২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: নতুন বছরের দ্বিতীয় দিনে এল মৃত্যুর খবর

বিদায়ী বছরে রেকর্ড ১৭০৫ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু: নতুন বছরের দ্বিতীয় দিনে এল মৃত্যুর খবর

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 08:29 PM

Updated : 19 Feb 2024, 07:41 PM

ডেঙ্গুতে খ্রিষ্টীয় বছরের প্রথম দিন মৃত্যুশূন্য গেলেও পরদিনই একজনের প্রাণহানির খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

এ সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরে ভর্তি হয়েছে ১৩ জন, ঢাকার বাইরে এ সংখ্যা ৪৭।  

সবমিলিয়ে এ বছরের প্রথম দুদিনে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫।

মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৬৫৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ২৬২ জন ঢাকায় এবং ৩৯৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

বিদায়ী বছরে এইডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়েছে। এতো মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছরই দেখেনি বাংলাদেশ।

এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়, সে বছর ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।