বাসের দখলে গুলিস্তানের রাস্তা
কাগজে কলমে ‘স্টপওভার বাস টার্মিনাল’; বাস আসবে, যাত্রী নিয়ে চলে যাবে- এটাই নিয়ম। কিন্তু ফুলবাড়িয়া ও গুলিস্তান টার্মিনাল এবং আশপাশের সড়ক যেন মগের মুল্লুক।
এসব জায়গায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে শতাধিক বাস। ফলে মতিঝিল ও রাজধানীর বিভিন্ন এলাকার সঙ্গে পুরান ঢাকার অন্যতম এই সংযোগ এলাকা সারাক্ষণই যানজটে স্থবির হয়ে থাকে।
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকায় প্রবেশের অন্যতম এ পথে প্রতিবন্ধকতা তৈরি করে এসব বাস।
গত রোববার গুলিস্তান এলাকা ঘুরে ফুলবাড়িয়া, গুলিস্তান, জিরো পয়েন্ট, গোলাপ শাহ মাজার, ওয়ারী, কাপ্তানবাজারের বিভিন্ন সড়কে কয়েকশ বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফুলবাড়িয়া থেকে বঙ্গবাজার মোড় পর্যন্তই রাখা ছিল শতাধিক বাস। ফুলবাড়িয়া টার্মিনালের একেবারে সামনে রাখা ছিল ঢাকা খুলনা রুটের টুঙ্গীপাড়া এক্সপ্রেস ও মধুমতি পরিবহন।
ফুলবাড়িয়া থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত সড়কের দুই পাশে দেখা মিলেছে টঙ্গীবাড়ির এসএস পরিবহন, দোহারের ভাগ্যকুল পরিবহন, বাড়ৈখালির বৈশাখী, নবাবগঞ্জের এন মল্লিক, মৈনটঘাট রুটের এন মল্লিক ও ডিএনকে পরিবহন এবং কার্তিকপুরগামী জয়পাড়া পরিবহন লিমিটেডের বাসের।
বঙ্গবাজার মোড়ের একপাশে পাওয়া গেছে শ্রীপুর, বরমী ও কালিয়াকৈরগামী প্রভাতী বনশ্রী পরিবহন, গাজীপুর পরিবহন ও গুলিস্তান আবদুল্লাহপুরগামী ৩ নম্বর রুটের মিনিবাসগুলোকে। অপরপাশ দখলে নিয়েছে মানিকগঞ্জের শুভযাত্রা, ধামরাইয়ের গ্রামীণ সেবা এবং ডি-লিংক পরিবহনের বাস।
সার্জেন্ট আহাদ পুলিশ বক্স থেকে পাতাল মার্কেট পর্যন্ত সড়কে ছিল নরসিংদী মেঘালয় লাক্সারি, তারাব সুপার, কোমল মিনিবাস, শ্রাবণ, বেকার মিনিবাস সার্ভিস, আশিয়ান, গ্লোরি, টঙ্গীবাড়ি রুটের কুসুমপুর, ডেমরা রুটের পায়রা, নবাবপুর রুটের অনির্বান, ঢাকা দিঘীরপাড় পরিবহনের বাস।
রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনের সড়কেও দেখা গেছে অনেকগুলো পরিবহনের বাস।
গুলিস্তান পার্কের দক্ষিণ পাশের সড়কে ঠায় দাঁড়িয়ে ছিল নারায়ণগঞ্জের আনন্দ, বন্ধন, উৎসব পরিবহন এবং বিআরটিসির নরসিংদী, মনোহরদী, ভৈরব, গৌরীপুরের বাস। কুলিয়ারচরের তিশা, চাঁদপুরের বাবুরহাট রুটের জৈনপুর পরিবহনের বাসেরও দেখা মিলেছে এখানে।
এসব বাসের অধিকাংশই এলাকা ছেড়েছে ঘণ্টাখানেক পর, ততক্ষণে নতুন বাস এসে শূন্যস্থান পূরণ করেছে।
পুরান এবং নতুন ঢাকার দুই ব্যবসাকেন্দ্র এবং কাছাকাছি অনেক মার্কেট থাকায় এই এলাকায় অসংখ্য যাত্রী পাওয়া যায়। এ কারণে মালিকরাও এখানে গাড়ি রাখতে আগ্রহী বলে জানালেন ঢাকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী।
অবশ্য তার দাবি, এ কারণে ‘যানজট হ্য় না’।
“এইখানে সব গাড়িই থাকে রানিংয়ের উপর। কাউন্টার থাইকা টোকেন নিয়ে চইলা যায়, কোনো গাড়ি দাঁড়ায় না।”
সেলিম যখন এ কথা বলছিলেন, তখনও ফুলবাড়িয়া সড়কে দাঁড়িয়ে ছিল অনেকগুলো বাস।
জুয়েল নামের এক চালক জানান, তার বাস সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এসেছে বেলা দেড়টায়। পৌনে দুইটায় মিলেছে ‘সিরিয়াল’।
সিরিয়াল পাওয়ারও আধাঘণ্টা পর সোয়া ২টার দিকে জুয়েলের বাসটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।
বনশ্রী পরিবহনের চালকের সহকারী আলমগীর জানান, প্রতিদিন এরকম কয়েক ঘণ্টা সময় অপেক্ষা করার পর এলাকা ছাড়তে পারেন তারা।
“বঙ্গবাজার মোড় ঘুইরা ফুলবাড়িয়া পর্যন্ত আইতেই তো কমপক্ষে একঘণ্টার বেশি লাগে,” বলেন তিনি।
এভাবে রাস্তা আটকে বাস রাখায় গুলিস্তান এলাকায় চলা মুশকিল হয়ে পড়ে বলে জানালেন ঠাঁটারিবাজারের বাসিন্দা এসএম নওশাদ।
সুন্দরবন স্কয়ারের সামনের বাসগুলো দেখিয়ে তিনি বলেন, “৭-৮ বছর আগেও খালি গুলিস্তান আর ফুলবাড়িয়া থেকে কিছু গাড়ি ছাড়ত। এখন এইখানে বাস রেখে পুরো রাস্তা দখল করছে। মোড়ে নিয়ে বড় বড় বাস ঘোরায়। তখন নবাবপুর রোডে অন্য গাড়ি ঢুকতে পারে না।”
সড়কের যানজট আর রাস্তা আটকে গাড়ি রাখার কারণে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নবাবপুর রোডের বৈদ্যুতিক পণ্যের ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর জানান, গাড়ির কারণে পাইকারী ব্যবসায়ীরা আসতে পারে না। মালামাল নেওয়ার জন্য যানবাহন ঢুকতে পারে না।
দাঁড় করিয়ে রাখা এসব বাসের অধিকাংশেরই ফিটনেস সার্টিফিকেট নেই বলে জানালেন এক ট্রাফিক সার্জেন্ট।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এসব বাসের বেশিরভাগেরই কাগজপত্র নেই। ‘প্রভাবশালীদের মদদে’ চলে বলে ব্যবস্থাও নেয়া যায় না।
“একশটা গাড়ি ধরলে দেখা যায় ৭০টারই কাগজপত্র নাই। কিন্তু তারা ওপরে ম্যানেজ করে চলে,” অসহায় শোনায় তার কণ্ঠ।
গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক ব্যবহার না করতে পারার দায় সিটি করপোরেশনকে দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। তাদের ভাষ্য, চাইলেই রাস্তাগুলোকে সচল করে রাজধানীর পূর্ব-পশ্চিম সংযোগকে কার্যকর করা যায়।
বুয়েটের অঞ্চল ও নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. সারোয়ার জাহান বলেন, “পৃথিবীর অনেক শহরে স্টপওভার টার্মিনাল আছে। সেখানে নিয়ম মেনে চলায় সমস্যা হয় না। আমাদের এখানে গুলিস্তান ও ফুলবাড়িয়ায় এলোপাতাড়ি বাস রাখার কারণে সড়কগুলোর গাড়ি ধারণ ক্ষমতা কমে গেছে।”
“এখানে সড়কের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। আমরা সড়কে বাস বেশিক্ষণ থাকতে দিই না। কয়েকটি পরিবহনের বাসকে তো এখন গুলিস্তানে আসতেই দেওয়া হয় না।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, গাড়ির চাপ কমাতে গুলিস্তান টার্মিনাল রাজধানীর বাইরে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা ‘আপাতত নেই’।
“সরাতে পারলে ভালো হত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সম্ভব নয়। জায়গার ব্যাপার রয়েছে। এছাড়া সমীক্ষারও দরকার আছে।”
দেশের বিভিন্ন এলাকা থেকে যাত্রীরা এসে গুলিস্তানে নামেন, তারপর চলে যান রাজধানীর বিভিন্ন অংশে। টার্মিনাল সরিয়ে নিলে তারা কীভাবে যাতায়াত করবেন- সে বিষয়গুলোও ভেবে দেখার বিষয় আছে বলে মন্তব্য করেন মেয়র।
