২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: একদিনে ৮ মৃত্যু, ভর্তি ১১০০ রোগী

এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৪ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2024, 08:05 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে; এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৪ জন।

বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বছরে মৃত্যুর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে ১৭০৫ জন এবং ২০২২ সালে ২৮১ জনের প্রাণ নিয়েছিল ডেঙ্গু। 

গত একদিনে আরো ১১০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুইজন, ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগের হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪১৯ জন, ঢাকা বিভাগে ১৬৭ জন, ময়মনসিংহে ৩২ জন, চট্টগ্রামে ১৪৮ জন, খুলনায় ১৪৩ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে ১২১ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৩ হাজার ২৮ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৭৮৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৭৯৭ জন; আর ১৯৯১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। 

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৬ হাজার ৯৯৫ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫৫ জন।

গত সেপ্টেম্বর মাসে ১৮ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৮০ জনের। আক্রান্ত ও মৃত্যুর দুটি সংখ্যাই এ বছরের সর্বোচ্চ।

অক্টোবরের প্রথম ১৭ দিনে ১৬ হাজার ১১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৭১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।