Published : 12 May 2026, 02:44 PM
বিশ্ব থ্যালাসেমিয়া সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে নাটোরের আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং মেডিসিন সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার হাসপাতালটির আয়াজনে ও বিকনের সহযোগিতায় এ ক্যাম্পেইন হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে আলোচক ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটলজি বিভাগের সহকারী অধ্যাপক এবং রক্তরোগ, ব্লাড ক্যান্সার ও থ্যালাসেমিয়া বিশষজ্ঞ রোমেনা আলম।
তিনি বলেন, “থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতার রোগ। যখন শরীর পর্যাপ্ত বা স্বাভাবিক হিমাগ্লোবিন তৈরি করতে পারে না, ফলে রোগীরা দীর্ঘমেয়াদী রক্তস্বল্পতায় ভোগেন এবং বেঁচে থাকার জন্য নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়াজন হয়।
“থ্যালাসেমিয়া কোনো সংক্রামক রোগ নয়, বরং জেনেটিকভাবে মা-বাবা থেকে সন্তানের মধ্যে ছড়ায়। তাই এটি সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। বিয়ের আগে রক্ত পরীক্ষা করলে ঝুঁকি কমানো সম্ভব এবং কিছু দেশ এই পদ্ধতিতে সফলভাবে রোগটি নিয়ন্ত্রণ করছে।”
চিকিৎসার চেয়ে সচেতনতার মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা বেশি সহজ মন্তব্য করে রোমেনা আলম বলেন, “বাহককে জানতে হবে যে, তিনি থ্যালাসেমিয়ার বাহক। তিনি এমন একজনকে বিয়ে করবেন, যিনি বাহক নন। তাহলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার কোনো ভয় থাকবে না।
“এজন্য বিয়ের আগে দুজনকেই একটি রক্ত পরীক্ষা করতে হবে। সময়মতো পরীক্ষা ও পরামর্শ নিলে সুস্থ প্রজন্ম নিশ্চিত করা যায়।”
থ্যালাসেমিয়া সচেতনতা ক্যাম্পেইনে ৩০ রোগীকে বিনামূল্যে কাউন্সেলিং, সর্বোচ্চ ছাড়ে বিভিন্ন পরীক্ষা ও ওষুধ দেয় আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল।