গ্যাস সঙ্কটের রাজধানীতে ফিরছে খড়ির চুলা
শীতের কড়ানাড়া শুরু হতে না হতেই রাজধানীর বিভিন্ন এলাকায় প্রকট হয়েছে গ্যাস সঙ্কট; কোনো কোনো এলাকার সঙ্কট এত বেশি যে গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত ঢাকাবাসীকে ছুটতে হচ্ছে বিকল্প ব্যবস্থার দিকে।
দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান সঙ্কটে কেউ কেউ তুলনামূলক ব্যয়বহুল সিলিন্ডারের এলপিজি বেছে নিতে পারলেও নিম্ন আয়ের অনেকেই রাজধানীতে ফিরিয়ে আনছেন সনাতনী মাটির চুলা।
রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের ২৬২/২ নম্বর বাড়ির বাসিন্দা মধু খাঁ; এলাকায় গ্যাসের সমস্যা নিয়ে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের প্রতিবেদককে নিয়ে যান তার বাড়িতে।
বাড়ির গেইটের কাছে রাখা একটি মাটির চুলা দেখিয়ে তিনি বলেন, দুদিন আগে মিরপুর থেকে লালমাটি কিনে এই চুলা বানিয়েছেন।
পরে মধু খাঁ নিয়ে গেলেন নিজের বাসার রান্নাঘরে। সেখানে দুই বার্নারের গ্যাসের চুলার একটি টিমটিম করে জ্বলতে দেখা গেল। চুলার ওপর অল্প গরম হওয়া এক পাতিল পানি। পাশেই রান্নার জন্য কেটে রাখা তরকারি।
এলাকার পাইপ লাইনে গ্যাস আসে না, রান্নার জন্য বানানো হয়েছে মাটির চুলা।
গ্যাসে রান্না করা যাচ্ছে না বলেই মাটির চুলার ওই বিকল্প ব্যবস্থা জানিয়ে তিনি বলেন, “এইভাবে কয়দিন চলমু কন? সিলিন্ডার দিয়া রান্না কইরা খরচ কুলানো যায় না। এই জন্য এই ব্যবস্থা।”
সরেজমিনে ঘুরে মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, পশ্চিম আগারগাঁও, মোহাম্মদপুর, আদাবর, পশ্চিম ধানমণ্ডি, তল্লাবাগ, সোবহানবাগ, পুরান ঢাকার তাঁতীবাজার, শাঁখারীবাজার, উত্তরা, দক্ষিণখান ও উত্তরখানসহ বিভিন্ন এলাকায় গ্যাস সঙ্কটের অভিযোগ পাওয়া যায়।
এসব এলাকায় কোথাও কোথাও সারাদিন চুলায় গ্যাস থাকে না। কোথাও সামান্য গ্যাস পাওয়া গেলেও তা দিয়ে রান্নাবান্না করা যায় না।
গ্যাস না থাকায় বাসায় রান্না হয় না, তাই বাইরে থেকে প্রায়ই খাবার কিনে আনতে হয় বলে জানালেন পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা কুলসুম আক্তার সিমি।
“মাঝরাতে ভাত-তরকারি রান্না করে রেখেছিলাম। সকালে ভাত শেষ হলেও আর রান্না করতে পারিনি। দুপুরে হোটেল থেকে ভাত কিনে এনে খেয়েছি।”
মিরপুরের জনতা হাউজিংয়ে আগে গ্যাসের সমস্যা না থাকলেও গত পনের দিনে সঙ্কট চরমে পৌঁছেছে বলে জানান গৃহিনী জান্নাতুল ফেরদৌসী।
গ্যাসের চুলা জ্বলছে কোনোমতে, এ দিয়ে পানিও গরম হয় না।
জনতা হাউজিংয়ের পাশেই একটি মেসে থাকেন শাহ আলমসহ ১০ জন রিকশাচালক। গ্যাস না থাকায় বিপদে পড়তে হয়েছে তাদেরও।
“আইজ প্রায় ১৫ দিন ধইরা গ্যাস থাহে না। মনে করেন, ভোর ৫টার আগেই গ্যাস যায়গা। আবার আহে সন্ধ্যা ৭টায়। খাওন-দাওনের লাইগ্যা আমরা প্রত্যেকদিন ৩/৪ কেজি কইরা লাড়কি (লাকড়ি) কিনি। আমাগো রান্নার খরচ বাইড়া গেছে। না খাইয়া তো থাহন যাইব না।”
ওই মেসেই রান্না করছিলেন শাহিদা খাতুন। তিনি বলেন, “সব সময় গ্যাসে রান্ধি। কিন্তুক এই কয়দিন লাকড়ির চুলায় রান্না করি। ধুয়ায় চউখ জ্বলে।”
গ্যাস না থাকায় রান্নাবান্না প্রায় বন্ধ বলে জানান আরেক গৃহিনী সুলতানা বেগম। তিনি বলেন, ভোরে ভাত রান্না করতে করতেই গ্যাস চলে গেছে। তরকারি রান্না না হওয়ায় দুপুর পর্যন্ত সন্তানদের খাওয়াতে পারেননি।
“হেই ভোর বেলায় কয়ডা ভাত রানছি। কিন্তু এহনও কোনো তরকারি রানতে পারি নাই। পোলাপানরা এখনও না খাওয়া। রাইত ১২ডার পরে গ্যাস আহে। তহন কি ঘুমামু নাকি রান্না করমু?”
বাসার লাইনে গ্যাস আসে না, তাই গ্যাসের সিলিন্ডার বাসায় নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি।
তিনি বলেন, “গ্যাসের চাপ অনেক কম। চায়ের পানিও ফোটে না, আজ মাছ রান্না করেছি দুই ঘণ্টা ধরে। রান্না করতে ফজরের নামাজ পড়ে রান্নাঘরে ঢুকতে হয়।”
প্রায় ১৫ দিন ধরে অবস্থা বেশি খারাপ হয়েছে জানিয়ে এই গৃহিনী বলেন, রান্না করতে না পেরে স্কুলপড়ুয়া ছেলেকেও দুপুরে ঠিকমত খাবার দিতে পারছেন না।
“সকাল ৮টার পরে আর গ্যাস থাকে না, আসে দুপুর আড়াইটার দিকে। ঘণ্টা দুয়েক থাকার পর আবার চলে যায়, আসে রাত সাড়ে ৮টার দিকে। গত প্রায় ১৫ দিন অবস্থা বেশি খারাপ।
“ছেলে স্কুল থেকে ফেরে ২টার দিকে, ৩টায় কোচিংয়ে চলে যায়। এ সময় গ্যাস থাকে না বলে পাউরুটি বা অন্য কিছু খাওয়াতে হয়। বাসায় যদি অতিথি আসে তাহলে লাকড়ির চুলায় রান্না করতে হয়। বাসার নিচে একটা মাটির চুলা বানিয়ে নিয়েছি।”
পশ্চিম ধানমণ্ডি এলাকায় আগেও গ্যাস সরবরাহে কিছুটা সমস্যা ছিল। সম্প্রতি তা চরম আকার ধারণ করেছে বলে জানান ওই এলাকার বাসিন্দা আরিফ মাহমুদ।
“গ্যাসের চাপ এত কম যে তা দিয়ে বাচ্চাদের জন্য এক গ্লাস পানিও গরম করা যায় না। কোনো উপায় না দেখে আমি একটা ইনডাকশন কুকার কিনেছি। গ্যাস নিয়ে এ যন্ত্রণা সহ্য করার মত না।”
তিতাসের পরিচালক (অপারেশনস) এইচ এম আলী আশরাফ বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, রাজধানীতে দৈনিক গ্যাসের চাহিদা ৩৫০ মিলিয়ন ঘনফুট; কিন্তু সরবরাহ আছে ৩০০ মিলিয়ন ঘনফুটেরও কম।
“তাপমাত্রা কম থাকায় পানি গরম করেন অনেকে। শীতে গ্যাসের চাহিদা তাই বেশি থাকে। এছাড়া সার কারখানাগুলো সব চালু হয়েছে। সবগুলো বিদ্যুৎকেন্দ্রও চালু। সেখানেও প্রচুর গ্যাস দিতে হচ্ছে। এজন্য রাজধানীতে গ্যাসের সরবরাহে ঘাটতি পড়েছে।”
গ্যাসের এই সঙ্কট কবে কাটবে বা আদৌ কাটবে কি না- তা জানাতে পারেননি তিতাসের এই কর্মকর্তা।
