০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু

দেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৪৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 05:06 PM

Updated : 08 Oct 2026, 05:06 PM

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৩৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হাম আক্রান্ত রোগী ও মৃত্যুর হিসাব রাখছে। সে হিসাবে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৪৪ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১০৪০ জন মারা গেছে। নিশ্চিতভাবে হাম আক্রান্ত মৃত্যুর সংখ্যা ১০৪।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, খুলনা ও ঢাকায় একজন করে মারা গেছে।

সরকারি হিসাবে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন।

হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৭১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৮২ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৯১, ময়মনসিংহে ৮০, বরিশালে ৬১, খুলনায় ৪৬ ও রংপুর বিভাগে ১৬ জন মারা গেছে।