২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোংরা-অপরিচ্ছন্ন পার্কে মাদকসেবীদের সঙ্গে ছাগল-ভেড়া

বসার বেঞ্চিতে শুয়ে থাকেন মাদকসেবীরা, হাঁটার রাস্তায় চলে ক্রিকেট খেলা, বাকী অংশে ছাগল-ভেড়া চরানো হয়, চলে ক্যারম খেলা; এর ফাঁকে ফাঁকে রয়েছে অস্থায়ী বসতি, দোকান- এ পরিস্থিতিতে থাকা রাজধানীর গুলিস্তান পার্কে সময় কাটাতে যাওয়াই এক বিড়ম্বনা।

কাজী নাফিয়া রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 05:37 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

নানা সমস্যায় জর্জরিত এ পার্কের ব্যবস্থাপনা নিয়ে নিজেরাও সন্তুষ্ট নন বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেছেন।

গত রবি ও সোমবার পার্কটি ঘুরে দেখা যায়,  দুই পাশের ফুটপাত দখল করে অস্থায়ী দোকান ও বাসের টিকিট কাউন্টার বসানো হয়েছে। দোকান বসানো হয়েছে পার্কের একমাত্র ফটকেও।

প্রবেশপথের রাস্তাসহ ভিতরে বিভিন্ন রাস্তায় কয়েকটি গাড়ি রাখতে দেখা যায়। পার্কের ভিতরে চারদিকে দেয়াল ঘেঁষা হাঁটার রাস্তাটি ময়লা, আবর্জনা আর প্রসাবের দুর্গন্ধে ভরা। ভিতরের রাস্তাগুলোয় অন্তত ৫-৬টি জায়গায় প্রতিদিনই চলে ক্রিকেট খেলা। এর বাইরে পার্কের এক কোণা দখল করে চলছে ক্যারম খেলা। ৪-৫টি বোর্ড বসিয়ে দিনভরই চলে এ খেলা।

Image
পার্কের ভিতরে পলিথিন দিয়ে অস্থায়ী বসতি বানিয়ে চলছে বসবাস।

পার্কের ভিতরে পলিথিন দিয়ে অস্থায়ী বসতি বানিয়ে চলছে বসবাস।

Image
পার্কের ভিতরেই গোসল, কাপড় ধোঁওয়ার আয়োজন।

পার্কের ভিতরেই গোসল, কাপড় ধোঁওয়ার আয়োজন।

পার্কের ভিতরে পলিথিন দিয়ে অস্থায়ী বসতি বানিয়ে বসবাস করছে কমপক্ষে ২০টি পরিবার। রান্না, গোসল, মূত্রত্যাগ- তাদের প্রত্যাহিক সব কাজই চলে পার্কে। এসব পরিবারের অনেকে পার্কে বসেই প্রকাশ্যে মাদক কেনা-বেচা করেন। ভিতরেই চলে মাদক সেবন; পরে পার্কের অধিকাংশ বেঞ্চিতে শুয়ে থাকেন তারা। কয়েকজনকে আবার রাস্তায়ও শুয়ে থাকতে দেখা যায়।

পার্কে বসবাস ও মাদক বিক্রির বিষয়ে জানতে চাইলে নিজেকে গোলাপ শাহ মাজারের ‘ভক্ত’ দাবি করে ঈসমাইল ব্যাপারী নামে এক বিক্রেতা বলেন, “থাকার জায়গা নাই তাই থাকি, থাকতে তো হবে। যতদিন যেখানে থাকা যায়।

“মাদক তো সবাই নেয়- বড়লোকেও নেয়, গরীবেও নেয়। আমি না বেঁচলেও তো এটা থামবে না।”

এদিকে পরিচ্ছন্নতার অভাবে পার্কের বিভিন্ন জায়গায় আগাছা বড় হয়ে অনেকটা জঙ্গলে রূপ নিয়েছে। সেখানে নিয়মিত ছাগল-ভেড়া নিয়ে যান পশু ব্যবসায়ীরা। প্রতিদিন সকালেই ৭-৮জন ব্যবসায়ী শতাধিক ছাগল-ভেড়া পার্কে নিয়ে আসেন। বিকাল পর্যন্ত পার্কেই থাকে সেগুলো।

এ বিষয়ে ছাগল ব্যবসায়ী রতন পাল বলেন, “ঢাকার বাইরে থেকে ছাগল আসে। প্রতিদিন তো আর বিক্রি করতে পারি না। দেখা যায় কিছু থেকে যায়। তাই এখানে নিয়ে আসি ঘাস খাওয়াতে।”

Image
পার্কের বেঞ্চিতে শুয়ে আছেন একজন

পার্কের বেঞ্চিতে শুয়ে আছেন একজন

Image
পার্কের ফটকজুড়ে অস্থায়ী দোকান

পার্কের ফটকজুড়ে অস্থায়ী দোকান

পার্কের মূল আকর্ষণ কাজী বশির মিলনায়তন ও মহানগর নাট্যমঞ্চের মূল প্রবেশদ্বারের সিঁড়িতেও কয়েকজন মাদকসেবীকে ঘুমিয়ে থাকতে  দেখা যায়। মিলনায়তনের আরেকটি প্রবেশদ্বারের সামনে চুলা বসিয়ে রান্না করতে দেখা যায় দুটি পরিবারকে। এ মিলনায়তনের চারপাশে যেমন ব্যাপক ময়লা-আবর্জনার স্তূপ রয়েছে তেমনি এর সামনেও অস্থায়ী দোকান রয়েছে।

এদিকে পার্কের ভিতরেই রয়েছে একাধিক দোকান। ভাতের দোকান, আখের দোকান, লেবুর শরবতের দোকানের বর্জ্য পার্কেই ফেলে রাখা হয়।

পার্কের পুকুর ও সুইমিংপুলেও ময়লার ছড়াছড়ি দেখা গেছে।

Image
পাশের রেলিং কেটে চলাচল

পাশের রেলিং কেটে চলাচল

Image
চারপাশের দেওয়াল ঘেঁষে হাঁটার রাস্তায় আবর্জনার স্তূপ

চারপাশের দেওয়াল ঘেঁষে হাঁটার রাস্তায় আবর্জনার স্তূপ

Image
ব্যবসায়ীরা পার্কে নিয়ে আসেন ছাগল-ভেড়া

ব্যবসায়ীরা পার্কে নিয়ে আসেন ছাগল-ভেড়া

পার্কের এ পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাট্যমঞ্চের খুব খারাপ অবস্থা ছিল, আমাদের আর্থিক দৈন্য দশা থাকা স্বত্ত্বেও অনেক পয়সা খরচ করে আমরা এর সংস্কার করেছিলাম।

“কিন্তু সমস্যা হল এখানে যে উদ্দেশ্যে এটা করা হয়েছিল সেগুলো হচ্ছে না। এখানে নাটক-থিয়েটার হওয়ার জন্য হয়েছিল, কিন্তু কোনো পার্টি (নাটকের দল) এসে কাজ করে না।

“এখানে যেহেতু এরা আসে না, আর গুলিস্তান অঞ্চলটা তো জানেনই, এখানে বহু উৎপাত আছে।”

পার্কের বেহাল দশা নিয়ে তিনি বলেন, “ক্যারম খেলাটা আমি উঠিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে শৃংখলা রক্ষায় যে সংখ্যক লোক রাখা দরকার তা আমাদের নাই।”

পার্কটি দেখভালের দায়িত্বরতদের কাউকে দুই দিনে সেখানে দেখা যায়নি জানালে তিনি বলেন, “বিষয়টি দেখতে হবে।

“মোটকথা এ জায়গার ব্যবস্থাপনা নিয়ে আমি নিজেও সন্তুষ্ট না। চিন্তা করছি, দেখা যাক কতটুকু করতে পারি।”