ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৬২ রোগী
সব মিলিয়ে এ বছরের প্রথম আট দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪০ জন।
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; মশাবাহিত এ রোগে আর কারও মৃত্যু হয়নি এই সময়ে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ২৫ জন ঢাকার, আর ৩৭ ঢাকার বাইরের।
সব মিলিয়ে এ বছরের প্রথম আট দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪০ জন। তাদের মধ্যে ঢাকায় ১৬৬ জন এবং বাকি ২৭৪ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন।
নতুন বছরের প্রথম আট দিনে ৩ জনের প্রাণ কেড়েছে এইডিস মশাবাহিত রোগটি।
সোমবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৩৬২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১৯১ জন ঢাকায় এবং ১৭১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায় ২০১৯ সালে; সে বছর ভর্তি হতে হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জনকে।
তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
