ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তিতে রেকর্ড
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯৫ জনের মৃত্যু হল।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৮৭২ জনের হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের এখন পর্যন্ত এক দিনের হিসাবে সর্বোচ্চ।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯৫ জনের মৃত্যু হল। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৬৫ হাজার ৪৯৯ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, এইডিস মশাবাহিত এ রোগে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৫৯ জন ভর্তি হন। ঢাকা দক্ষিণ সিটি এলাকার হাসপাতালে ভর্তি হন ১৯১ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩৯১ জন।
বিভাগের মধ্যে বরিশালে ১৯০ জন, চট্টগ্রামে ২৮৫ জন, খুলনায় ৩১৬ জন, ময়মনসিংহে ১০৫, রাজশাহীতে ১৬২, রংপুরে ৬৭ এবং সিলেটে ছয়জন ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
