভরে রয়েছে সড়কের এক পাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কাজী শাহরিন হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 10:51 PM

Updated : 12 Oct 2022, 03:53 PM

এতে পায়ে হাঁটা মানুষ অথবা রিকশা,গাড়ি কিছুই চলাচল করতে পারছে না সড়কের ওই অংশ দিয়ে।

নগরীর অন্যতম ব্যস্ত ৬০ ফুট চওড়া এ রাস্তা ধরে ফার্মগেইট ও কারওয়ানবাজার এলাকা থেকে সাতরাস্তার মোড় হয়ে তেজগাঁও,মহাখালী,বনানী হয়ে বিমানবন্দরে যাওয়া যায়। ফার্মগেইট ও কারওয়ানবাজার থেকে গুলশান,নিকেতনে যাওয়ার সহজ পথও এটাই।

এই রাস্তা ব্যবহার করে তেজগাঁও এলাকার তিনটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, জাতীয় নাক-কান-গলা ইনিস্টিটিউট ও কয়েকটি গণমাধ্যমের প্রধান কার্যালয়সহ বহু সরকারি-বেসরকারি অফিসসহ অন্যান্য কার্যালয়ে যাওয়া-আসা করেন শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

ফার্মগেইট ও তেজগাঁও এলাকায় আছে অন্তত ১০টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, যেগুলোর শিক্ষার্থীদের অধিকাংশ যাওয়া-আসা করে এই রাস্তা দিয়ে।

তবে রাস্তাটির দুপাশেই চওড়া সারি দিয়ে ট্রাক দাঁড় করিয়ে রাখায় বছরের বেশিরভাগ সময়ই ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে এখানে।

কাজের সূত্রে গত ৩৫ বছর ধরে তেজগাঁও ট্রাক টার্মিনালে আছেন ট্রাকচালক মো. হেমায়েত হোসেন। প্রতিবছরই রমজান মাসে যানজট নিরসনের প্রচেষ্টায় টার্মিনালের পক্ষ থেকেই এই রাস্তার এক পাশ থেকে ট্রাকগুলো সরিয়ে ফেলা হয় বলে জানান তিনি।

এবছরও রোজা শুরুর দুই দিন আগে থেকে রাস্তাটি খালি করে ফেলা হয়েছে। তবে সারাবছর ট্রাকের নিচে ঢাকা পড়ে থাকায় যেসব আবর্জনা জমা হয়েছে ওই অংশে তাতে বৃষ্টির পানি জমে নর্দমায় পরিণত হয়েছে এখন।

ট্রাকচালক হেমায়েত বলেন, “আমরা তো ট্রাক সরায়ে দিসি, কিন্তু এরপর এখনও সিটি করপোরেশনের ময়লার গাড়ি আসে নাই। আজকেও ডিসি অফিস থেকে লোক এসে দেখে গেছে।

“ময়লার গাড়ি আসলে আমরাও তাদের সঙ্গে ময়লা সরানোর কাজে হাত দিতাম। কতোক্ষণ আর লাগে ময়লা সরাতে?”