২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৩৪ রোগী

নতুন রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 09:05 PM

Updated : 09 Oct 2022, 09:05 PM

চলতি বছরের রেকর্ড রোগী শনাক্তের পরদিন দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমে অর্ধেক হয়েছে।

রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩৪ জন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার খবর দিয়েছে স্বাস্থ অধিদপ্তর। একই সময়ে এইডিস মশাবাহিত এ রোগে একজনের মৃত্যু হয়েছে।

তার আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৭১২ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ বছরের রেকর্ড। শনিবার তিনজনের মৃত্যুর খবর এসেছিল। 

নতুন রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন, আর ঢাকার বাইরে বাকি ৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২ হাজার ৩৪৮ জন। তাদের মধ্যে ঢাকায় ১৭৬৫ জন এবং ঢাকার বাইরে ৫৮৩ জন চিকিৎসা নিচ্ছেন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২০ হাজার ৫৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ১৫৩ জন।

চলতি বছর এইডিস মশাবাহিত এই রোগ ৬৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ৮ দিনে মৃত্যু হয়েছে ১৩ জনের।

সেপ্টেম্বরের ৩০ দিনে মোট ৩৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়, যা এ বছর এক মাসের সর্বোচ্চ। এছাড়া অগাস্টে ১১ জন, জুলাইয়ে ৯ জন এবং জুন মাসে একজনের মৃত্যু হয়েছিল।

সেপ্টেম্বরেই এ বছরের সর্বোচ্চ ৯ হাজার ৯১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, অগাস্টে ভর্তি হয়েছিলেন ৩ হাজার ৫২১ জন। সেপ্টেম্বরের ৮ দিনেই রোগীর সংখ্যা অগাস্টের পুরো মাসের হিসাব ছাড়িয়ে গেছে। 

এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন। সরকারি হিসাবে সেবার মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।

মাঝে এক বছর ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও ২০২১ সালে ফের ৫৮ জেলায় ডেঙ্গু ছড়ায়। তাতে ২৮ হাজার ৪২৯ জন এ রোগ নিয়ে হাসপাতালে যায়, মৃত্যু হয় ১০৫ জনের।

ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হন, কেবল তাদেরই তথ্য আসে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। আক্রান্ত হয়েছেন কিন্তু হাসপাতালে ভর্তি হননি, এমন ব্যক্তিরা সরকারের হিসাবের বাইরেই থেকে যান।