২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে ফের ৬ মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি

এর আগে গত ১৮ সেপ্টেম্বরও ৬ জন মারা গিয়েছিল।

ডেঙ্গুতে ফের ৬ মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 07:58 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

দেশে এইডিসবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৬ জন রোগী, এ বছর একদিনে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যাটি সর্বোচ্চ।

এর আগে গত বৃহস্পতিবার ৮৮৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। যা ছিল একদিনে সর্বোচ্চ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৬ জনের। 

এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর এই সংখ্যাটিও এ বছরের সর্বোচ্চ। এর আগে গত ১৮ সেপ্টেম্বরও ৬ জন মারা গিয়েছিল।

এ নিয়ে বাংলাদেশে এ বছর এইডিসবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪ জনে। মৃতের সংখ্যা ১৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩২৬ জন, ঢাকা বিভাগে ১৮৬ জন, চট্টগ্রামে ১৫১ জন, বরিশালে ৬৫ জন, খুলনায় ১০১ জন, ময়মনসিংহে ১৮ জন রাজশাহী বিভাগে ৪৬ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন রোগী ভর্তি হয়েছে। গত একদিনে সিলেট বিভাগে কোনো রোগী ভর্তি হয়নি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০ হাজার ৭১৯ জন ভর্তি হয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। 

এছাড়া ঢাকা বিভাগে ২৫৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫০৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৬২৮ জন,খুলনা বিভাগে ১৮০৪ জন, রাজশাহী বিভাগে ৩৬১ জন,রংপুর বিভাগে ২১১ জন, বরিশাল  বিভাগে ২২২৯ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২৮২২ জন রোগী।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগের হাসপাতালে, ৯৪ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ৫ জন এবং বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। 

রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

বাংলাদেশে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে বছরের আগের যেকোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। এ সময় মৃত্যুও হয়েছে বেশি। 

২২ সেপ্টেম্বর পর্যন্ত ১১ হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৪৮ জনের।

এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। 

এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ জনের।

জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।