সেপ্টেম্বরের ৩ দিনে ডেঙ্গুতে ১৪ মৃত্যু, হাসপাতালে ৩৫৮৬
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় দুজন এবং চট্টগ্রাম এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু ও এক হাজার ২৫২ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের হিসাবে, চলতি সেপ্টেম্বরের প্রথম তিন দিনে এইডিস মশাবাহিত এ রোগে দেশে ১৪ জনের মৃত্যু হলো; আর হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৮৬ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় দুজন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৫২ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১০১ জন। ১৩৫ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৭ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৯ জন, চট্টগ্রামে ১৯৪ জন, খুলনায় ২৪৭ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ১০৯, রংপুরে ২৭ এবং সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩৯ হাজার ৫৩২ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ৩৬ হাজার ৩৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো। চলতি বছর এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
