২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যের মহামারীকালের কেনাকাটা দুদকের মাধ্যমে তদন্তের সুপারিশ

সংসদীয় কমিটির সদস্য আব্দুস শহীদ বলেন, অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

স্বাস্থ্যের মহামারীকালের কেনাকাটা দুদকের মাধ্যমে তদন্তের সুপারিশ

মহামারীকালে মাস্ক কেনায় অনিয়ম নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 12:11 AM

Updated : 05 Sep 2022, 12:14 PM

করোনাভাইরাস মহামারীর সময়ে কম্বল সরবরাহের অভিজ্ঞতা আছে এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের দায়িত্ব। গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয় ফ্রন্টলাইনারদের এসব জীবন রক্ষা সামগ্রী সরবরাহের কাজ।

অভিজ্ঞতাহীন প্রতিষ্ঠান মাস্ক, পিপিই ও গ্লাভসসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সময়মতো সরবরাহ করতে হয়েছে ব্যর্থ। তাই এসব কেনাকাটা দুদকের মাধ্যমে তদন্তের সুপারিশ করেছে সংসদীয় একটি কমিটি।

গত ২০১৯-২০ অর্থ বছরে ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারডনেস’ প্রকল্পের আওতায় মাস্ক, পিপিই, ইনফ্রারেড থার্মোমিটার ও গ্লাভস কেনাকাটায় অনিয়মে প্রায় দুইশ কোটি টাকার অডিট আপত্তি এসেছে।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব কমিটির বৈঠকে এসব অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে অযোগ্য ও অনভিজ্ঞ সরবরাহকারীকে কাজ দেওয়ার বিষয়টি তদন্ত করার নির্দেশনা দিয়েছে কমিটি।

কমিটি বলেছে, সরবরাহকারীরা অনুপযোগী এবং পরিমাণে কম কেএন-৯৫ মাস্ক সরবরাহ করায় আর্থিক ক্ষতির বিষয়ে দুদকের মাধ্যমে তদন্ত করা দরকার।

এছাড়া অযোগ্য ও অনভিজ্ঞ সরবরাহকারীর সঙ্গে চুক্তি করে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), মাস্ক ও হ্যান্ডগ্লাভস কেনার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং হিসাব মহা নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দপ্তরের পরিচালকের সমন্বয়ে কমিটি গঠন করে তদন্তের সুপারিশ করা হয়েছে।

কমিটির সদস্য আব্দুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অযোগ্য প্রতিষ্ঠানকে সরবরাহের আদেশ দেওয়ার বিষয়টি নিয়ে আমরা বৈঠকে প্রশ্ন তুলেছি।”

পুরনো খবর:

মাস্ককাণ্ড ‘ভুল করে’, দায়মুক্তি চায় জেএমআই
মাস্ক কাণ্ডের প্রতিবেদন ১২ দিনেও ‘দেখেননি’ মন্ত্রী
গণমাধ্যমে সমালোচনা দেখে স্বাস্থ্যের ডিজির ক্ষোভ

কমিটি বৈঠকের নথি থেকে জানা গেছে, গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স জাদিদ অটোমোবাইলস (জেএআই) এবং রপ্তানিমুখী তৈরি পোশাক প্রতিষ্ঠান এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেড মহামারীর সময় বেশ কয়েকটি প্যাকেজে মাস্ক, পিপিই, ইনফ্রারেড থার্মোমিটার ও গ্লাভস সরবরাহের কার্যাদেশ পেয়েছিল।

জাদিদ অটোমোবাইল একটি প্যাকেজের আওতায় দেড় লাখ কেএন-৯৫ মাস্ক সরবরাহ করলেও তার মধ্যে ২৪ হাজার ছিল ভেজা এবং সেগুলো গুণগত মানসম্মত ছিল না।

প্রতিটি মাস্কের দাম ৫২০ টাকা হিসাবে এতে সরকারের ১ কোটি ২৪ লাখ ৮০ হাজার ২৪ হাজার টাকা আর্থিক ক্ষতি হয় বলে অডিট আপত্তি আসে। এর ফলে সিএজি কার্যালয় থেকে ভেজা মাস্ক কেনার সঙ্গে সম্পৃক্ত কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ দায়ীদের থেকে অর্থ আদায় করতে বলা হয়।

এসআরএস ডিজাইন অ্যন্ড ফ্যাশনসহ অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে পিপিই, কেএন-৯৫ মাস্ক ও ইনফ্রারেড থার্মোমিটার সরবরাহের ৩২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ৫০০ টাকার চুক্তি হয়।

তবে যেসব প্রতিষ্ঠানের অনুকূলে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে প্রাপক প্রতিষ্ঠানের প্রাপ্তিস্বীকারের প্রমাণ পাওয়া যায়নি বলে অডিট আপত্তি আসে। এক্ষেত্রে বিতরণকারীর বিরুদ্ধে ব্যবস্থা এবং সরবরাহকারীর থেকে অর্থ আদায়ের সুপারিশ আসে সিএজি অফিস থেকে।

গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী জাদিদ অটোমোবাইলস (জেএআই) ও তৈরি পোশাক রপ্তানিকারী এসআরএস ডিজাইন অ্যন্ড ফ্যাশন একাধিক প্যাকেজে ৫৯ কোটি ৪০ লাখ টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর সরবরাহের কার্যাদেশ পায়। দুটি প্রতিষ্ঠানটি তাদের অভিজ্ঞতা হিসেবে কম্বল সরবরাহের সনদ দাখিল করে। এ প্যাকেজগুলোর পণ্য তারা নির্ধারিত সমরে মধ্যে সরবরাহ করতে পারেনি।

এ ক্ষেত্রে অডিট কর্মকর্তারা অনিয়ম হিসেবে উল্লেখ করেছেন, প্রকল্প কর্তৃপক্ষ যোগ্যতা যাচাই না করে কার্যাদেশ দিয়েছিল।

এছাড়া অডিট আপত্তিতে বলা হয়, ৪৭ কোটি ২৬ লাখ ৪৪ হাজার টাকার চিকিৎসা সহায়ক সামগ্রী প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত করে অব্যবহৃত অবস্থায় ফেলা রাখা হয়। একই প্রকৃতির চিকিৎসা সামগ্রী একই সময়ে ভিন্ন ভিন্ন দরে ক্রয় করায় সরকারের ক্ষতি হয় ১৭ কোটি ১০ লাখ টাকা। সরবরাহকারীর কাছ থেকে ভ্যাট এবং আয়কর না কাটা ও কম কাটায় সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে এক কোটি ১৩ লাখ ৫০ হাজার ২৫৭ টাকা। ভ্যাট ও আয়করের টাকা নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা না করায় দণ্ড সুদসহ সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৬৪ হাজার টাকা।

বৈঠকে এসব নিয়ে প্রশ্ন তুলেছেন জানিয়ে কমিটির সদস্য শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ির পার্টস সরবরাহকারী প্রতিষ্ঠান কম্বল সরবরাহের অভিজ্ঞতা দিয়ে জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহের দায়িত্ব দেওয়াটা কতটা যৌক্তিক ছিলে, সেটা জানতে চেয়েছি। তবে তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছে। বলেছে, ওই ক্রাইসিসের সময় জরুরি ভিত্তিতে এগুলো সংগ্রহ করতে হয়েছে। সবকিছু যাচাই-বাছাইয়ের সুযোগ সেইভাবে ছিলো না। অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠানও সেভাবে পাওয়া যায়নি।”

“এসব অনিয়ম ও ব্যত্যয়ের ঘটনার জবার দেওয়ার জন্য আমরা দায়িত্বশীল ব্যক্তিদের পাই না। যেসব মন্ত্রণালয় বা বিভাগের বিষয়টি আলোচনা হয় তাদের সচিবরা অনুপস্থিত থাকে। এটা মোটেও ঠিক নয়।”

কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, শহীদুজ্জামান সরকার, মনজুর হোসেন এবং আহসানুল ইসলাম (টিটু) বৈঠকে অংশ নেন।